সোনাদিয়ার বিদ্যালয়টি চলছে একজন শিক্ষক দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পঞ্চম শ্রেণীতে পাঠদান করতে গেলে চতুর্থ ও তৃতীয় শ্রেণীতে পাঠদান বন্ধ থাকে। ২০০০ সাল থেকে বেশ কয়েকবার শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলেও বিচ্ছিন্ন এ দ্বীপে শিক্ষকতা করতে কেউ আবেদন পর্যন্ত করেননি। গত বছরের ৩১ জানুয়ারি প্রধান শিক্ষক সচিরাম দাশ অবসরে যাওয়ার পর থেকে একজন শিক্ষক দিয়ে অতিকষ্টে বিদ্যালয়ের পাঠদান চলছে।’ চরম হতাশার সুরে কথাগুলো বললেন, ‘সোনাদিয়া রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভা রানী দাশ। উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে বিচ্ছিন্ন সোনাদিয়া দ্বীপ। এ দ্বীপে প্রায় ১০ হাজার মানুষের বাস। দ্বীপের শিক্ষাব্যবস্থার করুণদশার কারণে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে প্রায় এক হাজার শিশু। গত রোববার বিদ্যালয়ে দেখা যায়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে বসে খেলছে। আর পাশে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভা রানী দাশ। তিনি জানান, দ্বীপের পূর্বপাড়ায় এটি একমাত্র রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। পঞ্চম শ্রেণীর ছাত্র আনোয়ার হোসেন, মনির আহমদ ও বেলাল হোসেন জানায়, শিক্ষকের অভাবে দিনে ছয়টি শ্রেণীর কাজের মধ্যে দুটির বেশি হয় না। এক দিন গণিত হলে আরেক দিন ইংরেজি এবং পরের দিন বাংলা পড়ানো হয়। ফলে সময়মতো পাঠ্যসূচি অনুযায়ী পড়া শেষ করা যায় না। তারা নিয়মিত পাঠদান নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবি জানায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভা রানী দাশ জানান, ১৯৮৮ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকে তিনি এখানে শিক্ষকতা করছেন। শুরু থেকে প্রধান শিক্ষকসহ মোট শিক্ষক ছিলেন দুজন। গত বছর প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর থেকে একাই তাঁকে চালাতে হচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বিদ্যালয়ে ২০০ শিক্ষার্থী রয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গফুর বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকস্বল্পতার কারণে এলাকার প্রায় এক হাজার শিশু প্রাথমিক শিক্ষার সুযোগ পাচ্ছে না। দ্বীপের শিশুদের বিদ্যালয়মুখী করতে হলে অন্তত আরও চারটি প্রাথমিক বিদ্যালয় ও সে অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ একজন শিক্ষক দিয়ে একটি প্রতিষ্ঠান চালানো কোনোভাবেই সম্ভব নয় উল্লেখ করে বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য অনেকবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও লাভ হয়নি। কারণ দ্বীপ এলাকায় শিক্ষকতা করতে কেউ যেতে চান না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, সোনাদিয়া দ্বীপের একমাত্র বিদ্যালয়ের অবস্থা খুবই নাজুক। শিক্ষকস্বল্পতার কারণে শিক্ষার্থীরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। এলাকায় আরও দুটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা দরকার।