সোনাগাজীতে আখ চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখ চাষে আগ্রহ হারাচ্ছেন সোনাগাজীর চাষিরা। প্রতিবছর কমছে আখের আবাদ। চাষিরা জানিয়েছেন, সময়মতো কৃষিঋণ, সার ও কীটনাশক না পাওয়ায় তাঁরা আখ বাদ দিয়ে অন্য ফসল চাষের প্রতি ঝুঁকে পড়ছেন। এ ছাড়া উ ৎ পাদন খরচ বেড়েছে, কিন্তু বিক্রির ক্ষেত্র কমে গেছে। ফলে আগের মতো আর লাভ হচ্ছে না।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, একসময় উপজেলার প্রায় সব গ্রামে আখের আবাদ হতো। এখন হাতেগোনা কয়েকটি গ্রামে আখের চাষ হচ্ছে। গ্রামগুলো হলো—নবাবপুর ইউনিয়নের হাজিপুর ও রঘুনাথপুর; আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর ও চরডুব্বা; মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী; সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি ও সুজাপুর; চরচান্দিয়া ইউনিয়নের বাখরিয়া ও মহেশ্চর এবং সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রাম। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আকরাম উদ্দিন জানান, আখ চাষের উ ৎ পাদন খরচ বেড়েছে। অন্যদিকে কমে গেছে বিক্রির ক্ষেত্র। অনেক সময় লাভ বাদ দিয়ে উ ৎ পাদন খরচও তুলতে হিমশিম খেতে হয়। তিনি বলেন, আখের চাষ বাড়াতে মাঠপর্যায়ে কৃষকদের রোগবালাই সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক পরিমাণে কীটনাশকের ব্যবহার সম্পর্কেও ধারণা দেওয়া হয়। সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের আখচাষি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আখ চাষের আবাদের পুরো মূলধনই মহাজনের কাছ থেকে নেওয়া দাদনের টাকা। কৃষি ব্যাংকে আবেদন করেও ঋণ পাইনি। এখন খরচ না উঠলে মাঠে মারা যাব।’ আরেক চাষি আবদুল হালিম জানান, এই বছর তিনি প্রায় ৫০ শতক জমিতে আখের আবাদ করেছেন। অথচ গত বছর করেছেন ১০০ শতক জমিতে। এবার তা অর্ধেকে নামিয়ে এনেছেন। চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন খোকন জানান, সরকারিভাবে আখচাষিদের প্রশিক্ষণ ও সহজ শর্তে কৃষিঋণের ব্যবস্থা করলে চরচান্দিয়া ইউনিয়নে ব্যাপক হারে আখ চাষ সম্ভব। এতে চাষিরাও উ ৎ সাহী হবেন।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান জানান, চলতি বছর এ উপজেলায় ২০ হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। সময়মতো বৃষ্টিপাত এবং আবহাওয়া অনুকূল থাকায় আখের ফলনও ভালো হয়েছে।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল্লাহ নুরী বলেন, ‘আখ চাষে কৃষকদের উ ৎ সাহিত করতে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য বলা হয়েছে। এ ছাড়া বেসরকারি সংস্থাগুলোকেও সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য বলছি আমরা।’