পর্দা উঠতেই ভেসে এল সুর—‘আমি যে আঁধারে বন্দিনী, আমারে আলোতে নিতে যাও...’, দর্শক ফিরে গেলেন বাংলা চলচ্চিত্রের সাদাকালো যুগে। এ যেন পুরোনো সময়কে নতুন করে ফিরে পাওয়া। ৯ অক্টোবর সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আনন্দ সাংস্কৃতিক অঙ্গন আয়োজন করে ‘সোনালি অতীতের গান’ শীর্ষক অনুষ্ঠান। প্রখ্যাত অভিনেতা বুলবুল আহমেদের স্মরণে এ অনুষ্ঠানে গান করেন সাবিত্রী দেওয়ান, কেয়া লাহিড়ী, দেবাশীষ চৌধুরী, জনি বড়ুয়া, জয়নাল আবেদীন, বুবলি ঘোষ, সুমিত্রা চৌধুরী ও নাজমুল ওয়াহাব চৌধুরী।সারেং বউ, টাকার খেলা, নোলক, অশ্রু দিয়ে লেখা চলচ্চিত্রের গানের সুরে সুরে মজে যান দর্শকেরা। প্রজেক্টর দিয়ে মঞ্চজুড়ে চলচ্চিত্রের চলমান দৃশ্য অনুষ্ঠানে এনেছিল ভিন্নমাত্রা। সুরের ধারায় বিভোর ষাটোর্ধ্ব নির্মল মিত্র অনুভূতি জানান এভাবে—‘গান শুনে যৌবনের দিনগুলোতে ফিরে গিয়েছিলাম। অনেক দিন পর সোনালি দিনগুলোর কথা মনে পড়ল সোনালি সময়ের গানগুলো শুনে।’ শিল্পীরা প্রেমের গানই বেশি গেয়েছেন। এ যেন প্রেমের ভেলায় ভাসতে ভাসতে সুর-দরিয়া পার হওয়া, অসাধারণ গায়কীতে শিল্পীরা মোহাবিষ্ট করেছেন দর্শকদের। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নামিম-উর-রহমান। আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের লিটন মিত্র অনুষ্ঠান সম্পর্কে বলেন, ‘এটি আমাদের ৫৭তম প্রযোজনা। তরুণ প্রতিশ্রুতিশীল শিল্পীদের সুযোগ করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’ যন্ত্রানুষঙ্গে ছিল দ্য সাউন্ড ভাইব্রেশান মিউজিশিয়ান দল। অবসরের রবীন্দ্র উৎসবঅবসর সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে ৮ অক্টোবর বিকেলে নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হয়ে গেল রবীন্দ্র উৎসব। এতে ছিল আলোচনা, শিল্পী সম্মাননা, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ শীর্ষক আলেখ্যানুষ্ঠান। অধ্যক্ষ রীতা দত্তের সভাপতিত্বে রবি ঠাকুরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অধ্যাপক মনিরুজ্জামান ও কবি অরুণ দাশগুপ্ত। শুভেচ্ছা বক্তব্য দেন রম্যসাহিত্যিক ফাহমিদা আমিন ও সত্যব্রত বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন উৎসবের মহাসচিব মানসী দাশ তালুকদার। বক্তারা বলেন, ‘বাঙালি সংস্কৃতি জাগানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে মূল্যায়ন করার সময় এসেছে।’ এবার শিল্পী তুষার কান্তি বড়ুয়া ও চন্দ্রশেখর দত্তকে শিল্পী সম্মাননা দেওয়া হয়। আলেখ্যানুষ্ঠানে ‘ও আমার দেশের মাটি’, ‘চোখের আলোয়’, ‘হার মানা হার পরাব তোমার গলে’, ‘জাগরণে যায় বিভাবরী’, ‘কুসুমে কুসুমে চরণচিহ্ন’, ‘কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা’, ‘তুমি যে সুরের আগুন’ পরিবেশন করেন অবসরের শিল্পীরা। গান ছাড়া অনুষ্ঠানে আরও ছিল নাচ আর আবৃত্তি। সব শেষে ছিল পুরস্কার বিতরণ পর্ব। এতে সভাপতিত্ব করেন অজিত কুমার আইচ। পুরস্কার বিতরণ করেন গিটারশিল্পী মানবেন্দ্র বড়ুয়া, গীতিকার দীলিপ ভারতী, বিশ্বজিৎ সেন, উৎপল কান্তি বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠন সভাপতি সঞ্জিত বনিক। ফেইম প্রযোজনা রক্তকরবী‘রঞ্জন আসবে বলেই তো অপেক্ষা করে ছিলুম। ও তো এল। ও আবার আসবে, আবার...।’ নন্দনীর এ সংলাপ রক্তকরবী নাটকের। সুদিনের প্রত্যাশা, প্রতীক্ষা, পুঁজিবাদের অর্থনৈতিক স্তর, বুর্জোয়া ও শ্রমিকের দ্বন্দ্বের সর্বকালীন মহাকাব্যিক রূপ ফুটে উঠেছিল নাটকে। ফেইম স্কুল অব ডান্স ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগের উদ্যোগে ৮ অক্টোবর সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হলো রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এ নাটকের নির্দেশনা দেন ফেইমের অধ্যক্ষ অসীম দাশ। এটি ছিল ফেইমের দ্বিতীয় মঞ্চায়ন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেইম নাট্যকলা বিভাগের শিক্ষার্থী আঁখি মজুমদার, হাসিবুল আলম, যীশু দাশ, তাপস চক্রবর্তী, রীতা রায়, মুবিদুর রহমান প্রমুখ। নাটকের শেষদিকে বৈদ্যুতিক গোলযোগের জন্য সাবলীল ধারায় কিছুটা ছন্দপতন ঘটেছে। অসীম দাশ বলেন, ‘এটি আমাদের ১৪তম ছাত্র-প্রস্তুতি প্রযোজনা এবং দ্বিতীয় মঞ্চায়ন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মিলনায়তন ছিল টইটম্বুর। আশাকরি, আগামী দিনে আরও ভালো হবে আমাদের নাটক।’উইকিপিডিয়ার ছবি প্রতিযোগিতা আজচট্টগ্রাম উইকিপিডিয়া সমন্বয় পরিষদের আয়োজনে আজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামবিষয়ক ছবি প্রতিযোগিতা। চট্টগ্রামের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যসহ নানা বিষয়ের ছবি জমা দেওয়া যাবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি ছবি জমা দিতে পারবেন। প্রতিযোগীদের মুঠোফোন কিংবা ডিজিটাল ক্যামেরা থেকে সরাসরি ছবি জমা দিতে হবে। তাই তাঁদের ডাটা কেবল বা পেনড্রাইভ নিয়ে উপস্থিত থাকতে হবে। ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বেলা দুইটার মধ্যে ছবি জমা দিতে হবে। বিস্তারিত ফোনে (০১৭১৯ ১৪২৯৫৩, ০১৭১১ ১৫২৫৪৯) জানা যাবে। বিশ্ববিদ্যালয়ে পোস্টার প্রদর্শনীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের বার্ষিক পোস্টার প্রদর্শনী সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের গবেষণার ভিত্তিতে—‘পরিবেশদূষণ রোধে জৈবপ্রযুক্তি’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান এ এম আবু আহমেদ। প্রদর্শনীতে কর্ণফুলী নদীর বর্জ্য নিষ্কাশন, চামড়াশিল্পের রাসায়নিক ও জাহাজভাঙা শিল্পের দূষণ প্রতিরোধ, হাসপাতালের আবর্জনা ব্যবস্থাপনা, ইলেকট্রনিক আবর্জনা নিয়ন্ত্রণে জৈবপ্রযুক্তির প্রয়োগ বিষয়ে বিভিন্ন পোস্টার ছিল। প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিভাগের শিক্ষক নাজনীন নাহার ইসলাম, মাসুদুল আজাদ চৌধুরী ও আদনান মান্নান।