হটলাইনে কল এলেই আর বসে থাকার জো নেই। রোগীর ঠিকানায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যান খন্দকার আবিদা সুলতানা (১৯)। রিয়া নামেই বেশি পরিচিত যিনি। ‘সংযোগ সৈয়দপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য তিনি। করোনার ভয়কে জয় করে কাজ চালিয়ে যাচ্ছেন নীলফামারীর সৈয়দপুরে।
সংযোগ সৈয়দপুরের সদস্যসচিব নওশাদ আনসারী বলেন, ‘খন্দকার আবিদা সুলতানা আমাদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমরা তাঁর নাম দিয়েছি অক্সিজেন কন্যা।’
সংযোগ সৈয়দপুর ও শিল্প পরিবার ইকু গ্রুপ যৌথভাবে নীলফামারীর সৈয়দপুরে ‘অক্সিজেন ব্যাংক’ গড়ে তুলেছে। সংগঠনটির সঙ্গে ৫০ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। উদ্দেশ্য, করোনাভাইরাসে আক্রান্ত শ্বাসকষ্টে ভোগা রোগীদের বিনা মূল্যে দ্রুত অক্সিজেন সেবা দেওয়া। গত ১৯ জুলাই সংযোগ সৈয়দপুর অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করে এ অঞ্চলে। রিয়া তখন থেকেই কাজ করে চলেছেন।
সংযোগ সৈয়দপুর ছাড়াও প্রথম আলো সৈয়দপুর বন্ধুসভার মতো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রিয়া। বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় থাকা এই স্বেচ্ছাসেবী বলেন, ‘মানবতার কাজে আমি একজন সাধারণ কর্মী। “অক্সিজেন কন্যা” বলে বন্ধুরাসহ পরিচিতজনেরা আমাকে উৎসাহ জোগায়। তাদের উৎসাহ আমাকে কাজ করতে অনুপ্রাণিত করে।’