সোনাগাজীতে আমনের বীজতলা তলিয়ে গেছে
সাত দিনের টানা বর্ষণে ফেনীর সোনাগাজীর নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। ছোট ফেনী নদীর সঙ্গে সংযুক্ত খালের মুখে নির্মিত মিনি স্লুইসগেটের মুখের ঢাকনা বন্ধ থাকায় এ জলাবদ্ধতা আরও বেড়েছে। ফলে শত শত একর আমনের বীজতলা এবং হাজার হাজার একর আউশ ধানের খেত পানিতে তলিয়ে গেছে। উপজেলা প্রশাসন সূত্র ও এলাকাবাসী জানান, ২ আগস্ট থেকে সাত দিন টানা বর্ষণে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব চর চান্দিয়া, পূর্ব বড় ধলি, মধ্যম চর চান্দিয়া, পূর্ব চর চান্দিয়া, দক্ষিণ চর চান্দিয়া, উত্তর চর চান্দিয়া, পশ্চিম চর চান্দিয়া, চর দরবেশ ইউনিয়নের আদর্শ গ্রাম, পশ্চিম চর দরবেশ, উত্তর চর দরবেশ, দক্ষিণ চর দরবেশ, চর সাহাভিখারী, সোনাগাজী সদর ইউনিয়নের চর খন্দকার, চর খোয়াজ, থাক খোয়াজের লামছি, সুজাপুরের একাংশ, সাহাপুর গ্রামের বেশির ভাগ এলাকার আউশ ধান ও আমনের বীজতলা পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া চর মজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর, গোপালগাঁও, বদরপুর, কাটাখিলা, বগাদানা ইউনিয়নের বাদুরিয়া, দুর্গাপুর, আউরার খিল গ্রামের আংশিক এলাকাও একইভাবে জলাবদ্ধতার শিকার হয়েছে।তা ছাড়া সোনাগাজী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড তুলাতলী, ৭ নম্বর ওয়ার্ড পশ্চিম চর গণেশ, ৮ নম্বর ওয়ার্ড চর গণেশ, ১ নম্বর ওয়ার্ড বাখরিয়া এলাকার ফসলি জমি ছাড়াও বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে।পশ্চিম চর চান্দিয়া গ্রামের কৃষক আবুল হোসেন, আবদুল হক ও ইমান আলী জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে তাঁদের পাকা আউশ ধানের খেত এবং আমনের জন্য লাগানো বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। তাঁরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বলেও কোনো প্রতিকার পাননি। দু-এক দিনের মধ্যে দ্রুত পানি না সরলে তাদের সর্বনাশ হয়ে যাবে। চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুদ্দিন জানান, এলাকাবাসীর অভিযোগ জানার পর তিনি সরেজমিনে গিয়ে দেখতে পান—তাঁর ইউনিয়নের ছোট ফেনী নদীসংলগ্ন ৭ নম্বর, ৮ নম্বর ও ৯ নম্বর স্লুইস গেটগুলো বন্ধ থাকায় পানি সরাতে না পারায় এলাকার বেশির ভাগ অংশ পানিতে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের একাধিকবার বলেও খোলা যায়নি। ফলে এলাকাবাসী বাধ্য হয়ে নিজেরা গেটগুলো খোলার চেষ্টা করে, কিন্তু গেটের দুই পাশে পলি জমে থাকায় লোকজন অনেক চেষ্টা করেও তা খুলতে ব্যর্থ হয়েছে।সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল্লাহ নূরী প্রথম আলোকে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে জলাবদ্ধতার কথা শুনে তিনি নিজেও এলাকা পরিদর্শন করে নিম্নাঞ্চলের আউশ ধান ও আমনের বীজতলা পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য দেখেছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে তিনি ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে মুঠোফোনে অনুরোধ করেছেন।ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্লাহ জানান, মুহুরী রেগুলেটরের ৪০টি গেট খোলা আছে। ছোট গেটগুলোও খুলে দেওয়া হয়েছে। তবে ছোট ছোট খালের বিভিন্ন স্থানে কিছু লোক মাছ ধরার জন্য নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সে কারণে প্রয়োজনের তুলনায় খুবই ধীরগতিতে পানি সরছে।