সোনাগাজীর গ্রামপুলিশ সদস্যদের মানবেতর জীবনযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনাগাজী উপজেলায় গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশ প্রশাসনকে সহায়তার কাজে নিয়োজিত ১০০ জন গ্রামপুলিশের সদস্য মানবেতর জীবন যাপন করছেন। দুই-তিন মাস পর সরকারি অংশের বেতন-ভাতা পেলেও দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত বেতন-ভাতা পাচ্ছেন না। ফলে পরিবার-পরিজন নিয়ে তাঁরা অভাব-অনটনে মানবেতর জীবন যাপন করছেন। নিয়ম অনুযায়ী স্থানীয়ভাবে গ্রামীণ হাট-বাজার ইজারা ও গৃহকর (হোল্ডিং ট্যাক্স) থেকে গ্রামপুলিশ, চৌকিদার, দফাদারদের বেতন-ভাতা পরিশোধ করার কথা। কিন্তু ইউনিয়ন পরিষদ তা করে না। অথচ প্রতিবছর চৌকিদারি ট্যাক্স আদায় করা হয়। গ্রামপুলিশের সদস্যরা দায়িত্ব পালনের জন্য নির্ধারিত পোশাক ও ছেঁড়া জুতা পরে, ছাতা ও টর্চলাইট ছাড়া গ্রামীণ জনপদে ও পৌর শহরে কাজ করেন। জানা যায়, গ্রামপুলিশের সদস্যরা ইউনিয়ন পরিষদের (ইউপি) বাদী-বিবাদীর বাড়িতে খবর দেওয়া, চেয়ারম্যান ও সদস্যদের আদেশ-নির্দেশ পালনের পাশাপাশি রাত জেগে গ্রামে পাহারা দেন। এ ছাড়াও তাঁদের প্রতি সপ্তাহে থানায় এসে পুলিশের কাছে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন (রিপোর্ট) দিতে হয়। এসব দায়িত্ব পালন করেও মাস শেষে একজন গ্রামপুলিশ সরকারি অংশের ৭৫০ ও ইউপি থেকে ৬৫০ টাকা পান। কিন্তু ইউপি থেকে তাঁরা কোন বেতন-ভাতা পান না বলে একাধিক গ্রামপুলিশের সদস্য অভিযোগ করেছেন। সোনাগাজী গ্রামপুলিশ সমিতির সভাপতি গোলাম মাওলা চৌকিদার জানান, প্রায় দুই বছর ধরে তাঁরা ইউনিয়ন পরিষদের বেতন-ভাতা পাচ্ছেন না। এ নিয়ে কারও কোনো মাথাব্যথাও নেই। তিনি আরও বলেন, সব চাকরিজীবীর বেতন-ভাতা বাড়ে, শুধু গ্রামপুলিশের বাড়ে না। বর্তমান বাজারে তাঁদের এ বেতন-ভাতা দিয়ে পরিবার-পরিজন নিয়ে এক সপ্তাহও ভালোভাবে চলে না। চরদরবেশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, সঠিকভাবে কর আদায় না হওয়ায় অনেক সময় গ্রামপুলিশদের বেতন-ভাতা দেওয়া সম্ভব হয় না। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল্লাহ নুরী প্রথম আলোকে জানান, গ্রামপুলিশের সদস্যদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করা হয়। অর্থসংকটের কারণে অনেক সময় ইউনিয়ন পরিষদগুলো বেতন পরিশোধ করতে পারে না। নিয়মিত যাতে তাঁরা বেতন-ভাতা পান, সে ব্যাপারে ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হবে। উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম প্রথম আলোকে জানান, জরুরি ভিত্তিতে গ্রামপুলিশের সদস্যদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে।