সোনিয়া গান্ধীর শুদ্ধি অভিযান
দুর্নীতির অভিযোগে শেষ পর্যন্ত দুই শীর্ষস্থানীয় নেতাকে বরখাস্ত করতে বাধ্য হলো ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান দল কংগ্রেস। পদ খোয়ানো এ দুই নেতা হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অশোক চৌহান ও কংগ্রেসের সংসদীয় দলের সচিব সুরেশ কালমাদি। যথাক্রমে বিশাল এক আবাসন প্রকল্প ও দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে দুর্নীতির অভিযোগে তোপের মুখে ছিলেন এ দুজন। কংগ্রেস দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিরোধী দল এ নিয়ে লোকসভার চলতি শীতকালীন অধিবেশন উত্তপ্ত করে তোলার পরিকল্পনা করছে। চৌহান ও কালমাদির বিরুদ্ধে ব্যবস্থা তাঁদের সমালোচনার বাণ ঠেকাতে কিছুটা হলেও ঢাল হিসেবে কাজ করবে সরকারি দলের জন্য। দলের কথিত দুর্নীতিবাজ নেতাদের ব্যাপারে কোনো ব্যবস্থা না গৃহীত হওয়ায় কংগ্রেসের মধ্যেই ক্ষোভ ধূমায়িত হচ্ছিল। মহারাষ্ট্রের কংগ্রেসদলীয় মুখ্যমন্ত্রী অশোক চৌহানের বিরুদ্ধে অভিযোগ, কারগিল যুদ্ধে নিহতদের পরিবারের জন্য তৈরি করা অনেক ফ্ল্যাট নিজের আত্মীয়স্বজনকে বরাদ্দ দিয়েছেন তিনি। অনিয়মের মাধ্যমে ফ্ল্যাট পেয়েছেন রাজ্য সরকারের অনেক মন্ত্রী, সাবেক সেনা কর্মকর্তাসহ আরও অনেকে। আবাসন প্রকল্পের এই দুর্নীতি নিয়ে হইচই শুরু হলে অশোক চৌহানকে পদত্যাগ করতে বলা হয়। সেই অনুযায়ী সোনিয়া গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। কিন্তু মহারাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের জন্য অশোক চৌহানকে কাজ চালিয়ে যেতে বলা হয়। ওবামা ভারত ত্যাগ করা মাত্রই তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। গত মঙ্গলবার অশোক চৌহান রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পৌঁছে দিলে তিনি তা গ্রহণ করেন। অপরদিকে সম্প্রতি অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের আয়োজন নিয়ে দুর্নীতি ধরা পড়ায় দলের পদ হারালেন সুরেশ কালমাদি। তিনি ছিলেন গেমসের আয়োজক কমিটির চেয়ারম্যান। কংগ্রেসের সংসদীয় দলের সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। তদন্ত দলের কাছে নিজেকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হওয়ায় কালমাদির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির পদও হারাতে পারেন তিনি।লোকসভায় বিরোধী দলের সাংসদেরা দুর্নীতি তদন্তে অবিলম্বে সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন। এ নিয়ে দুই পক্ষের ব্যাপক হট্টগোলের কারণে সংসদের অধিবেশন একাধিকবার মুলতবি হয়ে গেছে। দলীয় নেতাদের দুর্নীতি বেশ বেকায়দাতেই ফেলেছে কংগ্রেসকে। গত ২ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) বৈঠকে দলনেত্রী সোনিয়া গান্ধী দুর্নীতির বিষয়টিতে দৃশ্যত গুরুত্ব না দেওয়ায় এ নিয়ে চলমান বিতর্কে ঘি পড়ে। দুর্নীতিবাজদের নিয়ে তিনি সরাসরি কোনো কথা না বলায় বিরোধী দল তো বটেই, দলীয় নেতাদেরও অনেকে ক্ষুব্ধ হন। কংগ্রেসের মুখপাত্র মনীষ তেওয়াড়ি অবশ্য দলের ক্ষুব্ধ নেতাদের একটি কৌশলী জবাব দিয়েছেন। সবাইকে এআইসিসি বৈঠকে সোনিয়া গান্ধীর ভাষণের শেষ অংশের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। এতে নেতা-কর্মীদের দলের মূলনীতিতে অনড় থাকার আহ্বান জানান কংগ্রেসপ্রধান। সোনিয়া তাঁদের ‘সংযত ও অনাড়ম্বর’ থাকার অনুরোধ জানান। তেওয়াড়ি বলেন, দুর্নীতিবাজদের ইঙ্গিত করেই সোনিয়া গান্ধী এসব কথা বলেন।