সোনাজয়ী দুই মেয়ে
এবারের অষ্টম বাংলাদেশ গেমসে মেয়েদের বিভাগে ছয়টি সোনা জিতেছেন সোনিয়া আক্তার। আর অ্যাথলেটিকসের ট্র্যাক দখলে ছিল জাকিয়া সুলতানার। এই দুজনের স্বপ্নপূরণের গল্প আজ জানব। দৌড়েই জাকিয়ার স্বপ্নপূরণশেলি-অ্যান ফ্রেজারের দৌড় দেখেছেন। দৌড় (রান) দেখেছেন অভিষেক বচ্চনেরও! জ্যামাইকান স্প্রিন্টার আর বলিউডের নায়কের দৌড়ানোর দৃশ্যগুলো টেলিভিশনেই দেখা। এবারের অষ্টম বাংলাদেশ গেমসে ২০০ ও ৪০০ মিটার দৌড়ে সোনাজয়ী অ্যাথলেট জাকিয়া সুলতানা হাসতে হাসতে বলছিলেন, ‘দৌড়ে অভিষেককে হারিয়ে দিতে পারব।’ দৌড়টা রক্তে মিশে আছে নাটোরের মেয়ে জাকিয়ার। সেই ছোটবেলা থেকে অন্য খেলার চেয়ে দৌড়ের দিকেই বেশি মনোযোগ থাকত। স্কুলে তাই স্বাধীনতা দিবস, বিজয় দিবসের খেলাধুলাতে সবার আগেই থাকতেন জাকিয়া। শৈশবের দস্যিপনা কখনোই ছুঁয়ে যায়নি তাঁকে। একটু চাপা স্বভাবের মেয়ে একবারই বাবার কাছে বকা খেয়েছিলেন। এই মেয়ে ২০০৭ সালে ভর্তি হন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান—বিকেএসপিতে। ১৯৯৯ সালের বাংলাদেশের দ্রুততম মানব আবদুল্লাহ হেল কাফি তাঁকে সব সময় লক্ষ্য অর্জনের জন্য সহযোগিতা করেছেন। বর্তমানে তিনি জাকিয়ার কোচ। বাংলাদেশ গেমসের মধ্যেই চলেছে জাকিয়ার উচ্চমাধ্যমিক পরীক্ষা। অনুশীলন আর পড়াশোনাটা একই সঙ্গে চালিয়ে যেতে একটু কষ্ট হলেও মেনে নিয়েছেন সেটি। ২০০ মিটারই তাঁর প্রিয়।গত বছর জাতীয় প্রতিযোগিতায় ফটো ফিনিশিংয়ে রুপা জিতলেও এবারই প্রথম বড় কোনো আসরে জিতলেন ২০০ মিটারে সোনা। ১০০ মিটার স্প্রিন্ট এখনই নয়, বলছিলেন জাকিয়া, ‘১০০ মিটারেই সবার চোখ থাকে জানি। কিন্তু ১০০ মিটারে দৌড়াতে একটু ভয়ই লাগে আমার। ভেতর থেকে সেভাবে আত্মবিশ্বাসও পাই না। তবে ভবিষ্যতে হয়তো দৌড়াতেও পারি।’বাবা জান মোহাম্মদ নাটোর শহরের বৈদ্যুতিক পণ্যের ব্যবসায়ী। বাবার স্বপ্ন মেয়েকে খেলোয়াড় বানানো। সেই স্বপ্নপূরণের জন্য খেলাতেই দিয়েছেন মনোযোগ।জাকিয়া বলেন, ‘আমাদের মেয়েরা এখন এভারেস্ট জয় করছে। তাহলে এসএ গেমসে কেন সোনা জিততে পারব না আমরা। বিকেএসপি এবং ফেডারেশন আমাদের যদি দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা রাখে, আমিও দেশকে সোনা উপহার দিতে পারব।’ বিকেএসপির মেয়েটা এখন নিজের আকাশছোঁয়া স্বপ্নটা সত্যি করার প্রতীক্ষায়।সাঁতারের প্রজাপতি সোনিয়াসোনিয়া আক্তার ১৪-১৫ জনের দলের সঙ্গে প্রতিদিনই যেতেন সাঁতারের অনুশীলনে। কোনো সুইমিংপুলে নয়। ঝিনাইদহের ভুটিয়ারগাদী গ্রাম থেকে ঘণ্টা খানেক হেঁটে দূরের নবগঙ্গা নদীই ছিল তাঁর অনুশীলনের জায়গা।সেই সোনিয়া এখন ঝড় তোলেন সাঁতার পুলে। এবারের বাংলাদেশ গেমসে মাতিয়েছেন ঢাকার মিরপুর সুইমিং কমপ্লেক্স। মেয়েদের বিভাগে সবচেয়ে বেশি সোনা তাঁরই—ছয়টি সোনাসহ একটিতে রেকর্ড গড়ে জিতেছেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সেরা খেলোয়াড়ের পুরস্কারও। ২০০৩ সালে শুরু সোনিয়ার। মামা জাহিদ মোল্লা জোর করেই একবার পানিতে নামিয়েছিলেন। ২০১০ সালে জাতীয় সাঁতারে ১০টা সোনা ও একটি রুপা জিতে হয়েছিলেন সেরা। পরের বছর জেতেন ১১টি সোনা। গত বছর অনুশীলন করতে পারেননি একটুও, তার পরও পাঁচটি সোনা জিতেছিলেন। বাবা আনিসুর রহমান ঝিনাইদহ শহরে পান-সুপারি বিক্রি করতেন ছোট একটা টং ঘরে। সেই দোকানটাই এখন বদলে হয়েছে মুদিখানা। এতেও বড় অবদান সোনিয়ার। উপার্জনের সব তুলে দেন বাবার হাতেই। পানের দোকানটা তাই এখন বদলে হয়েছে ‘সোনিয়া ভ্যারাইটিজ স্টোর’।ভুটিয়ারগাদী রসুলপুর দাখিল মাদ্রাসায় উচ্চমাধ্যমিকে পড়ছেন সোনিয়া। সাঁতারে সোনিয়া সমর্থন পান সবার কাছ থেকেই। নিজের বদলে যাওয়ার গল্পটা বলছিলেন এভাবেই, ‘ঢাকা থেকে বাড়ি গেলে পাড়ার সবাই ঘিরে ধরে। বলে তোকে টিভিতে দেখেছি, পত্রিকাতেও ছবি দেখেছি। এবার কয়টা সোনা জিতেছিস? আমাদের মিষ্টি খাওয়া।’ সোনিয়ার মাদ্রাসার অধ্যক্ষ আবু বকর সিদ্দিকীও পড়াশোনার ব্যাপারে অনেক সাহায্য করেন সোনিয়াকে। সমর্থন পাচ্ছেন নৌবাহিনী থেকেও। ‘নৌবাহিনীর প্রধান স্যারসহ অন্য সবাই আমাদের অনেক সাহায্য করেন।’ বলেন সোনিয়া। কর্মজীবনের শুরুতে আনসারে কাজ করলেও পরে যোগ দেন নৌবাহিনীতে। সোনিয়ার প্রিয় ইভেন্ট বাটারফ্লাই। এসএ গেমসে সোনা জিতে তাই একদিন উড়তে চান প্রজাপতির মতোই!