সোনাগাজীতে চিংড়িপোনা ধরার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর উপকূলীয় এলাকায় চিংড়িপোনা আহরণের ধুম পড়েছে। প্রতিবছর জানুয়ারি থেকে মে পর্যন্ত পোনা আহরণের এ উৎসব চলে। ফেনী নদীর মুহুরী সেচ প্রকল্প এলাকা থেকে শুরু করে চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালী পর্যন্ত, অন্যদিকে ছোট ফেনী নদীর কাজিরহাট স্লুইসগেট থেকে দক্ষিণে সন্দ্বীপ চ্যানেল পর্যন্ত বিশাল উপকূলীয় এলাকায় প্রতিদিন চিংড়িপোনা আহরণ করা হচ্ছে। এতে প্রায় ২৫ হাজার মানুষ শুধু নদীতে চিংড়িপোনা ধরে জীবিকা নির্বাহ করছেন। সরেজমিনে দেখা গেছে, দিন-রাত পালা করে এখানকার সব বয়সী মানুষ, এমনকি ৮-১০ বছরের শিশুরাও চিংড়িপোনা সংগ্রহ করছে। পোনা আহরণকারী লোকজন নদী ও খালের মুখ থেকে মশারির জাল ব্যবহার করে গলদা ও বাগদা চিংড়ি পোনা সংগ্রহ করেন। এরপর পোনাগুলো স্থানীয় মহাজন বা আড়তদারদের কাছে বিক্রি করেন তাঁরা। সোনাগাজীর দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া গ্রামের পোনা সংগ্রহকারী আবু তাহের (২৫), রহিম উদ্দিন (৪২), ধনা মিয়া (৩৭) ও পরিমলচন্দ্র দাস (২৬) জানান, স্থানীয় মহাজনেরা পোনা সংগ্রহকারীদের কাছ থেকে প্রতিটি পোনা এক-দেড় টাকায় কিনে আড়তে জমা করেন। এরপর সেখান থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার চিংড়িঘেরগুলোতে পাঠানো হয়। প্রান্তিক পোনা সংগ্রহকারীদের কাছ থেকে সংগৃহীত পোনা তাঁরা প্রতিটি চার-পাঁচ টাকা দরে ঘেরমালিকদের কাছে বিক্রি করেন।পোনা সংগ্রহকারীদের অভিযোগ, তাঁরা পোনা ধরতে নদীতে যাওয়ার সময় জাল ও নৌকা কেনার জন্য হাতে কোনো টাকা থাকে না। তখন বাধ্য হয়ে স্থানীয় মহাজন ও আড়তদারদের কাছ থেকে চড়া সুদে ঋণ (দাদন) নিতে হয়। শুধু সুদ দিলেই ঋণ পাওয়া যায় না, যাঁর কাছ থেকে সুদে টাকা নেবে, পোনা ধরার পর আবার তাঁর কাছেই পোনাগুলো বিক্রি করতে হবে। শুধু এ শর্তেই ঋণ পাওয়া যায়। নয়তো কেউ ঋণ দেবেন না। তাঁরা স্বল্প সুদে সরকারি কিংবা বেসরকারি সংস্থা থেকে ঋণ পাওয়ার দাবি জানান। স্থানীয় লোকজন জানান, মুহুরী সেচ প্রকল্প এলাকার মিঠাপানির স্রোতের সঙ্গে পাওয়া সমুদ্রের চিংড়িগুলো এ অঞ্চলের উজানের দিকে বেশি ভিড় করে। তাই এখানে দেশের অন্যান্য এলাকার চেয়ে বেশি চিংড়িপোনা আহরিত হয়। শুধু সোনাগাজী এলাকা থেকেই দৈনিক লক্ষাধিক চিংড়িপোনা বৃহত্তর খুলনা অঞ্চলে সরবরাহ করা হয়। চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান সামছুদ্দিন খোকন বলেন, এ অঞ্চলের চিংড়িপোনা বিশেষ করে গলদা চিংড়ির গুণগতমান খুবই উন্নত। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলে এ পোনার প্রচুর চাহিদা। এখানকার এ চিংড়িপোনাকে অনেকেই হোয়াইট গোল্ড (সাদা সোনা) বলে আখ্যায়িত করেন। এদিকে, জেলেদের অভিযোগ, কিছু লোক চিংড়িপোনা ধরতে গিয়ে নির্বিচারে অন্য প্রজাতির মাছের পোনাও নষ্ট করে ফেলেন। একটি চিংড়িপোনার জন্য তাঁরা গড়ে শতাধিক অন্য মাছের পোনা নষ্ট করেন। তাঁরা সচেতন হলে অন্য মাছের পোনা নষ্ট না করেও চিংড়িপোনা ধরতে পারেন।ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন প্রথম আলোকে বলেন, এভাবে অপরিকল্পিতভাবে চিংড়িপোনা আহরণ করে কিছু দরিদ্র লোক উপকৃত হলেও এ পদ্ধতিতে চিংড়িপোনা আহরণের ফলে অন্য মাছের পোনা নষ্ট হচ্ছে। নদীগুলো মাছশূন্য হয়ে পড়ছে। উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল বলেন, উপকূলীয় এলাকার হাজার হাজার দরিদ্র মানুষ নদী থেকে চিংড়িপোনা আহরণ করে এ মৌসুমে জীবিকা নির্বাহ করেন। তবে চিংড়ি পোনা ধরতে গিয়ে অন্য প্রজাতির পোনা যেন নষ্ট না হয় সে ব্যাপারে সতর্ক করা দরকার।