সোনাগাজীর চর আবদুল্লায় জ্বালানি ও পানিসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চর আবদুল্লায় তীব্র পানি ও জ্বালানিসংকট চলছে। বিশাল এ চরে তেমন কোনো গাছপালা নেই। তাই জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য লাকড়ি পাওয়া যায় না। চরবাসী হনুফা খাতুন ও সেকান্দর আলী জানান, এখানে গরু ও মহিষের শুকনো গোবর জ্বালানি হিসেবে ব্যবহূত হয়। চরচান্দিয়া থেকে ভেড়া চরাতে আসা আলী আকবর জানান, ‘এখানে পানি পাওয়া যায় না। দু-একটা জলাশয় থাকলেও প্রায় শুকিয়ে গেছে। ভেড়াগুলোকে পানি খাওয়াতে পারছি না।’ গৃহবধূ মোহছেনা খাতুন ও আরব আলী জানান, গোটা চর এলাকায় মাত্র দুটি নলকূপ আছে। চরের শতাধিক পরিবার এ উৎস থেকেই পানি সংগ্রহ করে।চিকিৎসা পেতে হলে হাঁটতে হয় তিন মাইল: চর আবদুল্লায় কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই। অসুখ হলে তিন মাইল হেঁটে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। এলাকার বাসিন্দা খদিজা বেগম জানান, এখানে অনেক সমস্যা-সংকটের মধ্যে আছেন তাঁরা। কোনো জিনিস প্রয়োজন হলে অনেক দূর থেকে আনতে হয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো নয়। কেউ বেশি অসুস্থ হলে রিকশা এনে মোটা অঙ্কের ভাড়া দিয়ে হাসপাতালে নিতে হয়। আরেক বাসিন্দা আকবরের স্ত্রী সুলতানা জানান, গোটা এলাকায় একটিও ফার্মেসি নেই। মাঝেমধ্যে দস্যুরা হানা দেয়। লুটপাট চালিয়ে পালিয়ে যায়।এ ব্যাপারে চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান সামসুদ্দিন ওরফে খোকন জানান, ‘ভৌগোলিক কারণে এ এলাকাটি দুর্গম চরাঞ্চল হওয়ায় এলাকাবাসীকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। পানিসংকটের ব্যাপারে আমরা ওই এলাকায় গভীর নলকূপ বসানোর উদ্যোগ নিয়েছি। অপরদিকে নদীবেষ্টিত এলাকা হওয়ার কারণে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা প্রশাসনের পক্ষে সম্ভব হয় না।’ এ ব্যাপারে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, আদর্শ গ্রামের পুলিশ ফাঁড়ির নির্মাণকাজ শেষ হলে এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।