সোনালি তবে সোনা নয়
কানেট চৌরি নিল অধরাতী\সসুরা নিদ গেল বহুড়ী জাগঅ।কানেট চোরে নিল কা গই মাগঅ\চর্যাপদের এ পদের অর্থ হলো ‘অর্ধরাতে চোরে কানেট (কানের দুল) নিয়ে গেল। শ্বশুর ঘুমিয়ে গেল, বউ জেগে আছে। কানেট যে চোরে নিল তা সে কোথায় খুঁজবে...।অনেক আগে থেকেই বাঙালি মেয়েদের সাজের প্রিয় উপকরণ গয়না। বিশেষ করে সোনার গয়না। দামি সোনার গয়নার লোভে হাজির হতো চোর। তাই বলে চোরের ভয়ে বাঙালি নারী থেমে থাকেনি নিজেকে সাজাতে। তারা বেছে নিয়েছে সোনার বিকল্প ধাতুর গয়না। কিন্তু সেই সোনালি ঐতিহ্য একেবারে হারিয়ে যায়নি। অন্য ধাতু রাঙিয়েছে সোনালি রঙে। এই প্রজন্মের মেয়েদের পছন্দের তালিকায় তাই আছে সোনার প্রলেপ দেওয়া (গোল্ড প্লেটেড) গয়না। অবিকল সোনার মতো দেখতে এসব গয়না, কিন্তু দামে সোনার তুলনায় বেশ সাশ্রয়ী। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উর্মির পছন্দ এ গয়না। কানের ছোট্ট দুলসহ সোনালি রঙের ছোট লকেটের সেটটা তাঁর প্রায় সব পোশাকের সঙ্গেই বেশ মানিয়ে যায়। সরকারি চাকুরে সেলিনা রহমান বলেন, সোনার দাম তো এখন মধ্যবিত্তের নাগালের বাইরেই চলে যাচ্ছে বলা যায়। বিশেষ কোনো অনুষ্ঠানে চাই একটু জমকালো গয়না। রুচি, চাহিদা, ফ্যাশনের সঙ্গে তাই এ ধরনের গয়নাটা বেশ মানিয়ে গেছে।ফ্যাশনে সোনার প্রলেপ দেওয়া গয়নাঅনেক দিন ধরেই আমাদের দেশে সোনার প্রলেপ দেওয়া গয়নাগুলো জনপ্রিয়। এটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বেশ জনপ্রিয় ছিল। যখন থেকে সোনার দাম বাড়তে শুরু করেছে, আমাদের দেশে তখন থেকেই এর চাহিদা বেড়ে গেছে। দেশীয় ঐতিহ্যের ছোঁয়ায় এ গয়নাগুলো ফ্যাশনে যোগ করেছে নতুন মাত্রা—বলছিলেন ফ্যাশন ডিজাইনার মাহিন খান।আমাদের দেশে দুই ধরনের গোল্ড প্লেটেড গয়না পাওয়া যায়। একটি ভারতীয়, অন্যটি আমাদের দেশীয়। তবে ভারতীয় গয়নাগুলো তামা ও রুপা মিশিয়ে তৈরি হয় বলে পরবর্তী সময়ে তা আর কোনো কাজে লাগে না। সেটা ভেঙে নতুন করে আবার গড়াও যায় না। আমাদের দেশীয় গোল্ড প্লেটেড গয়নাটাই তাই বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন মাহিন খান। আমাদের দেশের কারিগরেরা রুপার ওপর সোনার জলের প্রলেপ দিয়ে গয়না তৈরি করেন। রুপা নরম বলে তাতে সুনিপুণ কারুকাজ ফুটিয়ে তোলা যায়। রুপার তৈরি গয়নাগুলো সোনার দ্রবণে ডুুবিয়ে তৈরি হয় সোনার প্রলেপ দেওয়া গয়না।ঐতিহ্যের ছবিমাহিন খান বলেন, আমাদের মা-নানিরা সোনার গয়না পরতেন। তাঁদের কানে ফুটে থাকত হাঁসুলি, গোলাপ, পাশা, হাতে বালা। নতুন বধূরা পরত কোমরে বিছা আর পায়ে রিনিঝিনি মল। রিনঝিন শব্দে সারা বাড়ি হেঁটে বেড়ানো নতুন বউ নাকি বয়ে আনত শুভ বার্তা। আমাদের সংস্কৃতি এ রকমই। সেই ঐতিহ্যগুলো আবার ফিরে এসেছে সোনার প্রলেপ দেওয়া গয়নাগুলোর মধ্যে। এইসব গয়নায় স্থান পেয়েছে ঐতিহ্যবাহী দানা, শিলা, ফুলঝুড়ি, ফিলিগ্রি কাজ। আগে শুধু রুপার ওপর সোনার প্রলেপ দিয়ে গয়না তৈরি করা হতো। এখন তাতে নানারকম পাথর ও মুক্তার ব্যবহার করে বৈচিত্র্য আনা হয়েছে।মিলিয়ে পরুন পোশাকের সঙ্গেরঙের বৈচিত্র্যের জন্য গয়নাগুলো ফ্যাশনের সঙ্গে মিলে গেছে খুব তাড়াতাড়ি। পোশাকের সঙ্গে রং মিলিয়ে তাই আপনি পরতে পারেন অনায়াসে।