সোনামণির রঙিন বসন্ত
ছোট্ট সোনামণিকে বসন্তের সাজে সাজিয়ে তুলতে দেশি ফ্যাশন হাউসগুলো সেজে উঠেছে লাল, হলুদ ও বাসন্তী সাজে। রঙ-এর কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা জানান, শিশুদের জন্য তাঁরা এবার বাসন্তী রঙে কোর্তা ও ফতুয়া করেছেন। তা ছাড়া রয়েছে গ্রামীণ ছাপের তাঁতের শাড়ি। শৈশব-এর কর্ণধার ফারহানা ফারুক জানালেন, তাঁদের বেশির ভাগ পোশাক তৈরি করা হয়েছে আরামদায়ক সুতি ও নিট সুতির ওপর। বসন্তের ফুল, লতাপাতা, প্রজাপতির পাশাপাশি নাগরিক জীবনের ট্রাফিক জ্যাম আর রিকশাকে উঠিয়ে আনা হয়েছে ছেলেদের টি-শার্ট আর ফতুয়ায়। মেয়েদের জন্য করা হয়েছে হলুদ ও বাসন্তীর সংমিশ্রণে ঘাঘড়া। লাল-হলুদের ফ্রক আর ফতুয়াও রয়েছে সেই সঙ্গে। এর সঙ্গে বৈচিত্র্য আনতে যোগ করা হয়েছে কারচুপি, পাথর আর চুমকির কাজ। চরকার প্রধান ডিজাইনার জাবেদ কামাল বলেন, ছোট্ট সোনামণিদের জন্য এবার করা হয়েছে বাসন্তী ও সাদার শাড়ি। লাল, বাসন্তী ও কমলার পাঞ্জাবি, ফতুয়া আর ফ্রক। বসন্তের ফুলের রঙের সালোয়ার-কামিজ তো রয়েছেই। তার মধ্যে একতারা, ঢোল ইত্যাদি মোটিফে কাজ করা হয়েছে। ব্লকপ্রিন্ট ও ব্রাশপেইন্টের মাধ্যমে আনা হয়েছে ফুলেল মোটিফ। সুতি, বাটিক ও চুন্দ্রি কাপড়ে করা হয়েছে সব পোশাক। বাজার ঘুরে দেখা গেল, ছেলেদের টি-শার্ট পাবেন ১৯৫-৫৯০, তাঁতের শাড়ি ৩৯০-৬৫০, মেয়েদের ফ্রক ৩৫০-৬৫০, ঘাঘড়া ৫৫০-১১৫০, তাঁতের শার্ট ও ফতুয়া ৩২০-৫৫০ টাকায়।