কিন্তু মনীষ তেওয়াড়ির এ ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি কংগ্রেসের অনেক নেতা। তাঁরা কড়া ভাষায় সোনিয়া গান্ধীর ভাষণ রচয়িতাদের নিন্দা জানান। এদিকে দলের কেউ কেউ বলেন, দুর্নীতির বিষয়টি উল্লেখ করা হলে বৈঠকে অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো চাপা পড়ে যেত। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ভায়ালার রবি বলেন, দুর্নীতির বিষয়টি তুলে ধরা হলে সন্ত্রাসবাদের সঙ্গে উগ্র জাতীয়তাবাদী ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ’র (আরএসএস) সম্পর্ক থাকার বিষয়টি গণমাধ্যমে গুরুত্ব পেত না। দলীয় নেতাদের দুর্নীতির বিষয়টি সোনিয়া গান্ধী এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে প্রধান বিরোধী দল বিজেপি যে অভিযোগ করছে, তা মানতে মোটেই রাজি নন তেওয়াড়ি। শুধু তাই নয়, তিনি পুরোনো কাহিনি তুলে প্রতিপক্ষের বিরুদ্ধে উল্টো একহাত নেওয়ার চেষ্টা করছেন। তেওয়াড়ি বলেছেন, ‘বিরোধী দলের কাছ থেকে কংগ্রেসের শিক্ষা নেওয়ার কিছু নেই। কেননা তাঁদের (বিজেপি) সময়েই মন্ত্রীরা শহীদদের কফিন থেকে অর্থ কামিয়েছেন।’ কংগ্রেসের মুখপাত্র বিজেপিকে ‘বঙ্গারু লক্ষ্মণেরই উত্তরাধিকারী’ অভিহিত করে বলেন, কারগিল যুদ্ধের সময় বিজেপি নেতৃত্বাধীন এনডিএর (১৯৯৮-২০০৪) শাসনামলেই শহীদদের জন্য নিম্নমানের কফিন কেনা হয়েছে। এ ব্যাপারে বিজেপির তখনকার প্রধান বঙ্গারু লক্ষ্মণের অর্থ লেনদেনের বিষয়টিও ক্যামেরায় ধারণ করা আছে। তেওয়াড়ি বলেছেন, কমনওয়েলথ গেমস নিয়ে কথিত দুর্নীতি তদন্তে সোনিয়া গান্ধী অঙ্গীকারবদ্ধ। আদর্শ আবাসন প্রকল্পের দুর্নীতির বিষয়েও পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। প্রণব মুখার্জি ও এ কে অ্যান্টনিকে নিয়ে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আদর্শ আবাসন প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত আরও কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং, অন্ধ্র প্রদেশের সাবেক গভর্নর এন ডি তেওয়াড়ি ও সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী যোশী থারুর। কংগ্রেসের মুখপাত্র দাবি করেছেন, গণমাধ্যমে সোনিয়া গান্ধীর ২ নভেম্বরের ভাষণে ‘প্রকৃত গভীরতা’ প্রতিফলিত হয়নি। তাঁর ওই ভাষণে দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারির ইঙ্গিত ঠিকই ছিল। চৌহান-কালমাদির বিদায় মনীষ তেওয়াড়ির এ বক্তব্যে কিছুটা হলেও বিশ্বাসযোগ্যতা জোগাবে। তবে এ কি সত্যিই কংগ্রেসে আন্তরিক শুদ্ধি অভিযানের শুরু নাকি নিছকই গোটাকয় বলির পাঁঠা খোঁজা তা বুঝতে আরেকটু সময় লাগবে।