সো কুল সেতাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলাম
ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলাম

বস্তা ভর্তি করে টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছিলেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলাম। সেটা নিয়ে একচোখা নিন্দুকেরা সমালোচনা করেই যাচ্ছে। কিন্তু সেতাফুল ইসলামের চোখ দিয়ে কেউই ব্যাপারটা দেখছেন না। তাঁর চোখে দেখলে বিষয়টা কেমন দেখাত? জাতীয় স্বার্থে সেটাই জানাচ্ছেন আবদুল্লাহ মামুর ও সত্যজিৎ বিশ্বাস

১.

টাকাপয়সা হাতে পড়লে মানুষজন নষ্ট হয়ে যায়। এ জন্য অভিভাবকেরা সন্তানের হাতে বেশি টাকাপয়সা দেন না। সেতাফুল ইসলাম সরকারি কর্মকর্তা; সে হিসেবে তিনি জনগণের অভিভাবক। আর জনগণের অভিভাবক হিসেবে হুট করে এতগুলো টাকা তিনি মানুষের হাতে তুলে দেন কী করে? তাই তিনি টাকাগুলো নিজের কাছেই রাখতে চেয়েছিলেন।

২.

বস্তা ভর্তি করে টাকা নিয়ে উধাও হয়েছিলেন সেতাফুল। এটা নিয়েই মানুষ কটাক্ষ করছে। কিন্তু পাটের তৈরি বস্তায় ভরে টাকা নেওয়ার মাধ্যমে তিনি দেশি পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করেছেন। তিনি কিন্তু ইচ্ছা করলেই প্লাস্টিকের ব্যাগে ভরে টাকাটা নিতে পারতেন। সোনালি আঁশের প্রতি তাঁর এই ভালোবাসা প্রচণ্ড দেশাত্মবোধেরই প্রমাণ।

৩.

মানুষ বিনোদনের জন্য মাঝেমধ্যেই ভ্রমণে বের হয়। টাকাদেরও তো সেই অধিকার আছে। হাওয়া বদলের অধিকার অক্ষুণ্ণ রাখার জন্যই সেতাফুল বস্তায় ভরে টাকাদের একটু বেড়িয়ে নিয়ে আসতে গিয়েছিলেন।

৪.

স্কুলে পড়া ‘বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ’ রচনার ‘বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ’ লাইনটি সেতাফুল ইসলাম সবচেয়ে বেশি পছন্দ করতেন। বিজ্ঞান মোটেই আশীর্বাদ নয়, সেটা তিনি বেশ মানেন। ইদানীং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা লেনদেন করা যায় না। ফলে অনেক সময় জরুরি কাজে টাকা লাগলেও গ্রাহকদের বিপদে পড়তে হয়। তাই বস্তায় করে টাকা নেওয়ার মাধ্যমে এসব অকেজো প্রযুক্তিকে বর্জন করার প্রতীকী প্রতিবাদই করেছিলেন সেতাফুল।