সোনাগাজীতে চেক প্রতারণার অভিযোগে বিএনপি নেতার দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি ও চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে ব্যাংক চেক দিয়ে প্রতারণার অভিযোগে এক বছর কারাদণ্ড ও ব্যাংক চেকের সমপরিমাণ টাকা (১৫ লাখ) জরিমানা করা হয়েছে।২২ ফেব্রুয়ারি ফেনীর যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জেবুন্নাহার আয়েশা আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, পূর্ব পরিচিতির সুবাদে সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন তাঁর ভগ্নিপতি শহীদুল্লার পশ্চিম চর দরবেশ গ্রামের ৯৭৩ শতক জমি বিক্রি করবেন বলে ফেনী শহরের পাঠানবাড়ি সড়কের কবির আহম্মদ পাটোয়ারীকে প্রস্তাব দেন। দরদাম ঠিক হয় গ্রামের প্রচলিত কানি দুই লাখ ২৫ হাজার টাকা। এরপর কবির আহম্মদ পাটোয়ারী ব্যাংক চেকের মাধ্যমে তিন দফায় গিয়াস উদ্দিনকে মোট ১২ লাখ টাকা দেন। টাকা পওয়ার পর ওই জমির মধ্যে ৭৩০ শতক নিবন্ধন (রেজিস্ট্রি) করে দেওয়ার কথা থাকলেও পরে নানা তালবাহানার মাধ্যমে দেরি করেন গিয়াস উদ্দিন। এক পর্যায়ে তিনি জমি রেজিস্ট্রি করে দিতে অস্বীকার করলে এ নিয়ে স্থানীয়ভাবে সালিশি বৈঠক হয়। বৈঠকে তিনি তাঁর ভগ্নিপতি জমি বিক্রি করবেন না বলে জানালে সালিশের রায়ে কবির আহম্মদের কাছ থেকে নেওয়া টাকার ব্যাংক সুদসহ পরিশোধ করার জন্য তাঁকে (গিয়াস উদ্দিনকে) নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী ইসলামী ব্যাংক সোনাগাজী শাখায় ১৫ লাখ টাকার একটি চেক দেন গিয়াস উদ্দিন। কবির আহম্মদ চেকটি একাধিকবার তার নিজস্ব হিসাবে জমা দিলেও এটি বাববার প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়। এ বিষয়ে কবির আহম্মদ পাটোয়ারী গত বছর ১৭ ফেব্রুয়ারি এক মাসের সময় দিয়ে গিয়াস উদ্দিনকে আইনগত বিজ্ঞপ্তি দেন। পরে গিয়াস উদ্দিন কবির আহম্মদের সঙ্গে কোনো লেনদেনের কথা অস্বীকার করলে কবির আহম্মদ গত বছর ২০মার্চ ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা দায়ের করেন।মামলাটি পরবর্তীতে বিচারের জন্য ফেনীর যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জেবুন্নাহার আয়েশার আদালতে স্থানান্তর করা হয়। দীর্ঘ শুনানি শেষে গত বুধবার তিনি গিয়াস উদ্দিনের বিরুদ্ধে এক বছর কারাদন্ড ও ব্যাংক চেকের সমপরিমাণ ১৫ লাখ জরিমানার আদেশ দেন।