দেখতে দোয়েল পাখির মতো, সাদা-কালো ধূসর বর্ণের শরীর। ওজন ৩০০-৪০০ গ্রামের কাছাকাছি। ঠোঁট চামচের মতো বলে এই পাখির নাম ‘চামচ ঠোঁট বাটান’। ইংরেজি নাম Spoon billed Sandpiper। পাখি বিশেষজ্ঞদের মতে, এই চামচ ঠোঁট পাখি সারা পৃথিবীতে রয়েছে মাত্র ৩৫০টি। এক সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে এই প্রজাতির কোটি কোটি পাখি নজরে পড়লেও নানা কারণে এখন বিলুপ্তির দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। পৃথিবীর ৩৫০টি চামচ ঠোঁট পাখির মধ্যে ২৪টির দেখা মিলেছে কক্সবাজারের সাগরদ্বীপ সোনাদিয়ায়।গত ১১ থেকে ১৪ মার্চ (চার দিন) সোনাদিয়া দ্বীপের পাখি গণনা করতে আসে ঢাকার একটি পাখি বিশেষজ্ঞ দল। এর আগেও তাঁরা কয়েক বছর ধরে সোনাদিয়ায় সৈকত-পাখি নিয়ে গবেষণা এবং জরিপ চালিয়েছেন। গবেষক দল প্রতিবছর শীতের শুরুতে এবং শেষে পাখির জরিপ চালায়। চলতি সালের মার্চ মাসে এই গবেষক দল সোনাদিয়ায় ৩৪ প্রজাতির প্রায় ১০ হাজার পাখির সন্ধান পায়। এর মধ্যে ২৪টি পাওয়া গেছে ‘চামচ ঠোঁট বাটান’। অন্যান্য পাখির মধ্যে রয়েছে ১৯ প্রজাতির সৈকত পাখি, তিন প্রজাতির হাঁস, চার প্রজাতির গাংচিল, চার প্রজাতির পানচিল এবং চার প্রজাতির বক। সবচেয়ে বেশি দেখা গেছে ‘ছোট ধুলা জিরিয়া’ ও ‘বড় ধুলা জিরিয়া’ পাখি। গবেষক দলের প্রধান সমন্বকারী সায়েম ইউ চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ‘পৃথিবীতে প্রায় ৩৫০টি প্রাপ্তবয়স্ক চামচ ঠোঁট বাটান বেঁচে আছে বলে আমরা ধারণা করি। সোনাদিয়া দ্বীপ এই প্রজাতির পাখির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাসস্থল। দ্বীপের প্রতিবেশ ব্যবস্থা এবং কাদাচর থাকলে আমরা এই প্রজাতির পাখিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারব।’বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের যেসব দ্বীপে এবং চরগুলোতে পরিযায়ী পাখি দেখা যায় সোনাদিয়া দ্বীপ তার অন্যতম। প্রতিবছর হাজার হাজার পরিযায়ী পাখি শীতের শুরুতে উত্তর এশিয়া বা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে এ দ্বীপে আসে এবং গ্রীষ্মের শুরুতে আবার ফিরে যায় প্রজননের জন্য। উত্তর এশিয়ার তীব্র ঠান্ডা বা বৈরী আবহাওয়া এড়াতেই এসব পাখি হাজার মাইল পাড়ি দিয়ে আমাদের দেশে আশ্রয় নেয় এবং বছরের প্রায় অর্ধেক সময় এ দেশেই কাটায়।সোনাদিয়ার কাদাচর এসব পাখির অভয়াশ্রম বলে জানান পাখি বিশেষজ্ঞরা। সায়েম ইউ চৌধুরী জানান, ‘এবারের জরিপে আমরা প্রায় ১০ হাজার জলচর পাখি গণনা করেছি। তার মধ্যে বিশ্বব্যাপী বিপন্ন কয়েকটি পাখি এখানে দেখা গেছে। চামচ ঠোঁট ছাড়াও এখানে দেখা গেছে নর্ডম্যানের সবুজপা (Nordmann's Green Shank) ও বড় নট (Great Knot)।’গবেষক দলের অন্য দুই সহকারী মো. ফয়সাল ও ওমর শাহাদাত বলেন, ‘সোনাদিয়াতে শুধু চামচ ঠোঁট বাটান নয় দ্বীপটি বিশ্বব্যাপী বিপন্ন এবং গুরুত্বপূর্ণ পাখির আবাসস্থল এবং সামুদ্রিক কচ্ছপের অন্যতম প্রজননকেন্দ্র।’ গবেষকেরা জানান, এ দ্বীপকে সংরক্ষণ করার জন্য সরকার ১৯৯৯ সালে সোনাদিয়াকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ হিসেবে ঘোষণা করে এবং পরবর্তীকালে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প হাতে নেয়। তবে, এ দ্বীপের প্রতিবেশ ব্যবস্থা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আরও অনেক কিছু করার আছে।গত ২৯ মার্চ সরেজমিনে সোনাদিয়া দ্বীপ পরিদর্শন করে দেখা গেছে, বিস্তীর্ণ বালুচর এবং তার পাশে সবুজ প্যারাবনে হাজার হাজার পাখির মেলা। তবে পাখির এই অভয়ারণ্য সংরক্ষণ ও প্যারাবন পাহারা দেওয়ার জন্য উপকূলীয় বন বিভাগের চারজন এবং একটি বেসরকারি সংস্থার চারজন প্রহরী আছেন। পরিবেশ অধিদপ্তরের সিবিএ ইসিএ প্রকল্পের সোনাদিয়া পশ্চিমপাড়া গ্রাম সংরক্ষক দলের সভাপতি গিয়াস উদ্দিন জানান, সোনাদিয়া জীববৈচিত্র্য বিশেষ করে চামচ ঠোঁট বাটান রক্ষার জন্য আমরা পাখি শিকার প্রতিরোধের উদ্যোগ নিয়েছি। সোনাদিয়া দ্বীপের ইউপি সদস্য আবদুল গফুর জানান, সোনাদিয়া দ্বীপের বর্তমান লোকসংখ্যা প্রায় দুই হাজার ১০০। আগে এসব দ্বীপবাসী বনজঙ্গল ধ্বংস এবং বনের পশুপাখি শিকার করে জীবিকা নির্বাহ করতেন। এখন লোকজন অনেক সচেতন হয়েছেন।