সোনাগাজীতে পরিত্যক্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে উপস্বাস্থ্যকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ এলাকায় ১৯৩১ সালে নির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষিত হয়েছে ১৫ বছর আগে। পরিত্যক্ত এই আশ্রয়কেন্দ্রে ঝুঁকির মধ্যে চলছে উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কার্যক্রম। চিকিৎসক-কর্মচারী সংকটের কারণে এতে উপযুক্ত চিকিৎসাসেবা পাচ্ছে না এলাকার মানুষ। রোগীরাও ভয় পান ওই কেন্দ্রে ঢুকতে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাস্থ্য বিভাগের নিজস্ব জমি ও স্থাপনা না থাকায় স্থানীয় জনসাধারণকে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে ১৯৬৮ সালে মতিগঞ্জ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে উপস্বাস্থ্যকেন্দ্রটি চালু করা হয়। শুরু থেকে ওই কেন্দ্রে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন চিকিৎসা সহকারী, একজন ফার্মাসিস্ট ও একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়া হয়। জানা যায়, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি এক সময় জরাজীর্ণ ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। মতিগঞ্জ ‘আর এম হাট কে উচ্চবিদ্যালয়’ মাঠসংলগ্ন ওই আশ্রয়কেন্দ্রে পরবর্তী সময়ে চালু করা হয় ইউনিয়ন পরিবার কল্যাণকেন্দ্র (এফডব্লিউসি)। ১৯৯১ সালে আলাদা স্থান নির্বাচন ও ভবন নির্মাণের পর এফডব্লিউসি এখান থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু উপস্বাস্থ্যকেন্দ্রটি থেকে যায় ওই জরাজীর্ণ আশ্রয়কেন্দ্রে। এদিকে দীর্ঘদিন ধরে আশ্রয়কেন্দ্রটির কোনো রকম সংস্কার না হওয়ায় এটি ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। ছাদের পলেস্তারা খসে পড়ে এবং দরজা-জানালা ভেঙে যায়। প্রায় ১৫ বছর আগে আশ্রয়কেন্দ্রটিকে গণপূর্ত বিভাগ পরিত্যক্ত ঘোষণা করে। তার পরও ওই ভবনে চলতে থাকে রোগী দেখাসহ স্বাস্থ্যসেবা কার্যক্রম। বর্তমানে ওই ভবনের অবস্থা এমন দাঁড়িয়েছে যে, সেখানে ভয়ে কেউ দীর্ঘক্ষণ বসে কাজ করতে চান না। কোনো চিকিৎসক বা কর্মচারীকে ওই স্থানে বদলি করা হলে তিনি একে শাস্তিমূলক বদলি মনে করেন। জানা যায়, চারজন কর্মকর্তা-কর্মচারীর স্থলে বর্তমানে একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ও একজন পিয়ন স্বাস্থ্যকেন্দ্রটিতে দায়িত্ব পালন করছেন।গত বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় কথা হয় জিতপুর গ্রামের গৃহবধূ রাহেলা আক্তারের সঙ্গে। তিনি জানান, তাঁর ছেলের পেটে অসুখ। কিন্তু ডাক্তার দেখাতে এসে ভেতরে ঢুকতে ভয় পাচ্ছেন। তাই বারান্দায় দাঁড়িয়ে আছেন। ডাক্তার ডাক দিলে ভেতরে যাবেন। উপসহকারী চিকিৎসা কর্মকর্তা জনার্ধন প্রসাদ শর্মা বলেন, ‘এই কেন্দ্রে শুধু চাকরির কারণে আতঙ্কের মধ্যেও ঝুঁকি নিয়ে কাজ করি।’ সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছারওয়ার জাহান প্রথম আলোকে জানান, ওই পরিত্যক্ত ভবন থেকে উপস্বাস্থ্যকেন্দ্রটি সরানোর জন্য ফেনীর সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। সিভিল সার্জনও একই রকম চিঠি পাঠিয়েছেন। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম জানান, তিনি নিজেও ওই ভবনটি পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক বরাবরে চিঠি দিয়েছেন।