তবে কোন ধরনের পোশাকের সঙ্গে কোন ধরনের গয়না নির্বাচন করবেন তা খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন মাহিন খান। পাশাপাশি উপলক্ষের বিষয়টা মাথায় রাখুন। জমকালো কোনো অনুষ্ঠানে অবশ্যই চাই জমকালো সাজ। শাড়ির সঙ্গে পরতে পারেন কানের ঝুলন্ত বড় দুল। এ ক্ষেত্রে গলায় কিছু না পরলেও ভালো লাগবে। শাড়িটা যদি একটু কম জমকালো হয় গলায় ভারী কিছু পরুন এবং কানে ছোট দুল পরুন। এক হাতে পরতে পারেন চূড় অথবা এক মুঠো চুড়ি। সালোয়ার-কামিজের সঙ্গে বেছে নিন লকেট সেট অথবা শুধু কানের দুল। এক হাতে পরতে পারেন মোটা বালা। গায়ে হলুদের কোনো অনুষ্ঠানে পরতে পারেন কোমরে বিছা আর পায়ে দুই গাছি মল। সবার মধ্যে আলাদাভাবে বেশ চমত্কার দেখাবে আপনাকে। পাশ্চাত্য পোশাকের সঙ্গে কানে টপ পরতে পারেন। একটা লম্বা সোনালি চেইনও পরতে পারেন গলায়। হাতে পরুন গোল্ড প্লেটেড ব্রেসলেট। ক্যাপ্রি পরলে এক পায়ে পায়েল পরে নিন, সুন্দর দেখাবে। আরও বৈচিত্র্য আনতে নাকটা সাজিয়ে তুলতে পারেন নাক ছাবিতেও। যত্নআত্তিসোনার প্রলেপ দেওয়া গয়নাগুলো যে আপনাকে সুন্দর করে সাজিয়ে তুলবে, সেগুলোও তো সুন্দর রাখা চাই। তাই নিয়মিত যত্ন নিন। কিছু বিষয় লক্ষ রাখুন।কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে সাজের পুরো বিষয়টি শেষ করে গয়নাটা পরুন। পারফিউম বা বডি স্প্রে লাগান গয়না পরার আগে। পোশাকের সুতো বা অন্য কোনো কিছুর খোঁচা যেন না লাগে, একটু সতর্ক থাকুন। পানি যাতে না লাগে সেদিকে খেয়াল রাখুন। বিশেষ করে লবণাক্ত পানি ও ক্লোরিন পানি থেকে গয়নাগুলো দূরে রাখুন। আগুনের উত্তাপ থেকে দূরে থাকুন। ব্যবহারের পর শুকনো তুলি দিয়ে ধুলাবালি আস্তে করে দূর করে নিন। টিস্যু বা একটা পাতলা ও কোমল কাপড়ে জড়িয়ে নির্দিষ্ট বাক্সে রাখুন। একসঙ্গে অনেক গয়না চাপাচাপি করে রাখবেন না, এতে পাথর বা মুক্তা খুলে যেতে পারে বা দাগ বসতে পারে।সবশেষে খেয়াল রাখুন বাক্সের ঢাকনাটা যেন ঠিকমতো লাগানো হয়। কারণ বাতাসে এ গয়নার ঔজ্জ্বল্য নষ্ট হতে পারে।কোথায় পাবেনঢাকার রাইফেলস স্কয়ার, বসুন্ধরা সিটি, মেট্রো শপিং মল, মৈত্রী শপিং কমপ্লেক্স, পিংক সিটি ইত্যাদি শপিং কমপ্লেক্সে তৈরি করা গয়না পাবেন। এ ছাড়া চলে আসতে পারেন চাঁদনি চকের নিচতলা ও দোতলায় বিশাল মার্কেটে। ফ্যাশন হাউস মায়াসীরেও পাওয়া যাবে এসব গয়না। বিয়ের কনের জন্য এখানে নানা রকম গয়না আছে। তৈরি গয়নার দরদামছোট কানপাশার দাম পড়বে ১৬০০-৩৫০০, ঝুমকা বা ঝুলন্ত দুলের দাম পড়বে ২০০০-৪০০০, লকেট সেট ২২০০-৫,৫০০, নেকলেস দুলসহ ৩৫০০-৮০০০ (মাঝারি), ৯০০০-১২০০০ (বড়), মুক্তার সেট ২০০০-৫০০০ চুড়ি ১২০০-১৬০০, বালা ২২০০-৩৫০০ টাকা। বাজু ১২০০-২০০০, টিকলি ও টায়রা ১০০০-৪০০০, খাড়ু ১৫০০-২০০০, চেইন ৫০০-১০০০, আংটি ৪০০-১০০০, পায়েল ৮০০-১৫০০, মল ২২০০-৪০০০ টাকা।বানিয়ে নিতে পারেন পছন্দমতোআপনি চাইলে আপনার পছন্দমতো বানিয়েও নিতে পারেন। রুপার ভরি এখন ৬৪৪ টাকা। এর সঙ্গে মজুরি যোগ হবে। কানের দুলের মজুরি পড়বে ২০০-৪০০। লকেট সেট ৩০০-৫০০, নেকলেস ৫০০-১৫০০, চুড়ি ১৫০-২০০, বালা ৩৫০-৫৫০, টিকলি ও টায়রা ৪০০-৮০০ টাকা। গয়না তৈরির জন্য পরিচিত ও ভালো মানের দোকান বেছে নিন। নতুবা সোনার দ্রবণের পরিবর্তে সোনার রং লাগিয়ে দিতে পারে। সবচেয়ে ভালো হয় রুপার ওপর ইলেকট্রোপ্লেটেড করানো। এতে খাঁটি সোনার প্রলেপ দেওয়া হয়। ফলে রং নষ্ট হয় না। আর এক বছর পরপর আপনার পরিচিত দোকান থেকে নতুন করে রং করিয়ে নিন। তাহলে আপনার গয়না ভালো থাকবে।