সোনাগাজীতে বোরো চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক
ফেনীর সোনাগাজী উপজেলায় চলতি মৌসুমে বোরোর আবাদ কমে গেছে। উৎপাদন খরচের তুলনায় দাম না পেয়ে কৃষকেরা চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। এ ছাড়া সময়মতো সেচ দিতে না পারায় ফলনও ভালো হচ্ছে না। ফলে বোরো ছেড়ে রবিশস্য চাষের দিকেই ঝুঁকছেন কৃষকেরা। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, গত বছর উপজেলায় ১০১২ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল। চলতি মৌসুমে তা কমে ৮২০ হেক্টরে দাঁড়িয়েছে। উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের কৃষক আলী আকবর বলেন, ‘এক একরের কিছু বেশি জমিতে বোরো লাগিয়ে এখন বেকায়দায় পড়েছি। খালে পানি নেই। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে সেচযন্ত্রও চলছে না। জমিতে ঠিকমতো সেচ দিতে না পারলে ফলনও ভালো হবে না। এ ছাড়া শ্রমিকের মজুরি গত বছরের তুলনায় দেড়গুণ বেড়ে গেছে। অথচ, ধানের দাম কম।’নবাবপুর ইউনিয়নের কৃষকেরা জানান, তাঁরা গত বছর বোরো উৎপাদন করে লাভের মুখ দেখেননি। তাই এবার মসুরের ডালের চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। এতে সময়ও কম লাগে। সার ও পানি লাগে না। ফলে উৎপাদন খরচও কম। জানা যায়, গত বছর নবাবপুর ইউনিয়নে বোরো চাষ হয়েছিল ৯০ হেক্টর জমিতে। চলতি বছর চাষ হয়েছে মাত্র ২০ হেক্টর জমিতে।উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আকরাম উদ্দিন বোরো উৎপাদন কমে যাওয়ার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ ব্যাপারে কৃষি কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছেন। উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, বোরো উৎপাদন কমে যাচ্ছে ছয় কারণে—ঘন ঘন লোডশেডিং, ডিজেলের মূল্য বৃদ্ধি, সেচের অনিশ্চয়তা, মৌসুমি শ্রমিকের স্বল্পতা, বেশি মজুরি এবং উৎপাদিত ফসলের কম মূল্য।