সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক স্মরণে ৭ অক্টোবর ফেনীতে ‘শোক ও পঙ্ক্তিমালা’ শিরোনামে স্মরণসভা ও আবৃত্তিসন্ধ্যার আয়োজন করা হয়। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত ফেনীর পাঁচটি আবৃত্তি সংগঠনের আবৃত্তিশিল্পীরা প্রয়াত কবির লেখা থেকে আবৃত্তি করেন।
ফেনী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য রাশেদ মাযহারের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী এখলাস উদ্দিন খন্দকার ও কাজী নুশরাত জেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সাংস্কৃতিবিষয়ক কর্মকর্তা এস এম টি কামরান হাসান, আলাপন আবৃত্তি চর্চাকেন্দ্রের সভাপতি মনজুর তাজিম, স্টার লাইন গ্রুপের পরিচালক মো. মাইন উদ্দিন প্রমুখ।
আসরে কবিতা আবৃত্তি করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, সাংস্কৃতিবিষয়ক কর্মকর্তা এস এম টি কামরান হাসান, মনজুর তাজিম, রাশেদ মাযহার, এম এফ রহমান, এ আর কাকলি, সৈয়দ আশরাফুল হক, আনিকা তাসমিন ও রহমত উল্লাহ। শেষে কবির ‘আমার পরিচয়’ কবিতাটির সমবেত কণ্ঠে আবৃত্তি করেন আবৃত্তি সংসদ ফেনীর শিল্পীরা।