সোনালি অতীত ধূসর বর্তমান
পান খাওয়া লাল ঠোঁটের একটি অংশ বেশুমার সাদা। লোকটার কথার বৃষ্টিতে ঝরে পড়ছে ব্যথার লোনাজল। শচীনকর্তার গানের মতোই ‘সেই যে দিনগুলো, বাঁশি বাজানোর দিনগুলো’ আজও তাঁকে পিছু ডাকে, তাই শাল-পিয়ালের গ্রাম ছেড়ে ইট-কংক্রিটের নগরে বিরস জীবন কাটাচ্ছেন তিনি। এ বাঁশুরিয়া মো. দানু মিয়া, বাঁশের বাঁশি নয় বাজান যন্ত্র দিয়ে তৈরি র্যামপ্যাড। তিনি পাথরঘাটার মনাভান্ডার ব্যান্ডপার্টির সদস্য। বিয়ের আসর, ওরস, পূজা আর শোভাযাত্রায় এখনো ডাক পড়ে, বাজিয়ে কিছু উপার্জন করেন। আর তা দিয়ে চলে সংসার। ব্যান্ডপার্টির দলে এলেন কীভাবে? এমন প্রশ্নের জবাব খুঁজে পেতে সময় লাগে তাঁর, উল্টো প্রশ্ন করে বসেন দানু মিয়া—এ জগতে কেন এলাম? স্মৃতি হাতড়ে বলেন, ‘ঠিক কখন বাঁশি হাতে তুলে নিয়েছিলাম মনে নেই, তবে এটা খুব মনে আছে যাত্রাদলে বাঁশি বাজিয়ে অনেকের মন কেড়ে নিয়েছিলাম। কিন্তু একসময় যাত্রা হারিয়ে যেতে বসল। কাজ তো জানি একটাই—বাঁশি বাজানো। মনেও বাসা বেঁধেছে বাঁশি। তবে মনের টানে শুধু নয়, পেটের দায়ে জীবন বাঁচাতে ব্যান্ডপার্টিতে এসেছি। ২০-২২ বছর বাজিয়ে যাচ্ছি, বাজাতে গিয়ে ঠোঁটে সাদা দাগ পড়ে গেছে। অনেক সময় মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ে।’তাঁর দুঃখ—‘ব্যান্ডদলের সেই রমরমা অবস্থা আজ নেই। এরশাদের আমলে পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করেছি। এখন সারা মাসে দুই হাজার টাকা আয় করা কঠিন হয়ে পড়েছে। তাই সন্তানদের এ লাইনে আনিনি, তাঁদের পড়ালেখা করাচ্ছি কষ্ট করে।’নগরের ব্যান্ডপার্টিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আগে দামপাড়া হাইলেভেল সড়ক ও পাথরঘাটায় ১৫-২০টি ব্যান্ডপার্টি থাকলেও এখন আছে সাতটি। এর মধ্যে হাইলেভেল সড়কে পাঁচটি ও পাথরঘাটায় আছে দুটি। গত তিন বছরে হাইলেভেল সড়কে দুটি ব্যান্ডপার্টি বন্ধ হয়ে গেছে। তবে সবচেয়ে পুরোনো জনতা ও মিতালি ব্যান্ড টিকে আছে। অনেকে ঐতিহ্যের কারণে পেশাটি আঁকড়ে আছেন। তবে এখন ব্যান্ডপার্টিতে পেশাদার বাদক নেই বললেও চলে, সবাই অন্য কাজের পাশাপাশি এ কাজ করেন। জানা যায়, নগরে ব্যান্ডদলের যাত্রা শুরু হয় হাইলেভেল সড়কের জনতা ও বদরপাতির সমীর ব্যান্ডপার্টির মাধ্যমে। এ দুটির প্রতিষ্ঠাতা ছিলেন সোলতান আহমদ ও সমীর উদ্দিন ব্যান্ড মাস্টার। জনতা ব্যান্ড চলছে তিন পুরুষ ধরে। সোলতানের পরে এ ব্যান্ডের প্রধান ছিলেন তাঁর ছেলে মহররম আলী। এখন হাল ধরেছেন মহররমের ছেলে মোহাম্মদ রফিক। জনতা ব্যান্ডপার্টির মো. রফিক বলেন, ‘আমাদের দলে ২০ জন আছেন। আছে তিন-চার রকমের বাঁশি—করনেট, র্যামপেট, বিউগল, পাইপ ইত্যাদি। যিনি লাঠি ঘুরান তিনি দলের প্রধান। হিন্দুদের বিয়েতে আমাদের ডাক পড়ে বেশি। এ ছাড়া ওরস ও শোভাযাত্রায় ব্যান্ডপার্টির চাহিদা আছে।’অনুষ্ঠানভেদে আপনারা কত টাকা নিয়ে থাকেন? উত্তরে তিনি বলেন, ‘আমরা মাসে ছয়-সাতটি অনুষ্ঠানে বাজাই। ২০ জন গেলে ছয়-সাত হাজার টাকা নিই, আর ১১ জন গেলে তিন-চার হাজার টাকা নিই।’ শহরের বাইরে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান গেলে টাকা বেশি নেন বলে জানান ব্যান্ডের সদস্যরা। ১১ জন সদস্যের থাকা-খাওয়া খরচ বাবদ ১০-১১ হাজার টাকা নেওয়া হয় এসব স্থানে গেলে।৩৫ বছর বয়সী মো. খালেক তিন-চার বছর ধরে এ পেশায় আছেন। তিনি বলেন, ‘ব্যান্ডপার্টির ঐতিহ্য আগের মতো নেই। সবাই পার্টটাইম বাজান। অনেকে সিএনজি, রিকশা চালান, কেউ দারোয়ানের কাজ করেন। অনুষ্ঠানের ডাকলে পড়লে সবাই একসঙ্গে বাজাই। যে টাকা (এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০) পাই তাতে সংসার চলে না, তাই অন্য কাজ করতে হয়।’ন্যাশনাল ব্যান্ডপার্টির বংশীবাদক মো. হানিফ বলেন, ‘বাদ্যযন্ত্রগুলো কেনার জন্য প্রচুর টাকা লাগে। দেড় লাখ টাকা বিনিয়োগ করেছি এ ব্যবসার পেছনে। আমার অন্য ব্যবসা আছে তবুও এখানে বিনিয়োগ করেছি কারণ বাপের ব্যবসাটা সহজে ছাড়তে পারি না।’তালে তালে এগিয়ে যাওয়া, সুনিপুণ হাতে ঢোল বাজানো—এসব আপনারা বংশপরম্পরায় শিখেছেন? এমন প্রশ্নের জবাবে মো. হানিফ বলেন, ‘১৯৪৭ সালে যখন দেশ ভাগ হলো তখন আমার দাদা-বাবারা ভারতে চলে যান। সেখান থেকেই তাঁরা এসব শিখে আসেন। আমরা শিখেছি তাঁদের কাছ থেকে।’মা মারা যাওয়ার পর থেকে মনাভান্ডার ব্যান্ডপার্টিতে আস্তানা গড়েছে ১৬ বছর বয়সী মো. রাজা। সে ড্রাম বাজানো শিখছে, তার সঙ্গে আছে দুই বন্ধু নুরুল ইসলাম ও মো. রাজু। রাজা বলে, এখানে বাজনা শিখছি। ড্রাম বাজিয়ে ১৫০-২৫০ টাকা করে পাই। অন্তত পক্ষে হাতের কাজটা শেখা থাকলে ভবিষ্যতে ঠোকর খেতে হবে না।’