>জঙ্গিবাদে জড়িত বিপথগামীরা আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে না। গোটা বাংলাদেশে আমাদের তরুণেরা জড়িয়ে আছেন নানামুখী শুভ উদ্যোগের সঙ্গে। তাঁদের অভিনব ও ইতিবাচক কিছু উদ্যোগ নিয়ে এবারের মূল আয়োজন।

খুলনার ডুমুরিয়া উপজেলার ছোট একটি গ্রাম আন্দুলিয়া। প্রকৃতিঘেরা আঁকাবাঁকা পিচঢালা পথ দিয়ে গ্রামে ঢোকার মুখেই আপনাকে স্বাগত জানাবে একটি সাইনবোর্ড। তাতে লেখা ‘সোনামুখের দেশে আপনাকে স্বাগত’। সড়ক ধরে আরেকটু দূরে গেলেই চোখে পড়বে গাছে গাছে ঝোলানো মাটির হাঁড়ি। এ হাঁড়িগুলো ঝোলানো হয়েছে পাখির আবাসস্থল হিসেবে। হাঁড়ির গায়ে লেখা ‘সোনামুখ বার্ডস ক্লাব’।
ওই গ্রামসহ আশপাশের আরও কয়েকটি গ্রামের গাছে গাছে ঝোলানো হয়েছে এই পাখির বাসা। আর এসব করেছে সোনামুখ বার্ডস ক্লাব নামের একটি সংগঠন। এ সংগঠনটি পরিচালনা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) এস এম কামরুল ইসলাম। তাঁর বাড়ি ওই গ্রামেই।
কামরুল ইসলাম বলেন, ‘বিল ডাকাতিয়ার পাশের এই গ্রামে একসময় প্রচুর পাখি আসত। শিকারিদের অত্যাচার ও পাখি নিধনের ফলে ধীরে ধীরে পাখি আসা কমে যায়। এখন এই গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের চিত্র পাল্টে গেছে। বার্ডস ক্লাব প্রতিষ্ঠার পর বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষকে সচেতন করা সম্ভব হয়েছে। গ্রামের যেকোনো বয়সী মানুষ এখন পাখিশিকারিদের দেখলেই গ্রাম থেকে বের করে দেয়।’
পাখিপ্রেমী এই পুলিশ কর্মকর্তার পাখির বাসা তৈরির কর্মকাণ্ড শুরু হয় ২০১৪ সাল থেকে। তখন তিনি মানিকগঞ্জের সার্কেল এসপি হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় তিনি জানতে পারেন দেশে পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে অনেক প্রজাতির পাখিও। তাই মনে মনে ঠিক করলেন দেশের মধ্যে পাখির নিরাপদ আবাসস্থল তৈরি করার। এরপর নিজ উদ্যোগে ২০০টি বিশেষ ধরনের মাটির পাত্র তৈরি করিয়ে নেন কামরুল ইসলাম। স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় তা ঝুলিয়ে দেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন গাছে। কিছুদিন পর সেখানে পাখিরা বাসা বাঁধতে শুরু করলে তিনি আরও উৎসাহিত হয়ে ওই জেলার বিভিন্ন উপজেলায় এ ধরনের পাখির বাসা বানানোর ব্যবস্থা করেন। একসময় তাঁর সঙ্গে যোগ দেন এলাকার সচেতন তরুণেরাও। ২০১৪ সালের শেষের দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার নিজ গ্রামে তিনি গড়ে তোলেন সোনামুখ বার্ডস ক্লাব নামের একটি সংগঠন। ওই সংগঠনের সহায়তায় প্রথমে গ্রামটিতে পাখির বাসা বানানোর কাজ শুরু হয়। বার্ডস ক্লাবের ছেলেমেয়েরা এখন পাখি নিয়ে বিভিন্ন গানও করেন। বিভিন্ন এলাকায় পাখির বাসা গাছে ঝোলানোর আগে বিশেষ ধরনের সভা করে গান গেয়ে মানুষকে পাখির নিরাপদ আবাসস্থল গড়ে তোলার জন্য উৎসাহিত করেন ওই ক্লাবের সদস্যরা।
এই বার্ডস ক্লাবের স্লোগান ‘মেরো না আমায়’। ক্লাবের সদস্যরা মনে করেন একটি পাখিকে মেরে ফেলা মানে প্রকৃতির একটি বড় অংশকে ধ্বংস করা।
সোনামুখ বার্ডস ক্লাবের সভাপতি এস এম মেসবাহুল আলম বলেন, পাখি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ফসলের পোকা খেয়ে ফেলে। এর ফলে যেসব এলাকায় পাখির আধিক্য বেশি ওই সব এলাকায় সাধারণত সবজিতে কীটনাশক ব্যবহার করা লাগে না।’ তিনি জানান, বার্ডস ক্লাবের পক্ষ থেকে এ পর্যন্ত বিভিন্ন এলাকায় পাখির বাসা তৈরি করা হয়েছে। আরও করার পরিকল্পনা রয়েছে। যেসব এলাকায় পাখির বাসা তৈরি করা হয়েছে ওই এলাকায় পাখির আনাগোনা বেড়েছে।
সম্প্রতি খুলনা বিএল কলেজের বিভিন্ন গাছে ঝোলানো হয়েছে এ পাখির বাসা। ওই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মামুন কাদের প্রথম আলোকে বলেন, ‘গাছে গাছে পাখির আবাসস্থল তৈরি করা একটা মহৎ উদ্যোগ। বিএল কলেজে এটা করার ফলে এখানকার ছেলেমেয়েরা পাখিরও যে অধিকার আছে এবং প্রকৃতির প্রতি যে ভালোবাসা প্রদর্শন করা উচিত তা শিখবে। এভাবে ছোট ছোট উদ্যোগ আমাদের দেশটাকে আরও সুন্দর করে তুলবে।’
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা মদিনুল আহসান বলেন, ‘পাখি যদি নিরাপদ আশ্রয় পায় তাহলে এলাকায় পাখির আধিক্য বাড়তে বাধ্য। এর ফলে জীববৈচিত্র্যও রক্ষা পাবে।’