সোনামণির বসন্তবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত জানাচ্ছে বিদায়। মানে পাতা ঝরার দিন পেরিয়ে আসছে ফুলে ফুলে চারদিক ছেয়ে যাওয়ার দিন। বসন্তবরণের বিশেষ দিনটি কি কেবল নিজেকে সাজিয়ে-গুছিয়ে রাখার জন্যই? একদম না। বাড়ির ছোট্ট সোনাটি বাদ যাবে কেন? তার জন্যও নিন বিশেষ কিছু। নিজে রঙিন হয়ে ওঠার পাশাপাশি বসন্তের রঙে রাঙান তাকেও। জেনে নিন শিশুদের জন্য কী কী পাবেন চলতি বাজারে।ফ্যাশন হাউস রঙ এবার বসন্তকে সামনে রেখে শিশুদের জন্য এনেছে পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার-কামিজ, টি-শার্ট ও শাড়ি। ব্লকপ্রিন্টের বাহারি কাজ করা পাঞ্জাবি পাবেন সেখানে। পাবেন এমব্রয়ডারি ও ব্লকপ্রিন্টের শার্ট। তাঁতে বোনা সুতি শাড়ি, চেকের শাড়িও পাবেন রঙে। রঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা জানান, ‘বসন্ত মানেই ফুলের বাহার। তাই এই দিনটির জন্য ফ্লোরাল মোটিফের পোশাক রাখা হয়েছে বেশি। বাসন্তী রংকে প্রাধান্য দিয়ে অন্যান্য রং নিয়েও বানানো হয়েছে বাচ্চার পোশাক। হালকা ও গাঢ় সব ধরনের রঙের ব্যবহার হয়েছে বসন্তের পোশাকে।’বাংলার মেলায়ও ছেলে-মেয়ে উভয় শিশুর জন্যই পাবেন ফতুয়া। আপনার ছেলে শিশুটির জন্য স্ক্রিনপ্রিন্ট এবং ব্লকপ্রিন্ট করা ফতুয়া এবং মেয়েটির জন্য হাতের কাজ করা ও এমব্রয়ডারি করা ফতুয়া পাবেন এখানে।আজিজ সুপার মার্কেটে কাপড়-ই বাংলার কর্মী এ্যানি জানালেন, ‘আমাদের এখানে যেমন সালোয়ার-কামিজ, ফ্রক, পাঞ্জাবি, ফতুয়া এসব পাবেন, তেমনই পাবেন টপস ও স্কার্ট।’বসন্তে বাচ্চার পোশাক সম্পর্কে বিবিয়ানার ডিজাইনার লিপি খন্দকার জানান, ‘বসন্ত উপলক্ষে যেসব পোশাক আনা হয়েছে, সেখানে প্রাধান্য দেওয়া হচ্ছে রংকে। হলুদ রংটি রেখে তার সঙ্গে সবুজ ও কমলার সমন্বয়ে বানানো হয়েছে এসব পোশাক। অনেকে চান মা-বাবার সঙ্গে মিলিয়ে বাচ্চাকে পোশাক পরাতে। তাই চাইলে একই ধরনের মোটিফ বা কাজ করা পোশাক বাবা, মা ও বাচ্চা পরতে পারেন। বাচ্চার পোশাক যেন আরামদায়ক হয়, সেদিকটা মাথায় রাখতে হবে সব সময়। তাদের পোশাক সাধারণত করা হয় সুতি কাপড়ে। স্ক্রিনপ্রিন্টের কাপড়ে বোতাম এবং লেসের কাজ করে বাচ্চাদের পোশাকে বৈচিত্র্য এনেছি আমরা।’ বাজারে বসন্তকে সামনে রেখে বাচ্চাদের পাঞ্জাবি পাবেন ৪০০-২০০০ টাকায়, টি-শার্ট পাবেন ২০০-৬০০ টাকায়, ছেলে ও মেয়ে উভয়ের ফতুয়া পাবেন ৫০০-১৫০০ টাকায়। সালোয়ার-কামিজ পাবেন ১০০০-৪০০০ টাকায়। ফ্রক পাবেন ৫০০-৬০০ টাকায়। স্কার্ট পাবেন ৭০০ টাকায়। শাড়ি পাবেন ৮০০-১৫০০ টাকায়।