সোনাগাজীতে শীতবস্ত্র পেয়ে খুশি শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর চরাঞ্চলের শিশুশিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা শীতের নতুন পোশাক পেয়েছেন। গত ৩১ জানুয়ারি সকালে ফেনীর সোনাগাজীর উত্তর চর সাহাভিখারি ও দক্ষিণ পূর্ব চর চান্দিয়া এলাকার চারটি সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরানি মাদ্রাসার ২০০ শিক্ষার্থীকে প্রথম আলো ফেনী বন্ধুসভা ও ফেনী সরকারি কলেজ বন্ধুসভার পক্ষ থেকে শীতবস্ত্র দেওয়া হয়।
চর দরবেশ ইউনিয়নের উত্তর চর সাহাভিখারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী মো. সুমনের দিনমজুর বাবা আবু আহম্মদ তাঁর ছেলের জন্য একটি নতুন জ্যাকেট পেয়ে খুবই খুশি হয়েছেন। তিনি বলেন, শীতের মধ্যে ছেলেটা সকালে স্কুলে যেতে চাইতো না। এখন সে বেশ খুশি। সুমনের মতো একই বিদ্যালয়ের শিক্ষার্থী আবুল কালাম, আবুল খায়ের, মাহফুজ শীতের নতুন পোশাক পেয়ে বেশ খুশি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, চর দরবেশ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চর চান্দিয়া ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন, প্রধান শিক্ষক মো. ইব্রাহিম ভূঞা, প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের উপস্থিত ছিলেন।
এ ছাড়া শীতবস্ত্র বিতরণে সহায়তা করেন প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাখজাম হায়দার, সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসেন, ফেনী সরকারি কলেজ বন্ধুসভার আহ্বায়ক শাহরিয়ার চৌধুরী ও সদস্যসচিব শাহ আরমান, নোবেল, শাকিল, পিংকু, সৌরভ, সুমন, মিশু, সিয়াম, রাফি।
দক্ষিণ পূর্ব চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম ভূঞা বলেন, পাঁচ বছর আগে তাদের এ বিদ্যালয় ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে একটি মক্তব ঘরে পাঠদান চলছে। একটু সচ্ছল পরিবারের শিশুরা অন্যত্র চলে গেছে। শীতবস্ত্র পাওয়ায় শুধু শিশুরা নয়, তাদের অভিভাবকেরাও খুশি হয়েছেন।