সোনালি আঁশের মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলায় সব পণ্যই ছিল পাটের। ছবি: নকশা
মেলায় সব পণ্যই ছিল পাটের। ছবি: নকশা

পাটের সুতায় রঙিন পাথর আর পুঁথি গেঁথে তৈরি হয়েছে নেকলেস ও ব্রেসলেট। কানের ঝুমকা—সেটাও পাটের। আছে পাটের তৈরি শাড়ি আর ব্যাগও। দর্শকেরা দেখছেন আর পছন্দ হলে কিনে নিচ্ছেন। ২১ থেকে ২৩ নভেম্বর রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে কেয়ার বাংলাদেশ আয়োজন করে পাটপণ্যের এ রকমই এক মেলার।
পাটের তৈরি শোপিস, শাড়ি, ব্যাগ, গয়না, টেবিল ম্যাট, পুতুল, পোট্রেটসহ নানা রংবেরঙের পণ্যের দেখা যায় মেলায়। মেলায় প্রতিদিনই ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। সেখানেই কথা হলো মেলায় আসা সাবেরা হকের সঙ্গে, ‘পাটপণ্য বরাবরই অনেক রুচিশীল হয়। এখানে এসে ভিন্ন ভিন্ন পাটের জিনিস পেলাম। ভালো লাগছে কেনাকাটা করতে।’

ছবি: নকশা
ছবি: নকশা

মেলা ঘুরে দেখা যায়, স্টলগুলোতে বিভিন্ন ধরনের পণ্য থরে থরে সাজানো। বিচিত্র নকশা, আকৃতি ও গড়নের পাটের ব্যাগ নজর কাড়ছিল। ছিল চোখে পড়ার মতো। স্কুলব্যাগ, মেয়েদের পার্স, ক্লাচ ব্যাগ, পার্টি ব্যাগ, পেনসিল ব্যাগ, মোবাইল ব্যাগ, শপিং ব্যাগ, লন্ড্রি ব্যাগ—কী ছিল না স্টলগুলোতে! পাটের জমিনের ওপর নানা রঙের সুতার নকশা, পুঁথি আর রঙিন কাপড়ের ব্যবহারে ব্যাগগুলোকে দিয়েছে নতুনত্ব ।
পাপোশ, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাটসহ নিত্যপ্রয়োজনীয় এই উপকরণগুলো পাটের আঁশে তৈরি। এ ছাড়া মেলায় আরও ছিল বিভিন্ন শোপিস, পুতুল, সিঁকা, ফাইল, কলমদানি, ফুলদানি, জুতা, পেপার ওয়েটসহ নজরকাড়া পণ্য। মেলায় অংশ নেওয়া মিজান হ্যান্ডিক্রাফটের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ‘পাটের পণ্যগুলোতে নতুন নতুন নকশা, ডিজাইন করায় ক্রেতাদের কাছে এগুলোর চাহিদা অনেক বেড়েছে।’
মেলায় খুলনা, যশোর, কুড়িগ্রাম, রংপুর ও ঢাকার ১৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। দেশি পাটকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রেতাদের কাছে তুলে ধরার জন্যই এই আয়োজন।
কেয়ার বাংলাদেশের প্রতিনিধি আরশাদ হোসেন সিদ্দিক তাঁদের এই আয়োজন নিয়ে বলেন, ‘পরিবেশবান্ধব দেশি পাটশিল্পকে দেশি-বিদেশি ক্রেতাদের কাছে পরিচয় করানো ও উদ্যোক্তাদের উত্সাহিত করার অংশ হিসেবে এই মেলার আয়োজন করা হয়েছে। আয়োজনটিতে অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন। কেয়ার বাংলাদেশের সুইচ-এশিয়া জুট ভ্যালু চেইন প্রকল্প আয়োজন ব্যবস্থাপনার দায়িত্বে ছিল।

ছবি: নকশা
ছবি: নকশা