সোনাগাজী আ. লীগে একাধিক সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি
ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি পদের দাবিদার এখন তিনজন। সাধারণ সম্পাদক বর্তমান থাকা অবস্থায় যুগ্ম সাধারণ সম্পাদককে ফেনী জেলা কমিটির পক্ষ থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে চরম অসন্তোষ, ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। কর্মী-সমর্থকদের অভিযোগ, সংগঠন গতিশীল হওয়ার পরিবর্তে উল্টো দিন দিন গতিহীন হয়ে পড়ছে।গত ২৫ এপ্রিল ফেনী জেলা কমিটির সভায় সোনাগাজী উপজেলা কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ৮ মে ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান স্বাক্ষরিত এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক মফিজুল হককে ভারপ্রাপ্ত সভাপতি পদে ও যুগ্ম সাধারণ সম্পাদক দাউদুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের এ চিঠির কথা জানাজানি হলে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। উপজেলা নির্বাচনকে ঘিরে কোন্দল: আওয়ামী লীগ সূত্র জানায়, ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে কাউন্সিলরদের গোপন ভোটে জেড এম কামরুল আনাম সভাপতি ও সামছুল আরেফিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগে বিরোধ দেখা দেয়। নির্বাচনে দলের সমর্থন পান সাবেক সভাপতি ফয়েজুল কবির। কিন্তু উপজেলা সভাপতি জেড এম কামরুল আনাম নির্বাচনে দাঁড়ান এবং দলের সমর্থিত প্রার্থী ফয়েজুল কবিরকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তখন জেলা কমিটি জেড এম কামরুল আনামকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করে এবং জ্যেষ্ঠ সহসভাপতি খোরশেদ আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করে। কিন্তু খোরশেদ আলমও উপজেলা পরিষদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলের বিদ্রোহী প্রার্থীকে ভারপ্রাপ্ত সভাপতি করায় উপজেলার সর্বস্তরের কর্মী-সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। তৃণমূল নেতা-কর্মীদের ক্ষোভের কথা বিবেচনা করে ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সহসভাপতি এনামুল হককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের একাংশ জেলা কমিটির ওই সিদ্ধান্ত পুরোপুরি মেনে নিতে পারেনি।সভাপতি নিয়ে যত সংশয়: উপজেলা কমিটির একাধিক সভা ও কেন্দ্রঘোষিত কর্মসূচিতে কে সভাপতিত্ব করবেন—এ নিয়ে তর্ক-বিতর্ক, হাতাহাতি, মারামারি, চেয়ার ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক এখনো নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি দাবি করেন। এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম অভিযোগ করেন, ‘উপজেলা নির্বাচনের পর কেন্দ্রীয় কমিটি সব সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু ফেনী জেলা কমিটি কেন্দ্রের সিদ্ধান্ত আমলে নেয়নি।’ তিনি এখনো নিজেকে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের বৈধ সভাপতি বলে দাবি করেন।ভারপ্রাপ্ত সভাপতি মফিজুল হক প্রথম আলোকে বলেন, ‘যেহেতু জেলা কমিটি একটি বিশেষ সময়ে দলকে সংগঠিত ও আসন্ন ইউপি নির্বাচনে বিশেষ ভূমিকা রাখার দায়িত্ব দিয়েছে, সেটা পালনের চেষ্টা করে যাব।’ ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান সোনাগাজী উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন সাপেক্ষে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দুজনকে দায়িত্ব দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।