সোনামণিদের পোশাক সবার আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আনন্দ সবচেয়ে বেশি উপভোগ করে ছোট্ট সোনামণিরা। বেশির ভাগ পরিবারে শিশুদের পোশাক কেনার মধ্য দিয়ে শুরু হয় ঈদের কেনাকাটা। প্রতিবছরের মতো এবারও তাই রোজার শুরু থেকেই মা-বাবার সঙ্গে ঈদের কেনাকাটা করতে নগরের বিপণিকেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছে শিশুরা।নগরের বিভিন্ন বিপণিকেন্দ্রে এবার মেয়ে শিশুদের ফ্রক, সালোয়ার কামিজ, স্কার্ট, ডিভাইডার, জিনস, টপসসহ নানা পোশাক এসেছে। পাওয়া যাচ্ছে টি-শার্ট, শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, জিনস, শেরওয়ানিসহ ছেলেশিশুদের রকমারি পোশাক। তবে বর্ষা ঋতুর সঙ্গে মানানসই আরামদায়ক ছোট হাতার জামাই এবার বেশি বিক্রি হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। বিভিন্ন বিপণিকেন্দ্র ঘুরে দেখা গেছে, এবার দেশি কাপড়ের প্রতি ঝুঁকছেন ক্রেতারা। শিশুদের পোশাকেও এমনটা লক্ষ করা গেছে। মেয়ে শিশুদের পোশাকে দেশিকাপড়ে এমব্রয়ডারি, ব্লক, কারচুপি ও নেটের কাজ করা পোশাকের কদর বেড়েছে। ছেলেদের ফতুয়া, পাঞ্জাবিতেও ছিল স্বদেশিয়ানার ছাপ। এ ছাড়া বর্ষা ও শরৎ ঋতুর কথা মাথায় রেখে অধিকাংশ পোশাকের হাতা খাটো রাখা হয়েছে। তবে পছন্দের তালিকার একটা বড় অংশজুড়েই থাকছে ছোটদের প্রিয় বিভিন্ন কার্টুন চরিত্র-সংবলিত টি-শার্ট ও জামা।নগরের আফমি প্লাজার এনএস ক্রিয়েশনের কর্ণধার নুরশাদ ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এবার শিফন ও প্রিন্টের তৈরি লম্বা ফ্রক ও কামিজ, বিভিন্ন ধরনের টপস ও টাইটস এবং ফতুয়ার ক্রেতা বেশি। ছেলেশিশুদের অ্যান্ডি সিল্কের খাটো পাঞ্জাবি ও নানা ডিজাইনের ফতুয়ার বিক্রি ভালো।’নগরের দামপাড়া এলাকার বুটিক হাউস রওসনসে শিশুদের পোশাকের বৈচিত্র্য ক্রেতাদের নজর কেড়েছে। দেশীয় সুতি, তাঁত, সিল্ক, কাতান, এমব্রয়ডারি, ব্লক ও কারচুপির কাজে বর্ণিল হয়ে উঠেছে শিশুদের সব পোশাক। রওশনসে সুতির সালোয়ার কামিজ ৭০০ টাকা থেকে দুই হাজার টাকায়, শার্ট-প্যান্ট সেট ৫০০ থেকে তিন হাজার টাকায়, কাতান কাপড়ে তৈরি লেহেঙ্গা দুই হাজার টাকা থেকে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে। রওশনসের সঙ্গে লাগোয়া শিশু পোশাকের আরেক বিক্রয়কেন্দ্র ‘কিডস ক্যাম্প’। এখানে বিক্রি হচ্ছে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া থেকে আনা হাতের ও মেশিনের কাজ করা পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, শেরওয়ানি, ফ্রক, স্কার্ট, জিনস ও টপস। কিডস ক্যাম্পে পাঞ্জাবি ও শেরওয়ানির দাম এক হাজার থেকে চার হাজার টাকার মধ্যে। এই শোরুমে পওয়া যাবে নবজাতকের জন্য আরামদায়ক পোশাকও। এসব বেবি সেটের দাম পড়বে ৫০ থেকে ৫০০ টাকা, গেঞ্জি সেটের দাম ২০০ টাকা থেকে এক হাজার ৫০০ টাকা।নগরের সানমার ওশান সিটিতে সন্তান রাফিকে (৬) নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছিলেন রাশেদুল আলম। রাফি বলে, ‘এ পর্যন্ত দুইটা ড্রেস কিনেছি। আরও একটা কিনব, এরপর জুতোও কিনতে হবে।’ সানমার ওশান সিটির পুরো তৃতীয় ও চতুর্থ তলাজুড়ে আছে শিশুদের পোশাকের বেশ কিছু দোকান। দেশি-বিদেশি নামী ব্র্যান্ডের পোশাকের খোঁজে এখানে আসেন ক্রেতারা। মেয়েশিশুদের ঈদের পোশাকের জন্য ক্রেতারা ভিড় জমাচ্ছেন এই বিপণিকেন্দ্রের পরিণীতা, শখ ও জারা ফ্যাশনের শোরুমে। এসব দোকানে খুশি, মানবী, জিবীকা, পানকৌড়ি নামের পোশাক বিক্রি হচ্ছে তিন হাজার থেকে ৩০ হাজার টাকায়। এ ছাড়া নগরের আমিন সেন্টার শপিং কমপ্লেক্স, মিমি সুপার মার্কেটসহ বেশ কিছু বিপণিকেন্দ্রে শিশুদের পোশাকের বিক্রি জমজমাট হয়ে উঠেছে। পাশাপাশি রিয়াজউদ্দিন বাজার, হকারস মার্কেট, বে-শপিং সেন্টার থেকেও মধ্যম ও নিম্ন আয়ের অভিভাবকেরা খুঁজে নিচ্ছেন তাঁদের সোনামণিদের জন্য পছন্দের পোশাক।