সোনামণির জন্য জীবনবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের নাশতা করছিলেন মাঈনুদ্দীন। মনটা বড়ই অস্থির। সন্তানসম্ভবা স্ত্রীর চেহারাটা মনের আয়নায় ভেসে উঠছে বারবার। এক মাস ধরে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন না। অনাগত সন্তানের খোঁজও নিতে পারছেন না। ডাক্তার বলেছেন, ১৮ জানুয়ারি তাঁর সন্তান পৃথিবীর মুখ দেখবে। কিন্তু তিনি কিছুই জানতে পারছেন না। জলদস্যুরা ফোনের কাছে ঘেঁষতে দিচ্ছে না কাউকে।হঠাৎ এক অদ্ভুত খেয়াল চাপল মাঈনুদ্দীনের মাথায়, মার্কার পেন নিয়ে জাহাজের দেয়ালের হোয়াইট বোর্ডে ইংরেজিতে লিখলেন একটি বাক্য—‘হোপ ফর দ্য ডাই প্রিপেয়ার ফর দ্য হেল্প।’ ‘অস্ত্রের মুখে এভাবে বেঁচে থেকে লাভ কী?’ লেখায় সেটা কতটা অনূদিত হয়েছে তা বুঝতে না পারলেও মাঈনুদ্দীনের মনের ভাবটা ছিল এমনই। কিন্তু মনের ভাব প্রকাশ করে কী ভুল যে করে ফেললেন তিনি তা মিনিট কয়েক পর টের পেলেন। চোখ ফেরানোর আগেই দেখলেন সশস্ত্র কয়েকজন তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তারা মুখে কিছু না বললেও মাঈনুদ্দীনের লেখার অর্থ বের করার চেষ্টা করছে। পুরো বাক্যের অর্থ উদ্ধার করতে না পারলেও ‘ডাই’ শব্দে এসে চোখ আটকে গেল একজনের। এরপর ইংরেজি জানা লোক নিয়ে আসা হলো। লেখাটার মানে তারা কী বুঝল কে জানে, কিন্তু মাঈনুদ্দীনকে আলাদা করে ফেলল। তাঁর সঙ্গে রুক্ষ আচরণ করতে লাগল জলদস্যুরা। একপর্যায়ে দস্যুরা সিদ্ধান্তটা জানিয়ে দিল—মাঈনুদ্দীনকে গুলি করে মারা হবে। সঙ্গে নতুন অভিযোগ আনা হলো, তিনি নাকি লাদেন, জাহাজে আত্মঘাতী হামলা করতে পারেন। শেষ পর্যন্ত জাহাজের প্রধান কর্মকর্তা আবু নাসের জলদস্যুদের বোঝাতে সক্ষম হন যে মাঈনুদ্দীন ইচ্ছে করে এমনটি লেখেননি, অবচেতন মনে লিখে ফেলেছেন। তবে জলদস্যুরা এরপর থেকে মাঈনুদ্দীনকে আলাদা করে রাখে, শৌচাগারেও একা যেতে দেয়নি। প্রথম প্রথম বোতলে প্রস্রাব করতে হয়েছে তাঁকে।অনাগত যে সন্তানের জন্য জীবন বাজি রেখেছিলেন মাঈনুদ্দীন, তাঁকে দমায় কে? তাই তো সপ্তাহ দুয়েক পর জলদস্যুদের বুঝিয়েসুঝিয়ে বাড়িতে ফোন করার অনুমতি আদায় করেন। ১৮ তারিখের আগে স্ত্রী সারজিনা চৌধুরীর সঙ্গে এক মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয় তাঁকে। স্ত্রীর কাছে আকুল হয়ে জানতে চান মাঈনুদ্দীন, ‘আমার সন্তান কেমন আছে?’ সেদিনের কথাটা শোনা যাক সারজিনার মুখে, ‘মাত্র এক মিনিট সময়। আমি তাঁকে বললাম নরমাল ডেলিভারি হবে না, সিজার করাতে হবে।’জাহান মণির দ্বিতীয় প্রকৌশলী মাঈনুদ্দীন সম্প্রতি অন্য ২৫ নাবিকের সঙ্গে চট্টগ্রামে ফিরে আসেন। তখন তার সন্তানের বয়স ৫৮ দিন। বিমানবন্দর থেকে বেরিয়েই সন্তানকে প্রথম আদর করেন তিনি। সেদিন বুধবার বেড়াতে যান গ্রামের বাড়ি বাঁশখালীর জলদি ইউনিয়নের নোয়াপাড়ায়।জলদস্যুরা আপনাকে লাদেন বলত কেন? মাঈনুদ্দীন জানান, ‘আমরা জিম্মি হওয়ার পর মাথা ন্যাড়া করে ফেলি। দাঁড়ি ছিল লম্বা, নামাজ পড়ার সময় তালিম নিতাম। এতে জলদস্যুরা সন্দেহ করে। দ্বিতীয় প্রকৌশলী নুরে আলমকে মোল্লা ওমর ও আমাকে লাদেন বলত।’সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর কখন পেয়েছিলেন, এমন প্রশ্নের জবাবে মাঈনুদ্দীন বলেন, ‘২৩ জানুয়ারি সারজিনার সন্তান হয় অস্ত্রোপচারের মাধ্যমে। এর দুই দিন পর ফোন করেছিলাম। স্ত্রীর মুখ থেকেই শুনলাম আমার পুত্রসন্তান হয়েছে। অস্ত্রের মুখে বলে আনন্দে নাচতে পারিনি, কিন্তু মনটা নেচেছে ঠিকই।’এবার প্রশ্নটা সারজিনার উদ্দেশে—‘বাবা না থাকায় ছেলের নাম রাখেননি ৫৮ দিন। এখন কি রেখেছেন?’ মৃদু হেসে উত্তর দেন সারজিনা, ‘আমার ছেলের নাম রাখা হয়েছে মোহাম্মদ আরাফ বিন মাঈনুদ্দীন।’কে রেখেছেন? ‘কে আবার! তার বাবাই রেখেছে নামটা।’ বলেন সারজিনা।