সোনাগাজীতে দুই বখাটের তিন মাসের কারাদণ্ড
সোনাগাজীতে দুই বিদ্যালয়ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দুই বখাটেকে তিন মাসের সশ্রম করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উল্লাহ নূরী। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের দাসেরহাট আর আর উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে কোম্পানীগঞ্জের চরহাজারী গ্রামের ওমর ফারুক (১৮) ও নূরুল ইসলাম (১৯) উত্ত্যক্ত করত। গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটির পর দুই ছাত্রী বাড়ি যাওয়ার পথে ওই দুই বখাটে উত্ত্যক্ত করে। এ সময় গ্রামের কিছু লোক তাদের ধাওয়া করে ধরে ফেলে। খবর পেয়ে সোনাগাজী থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই বখাটেকে আটক করে। দাসেরহাট আর আর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ আহম্মদ জানান, কোম্পানীগঞ্জের চরহাজারী ও সোনাগাজীর দাসেরহাট পাশাপাশি এলাকা হওয়ায় ওই দুই বখাটে নদী পেরিয়ে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে দুই ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করত। বিষয়টি সোনাগাজী থানা পুলিশকে অবহিত করা হয়েছিল। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদ আলম ভ্রাম্যমাণ আদালতে দুই বখাটে যুবকের তিন মাস করে কারাদণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকেলেই সাজাপ্রাপ্ত দুই বখাটে যুবককে ফেনী কারাগারে পাঠানো হয়েছে বলে জানা যায়।