উপজেলা শিক্ষা কর্মকর্তার পদও শূন্য এক বছর
সোনাগাজীতে ২১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
ফেনীর সোনাগাজীতে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষাকার্যক্রম। এক বছর ধরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নেই। কাজ চালাচ্ছেন সহকারী শিক্ষা কর্মকর্তা। এ ছাড়া সরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে ২১ প্রধান শিক্ষকের পদ শূন্য।শিক্ষকদের অভিযোগ, উপজেলা শিক্ষা কার্যালয়ে প্রয়োজনীয় অনেক কাজ তাঁদের নিজেদেরই করতে হয়। এতে সময় যাচ্ছে অনেক। আবার কোনো ধরনের ভুল হলে সমস্যায় পড়তে হয় তাঁদের। এ ছাড়া বিদ্যালয়ে পাঠদানও ব্যাহত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যালয়ের নয়জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে পাঁচটি পদ দীর্ঘদিন শূন্য। এর মধ্যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদটি এক বছর ধরে শূন্য। সহকারী শিক্ষা কর্মকর্তার একটি পদও খালি। তিনজন সহকারী শিক্ষা কর্মকর্তার মধ্যে একজন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এ ছাড়া কার্যালয় সহকারীর দুটি ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর (এমএলএসএস) পদও দীর্ঘদিন খালি। এদিকে, উপজেলার ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৬টিতে প্রধান শিক্ষক নেই। ৩৮টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। অপরদিকে ১৬টি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পাঁচটিতে প্রধান শিক্ষক নেই। ছয়টি সহকারী শিক্ষকের পদও শূন্য। মধ্যম চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বশর বলেন, ‘এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে। শিক্ষক আছি মাত্র তিনজন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাজ চালাতে গিয়ে প্রায় সময় ব্যস্ত থাকতে হয়। ফলে পাঠদান ব্যাহত হচ্ছে।’ পূর্ব চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নূর নবী জানান, তাঁর পরিচালনাধীন বিদ্যালয়ে শিক্ষকসংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে একাধিকবার লিখিতভাবে জানিয়েছেন। তিনি বলেন, ‘এ বিদ্যালয়ে ৫০৭ জন শিক্ষার্থীর জন্য প্রধান শিক্ষকসহ মাত্র তিনজন শিক্ষক রয়েছেন। আবার তিনজনই হিন্দু সম্প্রদায়ের হওয়ায় মুসলিম শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা বিষয়ে পড়ানো হয় না।’ ওই বিদ্যালয়ের পাশে দক্ষিণ পূর্ব চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন মাত্র দুজন শিক্ষক। একজন শিক্ষক দাপ্তরিক কোনো কাজে উপজেলায় বা অন্য কোথাও গেলে সেখানে একজন শিক্ষক দিয়েই পাঠদান চলে। দক্ষিণ চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর অভিভাবক আবদুল মান্নান ও পরিমল দাশ জানান, বিদ্যালয়ে শিক্ষক আছে দুজন। প্রায় সময় সব ক্লাস হয় না। এতে ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে।সোনাগাজী উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘উপজেলা শিক্ষা কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকের সংকটের কথা ঊর্ধ্বতন দপ্তরে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু তারপরও কাজ হচ্ছে না।’সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম প্রথম আলোকে বলেন, ‘উপজেলা সমন্বয় সভায় শিক্ষকসংকট ও দুটি বিদ্যালয়ে ইসলাম শিক্ষার শিক্ষক শূন্যতার বিষয়ে আমি নিজেও আলোচনা করেছি। এ ছাড়া শিক্ষকেরা গ্রামে থাকতে চান না। গ্রামের বিদ্যালয়গুলোতে তাঁদের বদলি করা হলেও দেনদরবার করে উপজেলা সদরে অথবা সুবিধাজনক স্থানে আবার বদলি হয়ে যান।’উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল্লাহ নুরী প্রথম আলোকে বলেন, ‘নতুন শিক্ষক নিয়োগের জন্য তো পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপানো হয়েছে। এসব নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হলে আশা করছি শূন্যপদ পূরণ সম্ভব হবে।’