সোনা আর মোনা। সোনা বড়, মোনা ছোট। তারা সারা দিন ছোটাছুটি করে। কত্ত কাজ তাদের! হঠাৎ কি হলো, তারা বন্দী হলো চিড়িয়াখানায়। কাচের ঘরে বন্দী হয়ে তাদের দিন কাটে। আর এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তো ঘুম হারাম। কারণ সোনা-মোনাকে খেতে দিতে হবে যে, কী দেওয়া যায় তাদের...।বড়ই চিন্তার বিষয়। না না, সোনা-মোনার খাওয়াদাওয়া নিয়ে আমার কোনোই চিন্তা নেই। চিন্তা তো সব অমিত নামের গাধাটি নিয়ে। সে নাকি এক চিড়িয়াখানার গর্বিত মালিক। চিড়িয়াখানাটি অবস্থিত একটি হোমিওপ্যাথিক ওষুধের ছোট কাচের বোতলের মধ্যে। সেখানে আছে সোনা-মোনা। সোনা বড় আর মোনা ছোট। হান্টার অমিত তাঁর তোশকের তলা থেকে এই দুটি ‘ছারপোকা’ শিকার করেছেন। এখন তাঁর চিন্তা, এ দুটিকে তিনি কী খাওয়াদাওয়া করাবেন। ভাবনাচিন্তা আর নেট ব্রাউজিং দুইটাই সমান তালে চলছে। আমি নিশ্চিত, কিছু না কিছু আইডিয়া তো এই আইডিয়াবাজের মাথা থেকে বের হবেই। কারণ মাকড়সার খাবারের চিন্তায় যিনি মশা মেরে মেরে মাকড়সার জালে ছুড়ে মারেন, তাঁর সোনা-মোনাও অভুক্ত থাকবে না।কিন্তু একজন দায়িত্ববান বন্ধু হিসেবে আমার তো এভাবে চুপ করে থাকা মানায় না। গাধাটার পাগলামি ছোটানোর জন্য কড়া ধমকের ব্যবস্থা করা দরকার। বসে বসে তাই ভাবছিলাম কী বলা যায়। ঘুমাতে যাওয়ার আগে ঠিক করলাম, সকাল হলেই ফোইতাকে (ফরাসি ভাষায় পাগল) বলতে হবে, সোনা-মোনার আরও একটা সঙ্গী দরকার। নাম দেব তার ‘পোনা’।আফরিন সুলতানা চৌধুরীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।