সোনাগাজীতে পরিত্যক্ত ভবনে চলছে প্রাণিসম্পদ কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একযুগ আগে পরিত্যক্ত একটি ভবনে ফেনীর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কাজ চলছে। জীবনের ঝুঁকি নিয়ে ওখানে কর্মকর্তা কর্মচারীরা কাজ করছেন। উপজেলা পর্যায়ের এ কার্যালয়ে দুইজন প্রথম শ্রেণীর কর্মকর্তাসহ মোট ১০টি পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন চারজন। সংশ্লিষ্ট কার্যালয় সূত্র ও সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ছাদের বেশির ভাগ অংশের পলেস্তারা খসে পড়ে রড দেখা যাচ্ছে। কার্নিশ ভেঙে পড়ছে। দরজা-জানালাগুলো ভাঙা ও ব্যবহার অযোগ্য। আসবাবপত্রের অবস্থাও খুব নাজুক। গরু-ছাগলসহ পশু চিকিৎসার জন্য নির্মিত শেডগুলোর অবস্থাও ভালো নয়। হাসপাতালের সীমানা প্রাচীরের বিভিন্ন অংশ ভেঙে গেছে। সব কিছু মিলিয়ে দেখলে মনে হবে সেখানে কোনো একদিন একটি পশুসম্পদবিষয়ক হাসপাতাল ছিল। হাসপাতালের জন্য একজন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, একজন ভেটেরিনারি সার্জন, একজন উপজেলা প্রাণিসম্পদ সহকারী, তিনজন ভেটেরিনারি মাঠসহকারী (ভিএফএ), একজন কম্পাউন্ডার, একজন অফিস সহকারী, একজন ড্রেসার ও একজন পিয়নের পদসহ মোট ১০টি পদ রয়েছে। কিন্তু বর্তমানে মাত্র একজন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, একজন ভেটেরিনারি মাঠসহকারী, একজন কম্পাউন্ডার ও একজন ড্রেসারসহ মাত্র চারজন কর্মরত রয়েছেন। ২০০০ সালে সোনাগাজী উপজেলা ভেটেরিনারি হাসপাতাল ভববনকে অতি পুরোনো এবং ঝুঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী হওয়ায় গণপূর্ত বিভাগ এটি পরিত্যক্ত ঘোষণা করে।এলাকাবাসীর অভিযোগ, সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল ভবনের দুরবস্থার পাশাপাশি কর্মকর্তা কর্মচারী স্বল্পতার কারণের এলাকার সাধারণ মানুষ তাদের গবাদিপশুর অসুখবিসুখ নিয়ে বিপাকে পড়েন। ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বক্তারমুন্সি বাজারের পশ্চিমে ফেনী-কাজিরহাট সড়কের পাশে ৬৩ শতক জমির ওপর ১৯৬৩ সালে থানা ভেটেরিনারি ডিসপেনসারি (টিভিডি) হিসেবে এটি গড়ে তোলা হয়। পরবর্তী সময়ে কোনো ধরনের উন্নয়ন ও সম্প্রসারণ না করেই এটিকে সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় হিসেবে রূপান্তরিত করা হয়। সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ বি এম সইফুজ্জমান প্রথম আলোকে জানান, হাসপাতাল ভবনের দুরবস্থা ও চিকিৎসক-কর্মচারীসংকটের কথা জানিয়ে ইতিপূর্বে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়েই পরিত্যক্ত ভবনে কাজ চালিয়ে যেতে হচ্ছে।