সোনামণির পোশাক
‘ঈদে ওদের আনন্দ সবচেয়ে বেশি। কেনাকাটায় পরিবারের ছোট্ট সদস্যটির কথা ভাবা হয় সবার আগে। এবার গরম আবহাওয়ার সঙ্গে সংগতি রেখে বিভিন্ন নকশার সুতির কাপড়ের পোশাকই ক্রেতারা কিনছেন বেশি।’ বলছিলেন বিপণিবিতান (নিউমার্কেট) উল্লাসের স্বত্বাধিকারী মো. আখতার খান। এ ছাড়া শিশুদের ঈদ-আনন্দকে ভরিয়ে তুলতে বিভিন্ন ফ্যাশন হাউস এবং দোকানিরা বাজারে নিয়ে এসেছে দেশি-বিদেশি বাহারি সব পোশাক। সানমার ওশান সিটিতে দেখা গেছে, শিশুরা মা-বাবার হাত ধরে ঘুরে ঘুরে বাছাই করছে পছন্দের পোশাকটি। মার্কেটের তৃতীয় ও চতুর্থ তলায় বড়দের পোশাকের পাশাপাশি রয়েছে শিশুদের জন্য আকর্ষণীয় নকশার রুচিশীল সব পোশাক। তৃতীয় তলার পায়রা ফ্যাশনে গিয়ে দেখা গেল, ক্রেতারা ভিড় করে আছেন দোকানের চারপাশে। ক্রেতা সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। দোকানের মালিক মো. রাশেদ খান জানান, এবার সুতির ফ্রক, পার্টি ফ্রক, টপস, স্কার্টের চাহিদাই বেশি। সানমার ওশান সিটি ছাড়াও বিপণিবিতান, সেন্ট্রাল প্লাজা, চিটাগং শপিং কমপ্লেক্সসহ বিভিন্ন বিপণিকেন্দ্র এবং বুটিক হাউসেও দেখা গেছে শিশুদের নজর কাড়ার মতো সব পোশাকের সম্ভার। বিপণিবিতানের রয়েল টাচের স্বত্বাধিকারী মো. মনিরুল আলম বলেন, ‘আমরা সব শ্রেণীর ক্রয়ক্ষমতার কথা ভেবেই শিশুদের আকর্ষণীয় পোশাক নিয়ে এসেছি। এখানে থ্রি-পিস ৭০০ থেকে চার হাজার ৫০০, স্কার্ট ৮০০ থেকে দুই হাজার ২০০, দেশীয় ফ্রক ৩০০ টাকা থেকে দুই হাজার ৫০০ টাকা, মেয়েদের টপস ৭০০ থেকে তিন হাজার ৫০০ টাকা, ডিভাইডার সেট ৭০০ থেকে দুই হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া, ছেলেশিশুদের জন্য রয়েছে আকর্ষণীয় সব পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, টি-শার্ট ও জিনসের পোশাক। দাম পড়বে ৫০০ টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে। দামপাড়া পুলিশ লেইনের কাছে বুটিক হাউস রওশনস ঈদ উপলক্ষে শিশুদের জন্য এনেছে দেশীয় সুতি, তাঁত, সিল্ক, কাতান ও সপুরা সিল্কের কাপড়ের ওপর হাতের কাজ, অ্যামব্রয়ডারি, ব্লক ও কারচুপির কাজ করা শিশুদের নানা পোশাক। সুতির সালোয়ার-কামিজ ৭০০ থেকে দুই হাজার, শার্ট-প্যান্ট সেট ৫০০ থেকে তিন হাজার টাকা, কাতানের লেহেঙ্গা দুই হাজার থেকে চার হাজার টাকায় পাওয়া যাচ্ছে। রওশনসের লাগোয়া কিডস ক্যাম্পে পাওয়া যাচ্ছে ঢাকা, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া থেকে আনা জাঁকজমকপূর্ণ হাতের ও মেশিনের কাজ করা পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, শেরওয়ানি, ফ্রক, মাসাককালি, স্কার্ট, জিনস, টপস ইত্যাদি। পাঞ্জাবি ও শেরওয়ানির দাম এক হাজার থেকে চার হাজার টাকা। নবজাতকের জন্য আরামদায়ক বেবি সেটের দাম ৫০ থেকে ৫০০ টাকা, গেঞ্জি সেটের দাম ২০০ টাকা থেকে এক হাজার ৫০০ টাকা।সেন্ট্রাল প্লাজায়ও মিলছে শিশুদের পোশাক। মার্কেটের নিচ তলার ফ্যাশন বুটিকসের ব্যবস্থাপক মোজাম্মেল হক বলেন, ‘ভারতীয় কিছু সিনেমার নামের সঙ্গে মিল রেখে পোশাক এসেছে বাজারে। ঈদ উপলক্ষে ফ্রক স্টাইলের ওয়ান্টেড, বডিগার্ড নামের পোশাকই বিক্রি হচ্ছে বেশি।’