ফেনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালকে ফেনী সদর উপজেলার জিএ একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকায় সোনাগাজী উপজেলার চরকৃষ্ণজয় সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গত শনিবার বিকেলে ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে এ দুটি খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সহকারী পুলিশ সুপার আমিরুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন।
চূড়ান্ত খেলায় বালকে ফেনী জিএ একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দাগনভূঞার আলাইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। বালিকায় সোনাগাজীর চরকৃষ্ণজয় সরকারি প্রাথমিক বিদ্যালয় দল টাইব্রেকারে ৩-১ গোলে পরশুরাম বাউর পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা দলকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হয়েছে।