সোনায় ফুল তুলেও জীবন চলে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানে সোনার দুল, নাকে নোলক, সিঁথিতে টিকলি, আঙুলে অঙ্গুরীয় আর গলায় সোনার হার পরা বিয়ের কনেকে কী অপূর্বই না লাগে! শুধু বিয়ের কনেই বা কেন, জমকালো কোনো অনুষ্ঠানে সোনার গয়না ছাড়া কি পুরোপুরি ফুটিয়ে তোলা যায় নিজের সৌন্দর্য? সোনার গয়না যাঁরা পরেন এ ব্যাপারে তাঁদের সাফ কথা—মোটেই না। কিন্তু প্রতিনিয়ত যাঁরা নিজের শ্রমে-ঘামে গড়ে তুলছেন কারুকার্যখচিত সোনার গয়না, তাঁদের খবর কজনই বা রাখে! হাজারিগলিতে স্বর্ণের চেইন তৈরি করেন লিটন দে। অপরের জন্য গাঁথেন সোনার মালা। কিন্তু নিজের জন্য শুধুই হতাশার মালা গেঁথে চলেছেন। কেমন আছেন জানতে চাইলে লিটন বলেন, ‘বর্তমানে স্বর্ণের কারিগরদের চেয়ে ফুটপাতের মুচিদের জীবন অনেক ভালো। আমরা অন্যদের জীবন সাজাই। একতাল স্বর্ণ গয়নায় রূপ দিই। কিন্তু আমাদের জীবন পাল্টায় না।’জানা গেছে, বর্তমানে স্বর্ণের দাম বাড়ায় কমেছে বিক্রয়-আদেশ। ফলে আগের মতো কারিগরদের আর ব্যস্ততা নেই। এ কারণে তাঁদের আয়ও কমছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন এই পেশার লোকজন। স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় মানুষ আর আগের মতো গয়না তৈরি করছেন না। এখন বাধ্য হয়ে মানুষ শুধু বিয়ের সময় গয়না তৈরি করেন। ‘আজকাল শখ করে গয়না বানানো লোকজন প্রায় ছেড়েই দিয়েছে। স্বর্ণের দাম বাড়লেও স্বর্ণের কারিগরদের মজুরি সেভাবে বাড়েনি। এ অবস্থায় আমাদের বেঁচে থাকাটাই দায় হয়ে উঠেছে।’ কারিগর প্রতীক কর্মকার আক্ষেপ করেই কথাগুলো বললেন।প্রতীক আরও বললেন, ‘এক ভরি স্বর্ণের গয়না তৈরি করে মাত্র সাত থেকে ৮০০ টাকা মজুরি পান। একটি গয়না তৈরি করতে সময় লাগে পাঁচ-ছয় দিন। মেসে থাকা-খাওয়ার খরচ দিয়ে চলার মতো আর কোনো টাকাই অবশিষ্ট থাকে না। এখন বর্ষাকাল আসছে। বিয়েশাদি কমে যাবে। আমাদের কাজ তখন আরও কমবে।’সরেজমিনে হাজারিগলির মিতালি মার্কেটের একটি সরু গলিতে প্রবেশ করলে দেখা যায়, স্যাঁতসেঁতে ঘরে কাজ করছেন জনা দশেক স্বর্ণের কারিগর। ভাপসা গুমোট অন্ধকার ঘরে হ্যালোজেন বাতি জ্বালিয়ে এক মনে কেউ গয়না বানাচ্ছেন, কেউ গয়নায় ফুল তুলছেন, কেউ তাতে রং করছেন। কাজের ফাঁকে ঘরের এক কোনায় ঘুমিয়ে নিচ্ছেন কয়েকজন।কথা হলো কারিগর রাজু নন্দীর সঙ্গে। বললেন, ‘আমি অন্যের গয়নায় ফুল তুলি। কিন্তু আমার নিজের জীবনে ফুলের সৌরভ নেই। এখন কাজ অনেক কম। প্রায় সময়ই স্বর্ণের কাজ থাকে না, তখন তামার কাজ করি। এখন অবসর, তাই আপনার সঙ্গে কথা বলছি।’ পাশেই অ্যাসবেস্টস প্লেটে গ্যাসলাইট ও চিমটার সাহায্যে গভীর মনোযোগের সঙ্গে গয়না বানাচ্ছিলেন পরিতোষ চন্দ্র বণিক। কথা বলতে চাইতেই জানালেন, ‘এগুলো স্বর্ণের গয়না না, তামার। এই রকম টুকটাক কাজ করেই কোনোমতে দিন কাটাচ্ছি।’স্বর্ণকার রাজু বললেন, বেশি দিন একটানা কাজ করলে কোমর ব্যথা হয়। চোখেও সমস্যা দেখা দেয়। এ ছাড়া এসিডের ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়। জানা গেছে, নগরের হাজারিগলিতে প্রায় পাঁচ হাজার স্বর্ণকার গয়না তৈরি করেন। পুরো চট্টগ্রাম ছাড়াও কক্সবাজারসহ জেলার বিভিন্ন থানার জন্য গয়না তৈরি করেন তাঁরা।