সোনামণির রঙিন ঈদ
ঈদ তো ছোট সোনামণিদের জন্যই। নতুন পোশাক না হলে তো ঈদের সোনামণিদের আনন্দ ফিকে। ঈদ পোশাকের বর্ণিল আয়োজন নিয়ে এবারের নকশার আয়োজন। নগরের বিভিন্ন বুটিক ও শপিং মলে শিশুদের পোশাকের বর্ণিল সমারোহ চোখে পড়ার মতো।ফ্যাশন হাউস আড়ংয়ের বিপণন বিভাগের প্রধান ফারজানা হালিম হাই জানান, প্রতিবছরের মতো এবারও আড়ং ঈদকে ঘিরে ছোটদের আকর্ষণীয় ও বর্ণিল পোশাক নিয়ে এসেছে। আরামের পাশাপাশি রঙের বর্ণিল ছটা খুঁজে পাবেন এবারের আড়ংয়ের ছোটদের পোশাকে। ফ্লোরাল মোটিফের ফ্রক, নানা নকশার ঘাগরা, সালোয়ার-কামিজ রয়েছে মেয়েদের পোশাকের তালিকায়। আর ছেলেদের জন্য রয়েছে মজার মজার সব থিম নিয়ে শার্ট, ছড়া-কবিতার লাইন। নবজাতক থেকে শুরু করে ১৩-১৪ বছর বয়সী শিশুদের জন্য আড়ংয়ের এবারের ঈদ-প্রস্তুতি।ছোটদের ঈদের পোশাকের কাপড়গুলোও তাদের ত্বক-উপযোগী করা হয়েছে। বিশেষ করে সুতি, হাতে বোনা কাপড়, অ্যান্ডি, শিফন, সিল্কের ওপর করা হয়েছে এবারের ঈদ পোশাক। ফ্যাশন হাউস শৈশবের নির্বাহী প্রধান ফারহানা ফারুক বলেন, এবারের ঈদে একটু শীত শীত আমেজও রয়েছে। তাই ছোটদের ঈদ পোশাকের ক্ষেত্রে এবার আবহাওয়ার বিষয়টিও মাথায় রাখা হয়েছে। মেয়েদের স্কার্ট, ফ্রক, ফতুয়াগুলো একটু লম্বা গড়নের করা হয়েছে। কাপড় হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে সুতিকে, যাতে দুপুরের গরমে ঘামটাও শুষে নেয়, আবার সন্ধ্যার পর ঠান্ডাটা কম লাগে। মেয়েদের ফ্রকের সঙ্গে এবার লেগিংসটাও চলছে বেশ। ফ্রকের রঙের নকশার সঙ্গে রং মিলিয়ে করা হয়েছে লেগিংসগুলো। ছেলেদের জন্য রয়েছে চেক ও স্ট্রাইপের শার্ট, হুডেড শার্ট, ডেনিম প্যান্ট, জিনস প্যান্ট ইত্যাদি। পাশাপাশি শৈশবে পাতলা ও আরামদায়ক কিছু সোয়েটারও পাবেন।এবার ছোটদের ঈদ পোশাকে রঙের বাহারও চোখে পড়ার মতো। বাচ্চারা রঙিন পোশাকটাই বেশি পছন্দ করে—এ বিষয়টি মাথায় রেখে টেক্সমার্ট সাজিয়েছে সোনামণিদের ঈদ পোশাকের পসরা। বললেন টেক্সমার্ট ধানমন্ডি শাখার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশীদ। ১ থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের চমৎকার ডিজাইনের সব পোশাক নিয়ে এসেছে টেক্সমার্ট। ফুল, ছাপা, লেইস আর হালকা এমব্রয়ডারি মিলিয়ে সেজে উঠেছে মেয়েদের ঈদ পোশাকগুলো। ছেলেদের পোশাকেও দেখা গেছে বৈচিত্র্য। সাদা-কালোর পাশাপাশি লাল, হলুদ, নীল, সবুজের ওপর বাচ্চাদের পছন্দের কার্টুন চরিত্রগুলো শোভা পাচ্ছে। রূপকথার গল্পের চরিত্রগুলোও খুঁজে পাবেন পোশাকে। তবে নবজাতকের পোশাকের ক্ষেত্রে করা হয়েছে খুব হালকা কারুকাজ; যাতে পোশাকটি আরামদায়ক হয়।মেয়েশিশুদের সুন্দর পোশাক পেতে হলে চলে আসতে পারেন ঢাকার ধানমন্ডিতে অরচার্ড পয়েন্টে গার্লস ক্লজেটে। লাল, নীল, হলুদ ইত্যাদি জমকালো রং আর ছাপার নকশা—সব মিলিয়ে বেশ জমকালো ঈদ আয়োজন তাদের। গার্লস ক্লজেটের স্বত্বাধিকারী নাজনীন হাসান বলেন, সুতি, অ্যান্ডি, শিফন, সিল্ক, নেটের কাপড়ে শুধু মেয়েশিশুদের জন্য গার্লস ক্লজেট নিয়ে এসেছে বর্ণিল সব পোশাক। হাতের কাজ, ছাপা, এমব্রয়ডারি, লেইস দিয়ে সাজানো হয়েছে পোশাকগুলো। ১ থেকে ১৫ বছর পর্যন্ত মেয়েদের স্কার্ট, ফতুয়া, ফ্রক পাওয়া যাবে এখানে। এ ছাড়া ঢাকার বসুন্ধরা শপিং মল, মেট্রো শপিং মল, গুলশান, বনানীর বিভিন্ন দোকানে ছোট ছেলেমেয়েদের বর্ণিল রঙের পোশাক পাওয়া যাচ্ছে।