সোনাগাজীর চর থেকে দুই শতাধিক গবাদিপশু লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর উপকূলীয় চরাঞ্চলের ১৭টি খামার থেকে দুই শতাধিক গরু, মহিষ ও ভেড়া লুট করে নিয়ে গেছে জলদস্যুরা। এ সময় দস্যুদের হামলায় ছয় খামার-কর্মী আহত হয়েছেন। গত ৩১ মে ও ১ জুন রাতে জলদস্যুরা এ লুটপাটের ঘটনা ঘটায়। লুট হওয়া পশুর দাম প্রায় ৬০ লাখ টাকা হবে বলে খামারের মালিকেরা জানান। এ ঘটনার পর স্থানীয় খামারিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই ভয়ে খামার থেকে তাঁদের পশু অন্যত্র সরিয়ে ফেলছেন। এ ব্যাপারে সোনাগাজী থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক বা কোনো পশু উদ্ধার করতে পারেনি। জানা গেছে, আসামিদের বেশির ভাগ কোম্পানীগঞ্জ, হাতিয়া ও সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। ঘটনায় স্থানীয় মাস্তানেরা জড়িত থাকলেও ভয়ে মামলায় কারও নাম দেওয়া হয়নি বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন। এর পরও মাস্তানেরা মামলা তুলে নেওয়ার জন্য বাদীপক্ষকে হুমকি দিচ্ছে বলে জানা গেছে। পুলিশ ও খামারিদের সূত্র জানায়, গত ৩১ মে ও ১ জুন রাতে সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সমুদ্র উপকূলীয় চর আবদুল্লা, পূর্ব বড় ধলি, তাকিয়ার টেক ও দক্ষিণ চর চান্দিয়া গ্রাম এলাকার পশুখামারে একদল জলদস্যুরা হানা দেয়। কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) নিয়ে আসা জলদস্যুরা ছিল অস্ত্রধারী। তারা প্রথমে চর আবদুল্লা গ্রামের আবুল হাসেমের খামার থেকে ২৩টি ও তাকিয়ারটেক এলাকায় আবদুস শুক্কুরের খামার থেকে ছয়টি গরু, ছয়টি মহিষ ও ৫০টি ভেড়া লুট করে। এ সময় তারা খামার এলাকায় আবদুস শুক্কুরের মুদি-মনিহারি দোকান থেকেও মালামাল লুট করে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা দক্ষিণ চর চান্দিয়া গ্রামের আবুল কালামের ১৫টি, মাওলানা লোকমানের ১১টি, জেবল হকের আটটি, ফকির আহম্মদের ছয়টি এবং আবদুল মন্নানের ছয়টি গরু ও আবদুল মান্নানের ৩০টি ভেরা লুট করে। এ ছাড়া আবুল কাশেমের তিনটি, নূর নবীর ছয়টি, মানিক মিয়ার দুটি ও আবদুল মতিনের দুটি গরু এবং আনোয়ারুল কবিরের ২০টি, আবুল কালামের ১০টি, আবু ইউছুপের ১০টি, জামালউদ্দিনের পাঁচটি ও আবু তাহেরের পাঁচটি ভেড়া লুট করে দস্যুরা। তারা এসব পশু ট্রলারে তুলে সমুদ্রপথে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। চর আবদুল্লার খামারের মালিক আবুল হাসেম জানান, চরাঞ্চলের খামার থেকে বিভিন্ন পশু লুট ও কর্মীদের মারধরের ঘটনায় খামারিরা আতঙ্কিত হয়ে পড়েছেন।সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র বড়ুয়া বলেন, পশুখামারে লুটের সংবাদ শুনে পুলিশ রাতেই ঘটনাস্থলে রওনা দিয়ে দুর্বৃত্তদের ধরার চেষ্টা করে। তবে দুর্গম চরাঞ্চল হওয়ায় তাদের আটক করা যায়নি। তিনি এ ঘটনায় থানায় দুটি পৃথক মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।