চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে নিরাপদ রুট (যাত্রাপথ) হিসেবে বেছে নিয়েছেন সোনা চোরাচালানিরা। বিমান ও বিমানবন্দরকর্মীদের সহায়তায় এই বন্দর ব্যবহার করে তাঁরা মধ্যপ্রাচ্য থেকে অবৈধভাবে সোনা আনছেন বলে অভিযোগ রয়েছে।
সোনা পাচারে জড়িত থাকার অভিযোগে বিমানবন্দরের এক কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। পাশের দেশ ভারতে সোনার আমদানি শুল্ক বৃদ্ধি এবং বিমানবন্দর নিরাপদ রুট বিবেচনাসহ নানা কারণে সোনার চোরাকারবার সম্প্রতি বেড়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
জানা গেছে, গত এক বছরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বারের ১৪টি বড় চালান ধরা পড়ে। প্রায় ৮০ কেজি ওজনের এসব সোনার আনুমানিক মূল্য ৩৬ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে নভেম্বরে ছয়টি চালানে মোট ৩৯ কেজি সোনা ধরা পড়ে।
গত ১৩ ডিসেম্বর চট্টগ্রাম বিমানবন্দরে ধরা পড়ে প্রায় ১৬ কেজি ওজনের ১৩৮টি সোনার বারের একটি বড় চালান। দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এগুলো চট্টগ্রাম আসে। এর আগে গত ২৩ জুলাই এক চালানে সর্বোচ্চ ১৪৬টি সোনার বার ধরা পড়েছিল। এগুলোর ওজন ছিল ১৭ কেজি। সর্বশেষ এ বছর ১৭ জানুয়ারি রাতে আরেকটি ছোট চালান ধরা পড়ে চট্টগ্রাম বিমানবন্দরে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপদ রুট কি না, জানতে চাইলে শুল্ক গোয়েন্দা সংস্থার সহকারী কমিশনার নাহিদ নওশাদ বলেন, ‘পাচারকারীরা যখন যেদিকে নিরাপদ মনে করে তখন সেই টার্মিনাল ব্যবহার করে। এখন আমরা বেশি তৎপর হওয়ায় হয়তো এখানে বেশি ধরা পড়ছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না বলতে পারছি না। তবে আমরা ঢাকা-চট্টগ্রাম উভয় টার্মিনালে তৎপরতা সমানভাবে বাড়িয়েছি।’
চট্টগ্রাম জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র ধর বলেন, ‘সোনা চোরাচালানের রুট হিসেবে ব্যবহূত হচ্ছে চট্টগ্রাম। বেশির ভাগ সোনা যাচ্ছে ভারতে। কারণ ভারতে আমদানি শুল্ক বাড়ার পাশাপাশি কড়াকড়িও বেড়েছে।’
জানতে চাইলে বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার পারভেজ আল জামান বলেন, ‘বেশির ভাগ চালানই পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। কোনো বহনকারীকেও পাওয়া যায়নি। বেশি সোনা আসার অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে ভারতে আমদানি শুল্ক বৃদ্ধি একটি। তবে এটি একমাত্র কারণ নয়।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনা চোরাচালান বৃদ্ধির পেছনে নিরাপদ রুট এবং পার্শ্ববর্তী দেশ ভারতে সোনা আমদানিতে কড়াকাড়ি আরোপসহ কী কী কারণ রয়েছে তা কাস্টমস ও অন্য গোয়েন্দারা খতিয়ে দেখছেন।
জানা গেছে, যেসব বিমানে সোনা ধরা পড়েছে, তার সবগুলো মধ্যপ্রাচ্য, বিশেষ করে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকে চট্টগ্রামে তৎপরতা বাড়িয়ে দেওয়ার কারণেই হয়তো এখানে বেশি চালান ধরা পড়ছে। তবে সোনা ধরা পড়লেও এর দায়িত্ব কেউ স্বীকার করেন না। মাস খানেক আগে নগরের অক্সিজেন এলাকা থেকে ৩১টি সোনার বারসহ দুজনকে ধরা হলেও তাঁদের কাছ থেকে মূল পাচারকারীর নাম জানা যায়নি।
সোনা পাচারের সঙ্গে বিমান এবং বিমানবন্দরের কর্মীরাও জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। কিন্তু কখনো তাঁদের গ্রেপ্তার করা যায়নি। এ বিষয়ে সহকারী কমিশনার পারভেজ আল জামান বলেন, ‘আমরা বিমান এবং বিমানবন্দরের কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছি। কিন্তু কেউ এর দায় স্বীকার করে না।’
জানা গেছে, গত ২ নভেম্বর সোনা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমানবন্দরের ব্যবস্থাপকের ব্যক্তিগত সহকারী মোমেন মকছুদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন ঢাকায় জমা দেওয়া হয়। মধ্যপ্রাচ্য থেকে আসা এক যাত্রীর ২৫টি সোনার বারসহ ব্যাগ পার করে দিতে মকছুদ সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম প্রথম আলোকে বলেন, ‘যখনই আমরা কোনো স্টাফ জড়িত থাকার প্রমাণ পাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। এ ছাড়া, চোরাচালান বন্ধেরলক্ষ্যে আমরা বিমানবন্দরের নিরাপত্তা বাড়িয়েছি। তা আরও জোরদার করা হচ্ছে।’