সোনাগাজীতে মোবারক আলী চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান
ফেনীর সোনাগাজীতে মোবারক আলী চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মতিগঞ্জ উপমা ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি দেওয়া হয়।
উপমা বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম উল্যাহ চৌধুরী। অতিথি ছিলেন আর এম হাট কে উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নেপাল চন্দ্র নাথ, মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুল আলম মিয়াজী, ফেনী জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. জিলানী মজুমদার, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মফিজুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংবাদিক শেখ আবদুল হান্নান ও জাবেদ হোসেন। উল্লেখ্য, মোবারক আলী চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষায় উপজেলার ৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৩১৬ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে বিভিন্ন বিভাগে ২৯০ জন শিক্ষার্থী বৃত্তি পায়। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সদন, ক্রেস্ট ও অর্থ দেওয়া হয়।