সোনাগাজীতে আশ্রয়কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
সোনাগাজী উপজেলার ৩৪টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের বেশির ভাগই মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত শতকের ষাটের দশকে নির্মিত এসব আশ্রয়কেন্দ্র ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। গত এক বছরে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নে দুটি আশ্রয়কেন্দ্র নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরও একটি আশ্রয়কেন্দ্র নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে আছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোনাগাজী পৌর এলাকায় চারটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের মধ্যে তিনটি, চরমজলিশপুরের দুটির মধ্যে একটি, মঙ্গলকান্দির তিনটির মধ্যে দুটি, মতিগঞ্জের দুটি, চরদরবেশের ১২টির মধ্যে সাতটি, চরচান্দিয়ার ১৪টির মধ্যে সাতটি, সদর ইউনিয়নের আটটির মধ্যে তিনটি, আমিরাবাদের ১১টির মধ্যে পাঁচটি, নববাবপুরের চারটির মধ্যে তিনটি আশ্রয়কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো যেকোনো সময় ধসে পড়তে পারে। এ ছাড়া উপজেলার বগাদানা ইউনিয়নে কোনো আশ্রয়কেন্দ্র নেই। ্রচর খোন্দকার গ্রামের পরিমল জলদাস বলেন, ‘এলাকায় আশ্রয়কেন্দ্র না থাকায় দুর্যোগের সময় সচ্ছল লোকদের ঘরে আশ্রয় নিতে হয়।’ উপজেলা প্রকল্প্রবাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ‘বেশির ভাগ আশ্রয়কেন্দ্র এখন ঝুঁকিপূর্ণ্রঅবস্থায় রয়েছে। এখানে গ্রামের লোকজন এখন আর নিরাপদ বোধ করেন না।’ আশ্রয়কেন্দ্র মেরামতের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উল্যাহ জানান, ‘উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ অনেকটা নিয়মিত ব্যাপার। এ কারণে আশ্রয়কেন্দ্র সংস্কারের জন্য মন্ত্রণালয়ে জরুরি চিঠি পাঠানো হয়েছে।’সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আলম জানান, ‘ঝুঁকিপূর্ণ আশ্রয়কেন্দ্রগুলো মেরামত বা সংস্কারের পাশাপাশি আরও নতুন কিছু ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন। কারণ সোনাগাজীর চর এলাকায় আগের তুলনায় বসতি বাড়ছে। বিষয়টি ইতিমধ্যে একাধিকবার উপজেলা ও জেলা উন্নয়ন সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে।’