সোনার চেয়ে দামি
আমাদের বাবা ‘অসাধারণ’ কেউ নন। গ্রীষ্মের খরতাপ আর বর্ষায় আকাশের কান্না যাঁদের নিত্যসঙ্গী, তাঁদেরই একজন তিনি। কৃষক। সুয্যিমামা জাগার আগেই বেরিয়ে যেতেন মাঠে। সকালের নাশতা—সে তো পান্তাভাত আর কাঁচামরিচ আছেই। অবশ্য কোনো কোনো দিন তার সঙ্গে নারকেল আর আখের গুড়ও যোগ হতো। আমাদের বাবার অভিধানে ‘অবসর’ নামক কোনো শব্দই ছিল না। সারাক্ষণ এটা-সেটা করে ব্যতিব্যস্ত রাখতেন নিজেকে। গোধূলির লগ্নে যখন বাড়ি ফিরতেন, তখন আমাদের বুকের মধ্যে একধরনের ভূমিকম্প শুরু হয়ে যেত। কারণ তাঁকে আমরা ডাকতাম ‘আপনি’ বলে। গণতান্ত্রিক ব্যবস্থায় ‘দেওয়া-নেওয়া’ বলে যে ব্যাপার আছে, তাতে তাঁর আস্থা ছিল না। দাতাকর্ণের মতো তিনি শুধু দান করে যেতেন আদেশ-উপদেশ, বকা-ঝকা, টাকা-পয়সা ইত্যাদি। কারও কাছ থেকে তাঁকে কিছু চাইতে দেখিনি কোনো দিন। চাইবেন কী করে। তিনি তো সবার বড়! বড়রা নাকি শুধু দিতেই জানে, নিতে নয়! আমাদের অভাব-অভিযোগগুলো জানানো এবং আদায়ের একমাত্র মাধ্যম আমাদের মা। কারণ, বাবার সামনে কোনো কিছু বলতে গেলে সাহসে হাঁটু কাঁপত আমাদের। একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল, যেদিন আমার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে সেদিন। ফল বেরোবে বেলা দুইটায়। স্কুলে যাওয়ার জন্য আমি রেডি, অথচ বাবার কোনো হদিস নেই। সকালে সাদা পাঞ্জাবিটা গায়ে চাপিয়ে কোথায় যে উধাও হয়ে গেলেন, ফেরার আর নাম নেই। এদিকে আমার উত্কণ্ঠা বেড়েই চলেছে। আনুমানিক দেড়টার সময় ফিরলেন। দেখি, শ্রাবণের মেঘে ঢাকা আকাশের মতো তাঁর মুখ। একটা মাটির ব্যাংকে নিয়মিত দু-এক টাকা করে জমানোর অভ্যেস ছিল তাঁর। ঘরে ঢুকে সেই ব্যাংক নিয়ে সজোরে আঘাত করলেন মাটিতে। মা জিজ্ঞেস করলেন, ‘কী হলো।’ সেদিকে ভ্রুক্ষেপ না করে আমায় বললেন, গুনে দেখ কত আছে।’ সব মিলে ৩০৬ টাকা। তারপর বললেন, ৬ টাকা এদিকে দে, বাকিগুলো নিয়ে তাড়াতাড়ি স্কুলে যা।’ আমি তো হতবাক। পরে মায়ের কাছ থেকে জানতে পারি, কোথাও টাকা ধার না পেয়ে এত দিনের জমানো সব টাকা দিয়ে দিলেন আমাকে। মিষ্টি কেনার জন্য। স্কুল থেকে ফিরে যখন জানালাম, আমি পাস করেছি, তখন বাবার চোখে আনন্দাশ্রু। এই প্রথম তার চোখের কোণে জল দেখলাম আমি। আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, ‘তোরে ত অনেক বড় হইতে অইব।’ তখন বাবার হূদয়ের অন্য রূপটি উন্মোচিত হলো আমার সামনে। যেখানে আছে অফুরন্ত ভালোবাসা। সেই ৩০০ টাকা থেকে ১২০ টাকা দিয়ে এক কেজি মিষ্টি কিনেছিলাম। বাকি ১৮০ টাকা খরচ করিনি। এখনো আছে। কারণ এগুলোই আমার চলার পথের পাথেয়। এখন সামনে কোনো বিপত্তি এলে বাবার সেই কথাটিই মনে পড়ে। আমি সংগ্রাম চালিয়ে যাই। কারণ আমাকে তো অনেক বড় হতে হবে।অর্কঢাকা বিশ্ববিদ্যালয়