সোনাগাজীর হাসপাতালটি হয়েও হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণকাজ শেষ হলেও লোকবল ও চিকিত্সা সরঞ্জামের অভাবে চালু হয়নি মঙ্গলকান্দি হাসপাতাল  প্রথম আলো
নির্মাণকাজ শেষ হলেও লোকবল ও চিকিত্সা সরঞ্জামের অভাবে চালু হয়নি মঙ্গলকান্দি হাসপাতাল প্রথম আলো

২০ শয্যার হাসপাতালটির নির্মাণকাজ শেষ হওয়ার পর এলাকার সাধারণ মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সবার প্রত্যাশা ছিল, এলাকায় হাসপাতাল হওয়ায় তাদের আর উপজেলা বা জেলা সদরে ছোটাছুটি করতে হবে না চিকিৎসার জন্য। পোহাতে হবে না দুর্ভোগ। কিন্তু সে আনন্দে দ্রুত ভাটা পড়ে, যখন শোনা গেল চিকিৎসক ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে হাসপাতালটি তাড়াতাড়ি চালু হচ্ছে না।

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দিতে ফেনী-সোনাগাজী সড়কের পাশে বক্তারমুন্সি ডাকবাংলোর পাশে মির্জাপুর গ্রামে ছয় কোটি টাকা ব্যয়ে হাসপাতাল ভবনটি নির্মাণ করা হয়। গত বছর ৯ সেপ্টেম্বর জেলার সিভিল সার্জন এবং সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে ভবনটি বুঝিয়ে দেন ঠিকাদার। কিন্তু চিকিৎসা কার্যক্রম কখন শুরু হবে, তা এখনো অনিশ্চিত।

এলাকাবাসী জানান, একটি হাসপাতালের অভাবে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি, চর মজলিশপুর, বগাদানা, নবাবপুর, আমিরাবাদ, চর দরবেশ ও ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দুই লাখ লোক চিকিৎসাসেবা পাচ্ছিল না। তাদের সুচিকিৎসার লক্ষ্যে একটি হাসপাতাল স্থাপনের জন্য মির্জাপুর গ্রামের কয়েকজন সমাজসেবক ১৯৬৪ সালে স্বাস্থ্য বিভাগকে তিন একর জমি দান করেন। কিন্তু সরকার সেখানে শুধু একটি পরিবারকল্যাণকেন্দ্র স্থাপন করে। এতে প্রাথমিক চিকিৎসা ছাড়া অন্য কোনো জটিল বা স্থায়ী চিকিৎসা দেওয়া হতো না। এ কারণে সংশ্লিষ্ট রোগীরা সোনাগাজী উপজেলা বা জেলা সদরের সরকারি-বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২০১০ সালে সরকার মির্জাপুরে ২০ শয্যার একটি হাসপাতাল স্থাপনের ঘোষণা দেয়। ওই বছর ১৮ আগস্ট দরপত্র আহ্বান করা হয়। পাঁচ কোটি ৯২ লাখ ৯১ হাজার ৮৮৭ টাকায় নির্মিত হাসপাতাল ক্যাম্পাসে রয়েছে হাসপাতাল ভবন, কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন, ডক্টরস ও নার্স ডরমেটরিসহ আনুষঙ্গিক অবকাঠামো। ঠিকাদারি প্রতিষ্ঠান চট্টগ্রামের মেসার্স রয়েল অ্যাসোসিয়েট অ্যান্ড দেশ উন্নয়ন লিমিটেড গত বছর ৯ সেপ্টেম্বর সিভিল সার্জন এবং সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে ভবনগুলো বুঝিয়ে দেন। তবে প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি, আসবাব ও চিকিৎসা সরঞ্জাম এখনো অনুমোদন দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। এ কারণে হাসপাতালটি এখনই চালু করা যাচ্ছে না।

বিষয়টি স্বীকার করেছেন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছারোয়ার জাহান। প্রথম আলোকে তিনি জানান, হাসপাতালটি চালু করার জন্য প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি, ওষুধ, আসবাবসহ আনুষঙ্গিক সামগ্রীর জন্য সিভিল সার্জনের কাছে চিঠি লেখা হয়েছে।

ফেনীর সিভিল সার্জন মো. জাকির হোসেন জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গত ১৭ সেপ্টেম্বর প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদিত হয়ে এলে হাসপাতালটি চালু করা সম্ভব হবে।