সোনাজয়ী তিন পাহাড়ি কন্যা
বাবা-মায়ের স্নেহের পরশে বেড়ে উঠছিল তিন পাহাড়ি কন্যা জউ প্রু, উসাইনো ও ঞোনাই চাক। কিন্তু আর্থিক অনটনের কারণে ছয়-সাত বছর বয়সেই ঘর ছাড়তে হয় তাদের। বাবা-মায়ের স্নেহের বন্ধন ছেড়ে ঠাঁই হয় অনাথ আশ্রমে। সেখানেই ওদের বেড়ে ওঠা। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতিও ছিল তাদের প্রবল আগ্রহ। তার স্বীকৃতি মিলেছে সম্প্রতি। জউ প্রু ও উসাইনো দক্ষিণ এশীয় গেমসে কাতা ইভেন্টে আর ঞোনাই ভারতের গুজরাটে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ওয়াডোখাই কারাতে চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে। জউ প্রু ও উসাইনো থাকে লামা মহামুনি শিশুসদনে আর ঞোনাই রামু জগেজ্যাতি চিলড্রেন ওয়েলফেয়ার হোমে। জউর বয়স তখন সাত বছর। অভাবের কারণে বাবা-মা তাকে অনাথ আশ্রমে দিয়ে দেন। ছোটবেলা থেকেই তার খেলাধুলার প্রতি বেশ আগ্রহ দেখেই বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান যোশেলা মারমা তাকে মার্শাল আর্টের ক্লাসে ভর্তি করে দেন। আর তখন থেকেই তার শুরু। এসএ গেমসে সবাই বছরের প্রথমে ক্যাম্পে যোগ দিলেও তার প্রস্তুতি শুরু হয় জুনে। এ ছাড়া এই ইভেন্টে তার খেলার কথাও ছিল না। মুন্নি নামের এক প্রতিযোগী ক্যাম্প চলাকালে অসুস্থ হয়ে পড়ায় জউর ডাক পড়ে। ব্যক্তিগত ও যৌথ কাতা ইভেন্টে জউ সর্বোচ্চ পয়েন্ট পেয়ে দুটি সোনা ও একটি তাম্র পদক জেতে। রামু কলেজের একাদশ শ্রেণীতে পড়ে ঞোনাই চাক্। রামু জগেজ্যাতি চিলড্রেন ওয়েলফেয়ার হোমেই তার বেড়ে ওঠা। বাড়ি নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহিন পাহাড়ে। গান, নাচ, কবিতা আবৃত্তি এমনকি ভলিবল ও ফুটবলেও সমান পারদর্শী। গত নভেম্বর-ডিসেম্বরে ভারতের গুজরাটে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ওয়াডোখাই কারাতে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় নেপাল, শ্রীলঙ্কার সঙ্গে খেলে সোনা জেতেন ঞোনাই। তবুও তাঁর মনে কষ্ট জমে আছে। সে কথা জানান এভাবে—‘এই বছরের শুরুতে এসএ গেমসের ক্যাম্পে যোগ দিই। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, খেলা শুরুর এক সপ্তাহ আগে আমাকে হোমে চলে আসতে হয়। ভাগ্য খারাপ তাই খেলতে পারিনি।’ রামু বালিকা উচ্চবিদ্যালয় থেকে আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে উসাইনো। বাড়ি লামা উপজেলায়। পাঁচ-ছয় বছর বয়স থেকে লামা মহামুনি শিশুসদনের বাসিন্দা। যৌথ কাতা ইভেন্টে সোনা জেতেন সে। এই তিনজনকে সংবর্ধনা দেওয়া হয় গত ২৭ মার্চ জগতজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোমে। হোম পরিচালনা কমিটির সভাপতি মনোহরী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোমের প্রতিষ্ঠাতা ইতালির নাগরিক ফাদার পিয়াট্টো লুইজি লুপি। স্বাগত বক্তব্য দেন হোমের পরিচালক প্রসূন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল মনসুর, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম ছিদ্দিকী, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নূরুল ইসলাম ও কক্সবাজার সমাজসেবা অধিদপ্তরের সুধীর শুক্ল দাস। বক্তব্য দেন রাজু বড়ুয়া, শ্রীমান বড়ুয়া, মোহাম্মদ শহীদ উল্লাহ, কিশোর বড়ুয়া, বিজন বড়ুয়া প্রমুখ। সংবর্ধনার জবাবে জউ বলেন, ‘আজ আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই ফাদারকে (ফাদার পিয়াট্টো লুইজি লুপি)। যিনি আমাকে নতুন জীবন দিয়েছেন। আমরা যতই ভালো খেলি না কেন, তিনি যদি খেলার সুযোগ সৃষ্টি করে না দিতেন তাহলে এ সাফল্য অর্জন কোনো দিন সম্ভব হতো না।’ জউ আরও বলেন, ‘সোনা জিতেছি এটা বড় কথা নয়, আর্ন্তজাতিক পরিমণ্ডল থেকে দেশের জন্য সুনাম বয়ে আনতে পেরেছি, এটাই আমার জন্য আনন্দের, গৌরবের।’ফাদার পিয়াট্টো লুইজি লুপি বলেন, ‘নিয়মিত চর্চা এবং সদিচ্ছা থাকলে যে সাফল্য অর্জন করা সম্ভব এরা তার জ্বলন্ত উদাহরণ। আজ আমি সত্যিই গর্বিত আমার মেয়েরা দেশ ও জাতির জন্য সম্মান বয়ে এনেছে। আমি জানি আমার প্রতিটি হোমে অনেক প্রতিভাবান আছে। আমি সব সময় চেষ্টা করেছি তাদের প্রতিভার যথাযথ বিকাশ ঘটাতে।’