সোনামণির ঈদ
সোনামণির ঈদের পোশাক সবার আগে। পরিবারের সব আনন্দ যেন কনিষ্ঠ সদস্যদের ঘিরে। ঈদের দিন বেলায় বেলায় চলে তাদের পোশাক পরিবর্তন। পছন্দের পোশাকের জন্য বড়দের কাছে আবদারেরও শেষ নেই। বড়রা ব্যস্ত সময় কাটাচ্ছেন তাদের আবদার পূরণে।এবার ঈদ যেহেতু শ্রাবণ মাসে তাই কখনো বৃষ্টি আবার কখনো প্রচণ্ড রোদ অর্থাৎ ভ্যাপসা গরম থাকবে। তাই আবহাওয়ার কথা মাথায় রেখে সোনামণির জন্য চাই আরামদায়ক পোশাক। অঞ্জনস, আড়ং, রঙ, দেশাল, নগরদোলা, সাদাকালো, স্নেহা, চারুচট্টগ্রাম, আরিয়ান ফ্যাশন, ময়ূরাক্ষী ইত্যাদি প্রায় সব ফ্যাশন হাউসই তাদের নিজেদের পোশাকের পসরা সাজিয়েছে ঈদকে সামনে রেখে। শিশুদের পোশাকের বিশাল সংগ্রহ রয়েছে চারুচট্টগ্রামেও। ঈদে শিশুদের পোশাকের বিভিন্ন দিক নিয়ে জানতে চাইলে চারুচট্টগ্রামের কর্ণধার শিমুল খালেদ বলেন, শিশুরা অতিমাত্রায় সংবেদনশীল। তাই এমন পোশাক পরানো উচিত না, যা অস্বস্তির কারণ হয়ে যায়। এবারও আমরা নিত্যনতুন ডিজাইনের বেশকিছু শিশুদের পোশাক করেছি। পাঞ্জাবি, ফতুয়া থ্রি-পিসসহ সব ধরনের পোশাকে থাকছে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। রয়েছে ব্লক, টাইডাই, অ্যামব্রয়ডারি ও মিক্স ফিউশনধর্মী কাজ। আর আরামের কথা ভেবে সুতি, সিল্ক ও দোপিয়ান কাপড় ব্যবহার করা হয়েছে।আড়ংয়ে মেয়ে শিশুদের জন্য রয়েছে পার্টি ফ্রক, হাতের জমকালো কাজ করা সালোয়ার-কামিজ, ঘাগড়া চোলি। সালোয়ার ও প্যান্টের নকশা এবং কাটিংয়ে আনা হয়েছে বৈচিত্র্য। টাগা টপস, প্যান্ট ও বেল্টও রয়েছে। উৎসবের আমেজ ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম হাতের কাজ দিয়ে। ছেলেশিশুদের জন্য করা হয়েছে অ্যান্ডি, সিল্ক, মসলিন, খাদি, ও সুতির পাঞ্জাবি। এ ছাড়াও রয়েছে চেক শার্টের সঙ্গে প্যান্ট ও এক্সক্লুসিভ শার্ট, টি-শার্ট ও টুপি। আড়ংয়ে কথা হয় গৃহিণী রুবা আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘আমার মেয়ের বয়স দুই। যেহেতু ঈদ তাই একটু জমকালো কিন্তু আরামদায়ক পোশাক খুুঁজছি। এখন দাম আর পছন্দ মিললেই কিনে ফেলবো’এদিকে নিপুণ, কে-ক্র্যাফট, বাংলার মেলা এবং আফমি প্লাজা, সেন্ট্রাল প্লাজা, মিমি সুপার মার্কেট, বিপণিবিতানের ছোট-বড় সব ফ্যাশন হাউসে শিশুদের নান্দনিক পোশাক পাওয়া যাবে।দরদামকাজ অনুসারে পাঞ্জাবির দাম পড়বে ২৫০ থেকে তিন হাজার টাকা, টি-শার্ট ১৫০ থেকে ৫০০ টাকা, ফতুয়া ২৫০ থেকে এক হাজার ২০০ টাকা, মেয়ে শিশুদের সালোয়ার কামিজ ৮৫০ থেকে সাত হাজার টাকা ও ফ্রক ৫০০ থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে। আর বিভিন্ন শপিংমলে বাচ্চাদের পোশাক পাওয়া যাবে ৩০০ থেকে সাত হাজার টাকার মধ্যে।