সোনিয়া: ভারতীয় রাজনীতির ভরসা
বৃহত্তম গণতন্ত্র হলেও ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশের কাদা ছোড়াছুড়ি আর প্রাসাদ-ষড়যন্ত্রের রাজনীতিতে নামার ইচ্ছা তাঁর ছিল না। বিদেশি তকমাটাও প্রায়ই খুব বড় করে তোলা হয়েছে। পরনের শাড়ি আর ঝরঝরে হিন্দি তা হয়তো মুছতে পারবে না কোনো দিনই। তার পরও সেই সোনিয়া গান্ধীই টানা চতুর্থবারের মতো ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দলটির সভাপতি হলেন। শুধু দলের জন্য নয়—আস্থাহীনতা, কোন্দল আর ক্ষমতার ইঁদুর-দৌড়ের পঙ্কিল রাজনীতিতে বীতশ্রদ্ধ অনেক ভারতীয়ের কাছে সোনিয়া বড় ভরসা।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেহরু-গান্ধী পরিবারের পঞ্চম সদস্য হিসেবে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন সোনিয়া। তাঁর আগে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু ও মতিলাল নেহরু এই দায়িত্ব পালন করেন। তবে তাঁদের কারও টানা চারবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব নেই। একসময়ের রাজনীতিবিমুখ সোনিয়া বিরোধীদের নানা বিরূপ প্রচারণা পায়ে মাড়িয়ে ভারতের রাজনীতিতে নিজেকে অনন্য এক অবস্থানে নিয়ে গেছেন। তাঁর নেতৃত্বে ২০০৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) জয়লাভ করে। সে সময় দলীয় নেতা-কর্মীদের অনুরোধ সত্ত্বেও প্রধানমন্ত্রী হতে রাজি হননি প্রয়াত রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী। তখন থেকে টানা দুই মেয়াদে ভারতের শাসনক্ষমতায় আছে ইউপিএ জোট। ওই জোটের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন সোনিয়া। ছেলে রাহুল গান্ধী হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। অনেকের চোখেই কংগ্রেসের ভবিষ্যৎ-আশা রাহুল।ইতালিতে জন্ম নেওয়া সোনিয়া তাঁর ব্যক্তিত্ব আর মেধা দিয়ে নিজেকে বিশ্বের অন্যতম ক্ষমতাধর নারী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তাঁর কুশলী নেতৃত্ব আর দারিদ্র্য দূর করার ইউপিএ জোট সরকারের সাফল্যই মূলত কংগ্রেসকে টানা দ্বিতীয়বার ক্ষমতায় নিয়ে আসে।নাম প্রকাশ না করার শর্তে কংগ্রেসের এক নেতা বলেন, ‘শুধু দলের জন্যই নয়, দেশের জন্য সোনিয়া গান্ধীর নেতৃত্ব জরুরি।’কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী বলেন, ‘আমরা সোনিয়া গান্ধীকে ৪০ বার দলের প্রধান বানাব। অন্যদের যতই গা জ্বালা করুক, এটা আমাদের দলের পছন্দের ব্যাপার।’ তিনি সোনিয়াকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর সঙ্গেও তুলনা করেন। নেহরু ১৭ বছর এবং ইন্দিরা ১৬ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।শ্রীলঙ্কার এলটিটিইর আত্মঘাতী হামলায় ১৯৯১ সালে রাজীব গান্ধী নিহত হলে দলীয় নেতা-কর্মীরা সোনিয়াকে রাজনীতিতে আসার অনুরোধ জানান। তখন সেই অনুরোধ উপেক্ষা করেন তিনি। ১৯৯৬ সালের লোকসভা নির্বাচনে হেরে যায় কংগ্রেস। একপর্যায়ে নারায়ণ দত্ত তেওয়ারি, অর্জুন সিং, মমতা ব্যানার্জি, পি চিদাম্বরম প্রমুখের মতো জ্যেষ্ঠ নেতা তৎকালীন দলীয় সভাপতি সীতারাম কেশরির সঙ্গে কোন্দলে জড়িয়ে পড়েন। অনেকেই দল থেকে বেরিয়ে যান। দলের এই নাজুক পরিস্থিতিতে দলীয় নেতা-কর্মীরা রাজনীতিতে যোগ দিতে আবারও সোনিয়াকে অনুরোধ করেন। সেবার আর অনুরোধ উপেক্ষা করতে পারেননি তিনি। ১৯৯৭ সালে সোনিয়া গান্ধী কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। এ সময় হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের কাছ থেকে কঠোর সমালোচনার মুখে পড়েন সোনিয়া। জোটের নেতারা তাঁকে বহিরাগত ‘বিদেশিনী’ আখ্যায়িত করে প্রচারণা শুরু করেন। দলে তাঁকে অগ্রহণযোগ্য করে তুলতে বিরোধীরা অনেক তৎপরতা চালায়। এর মধ্যেও অবিচল ছিলেন সোনিয়া।সবকিছু পেরিয়ে ১৯৯৮ সালে প্রথমবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সোনিয়া। ২০০৪ সালে লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের আমেথি আসন থেকে জয়লাভ করেন তিনি। সেটি ছিল রাজীব গান্ধীর নির্বাচনী এলাকা। ২০০৯ সালের নির্বাচনে সোনিয়া জয়ী হন উত্তর প্রদেশেরই রায়বেরেলি আসন থেকে।১৯৪৬ সালের ৯ ডিসেম্বর ইতালির তুরিন শহরে জন্ম সোনিয়ার। ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধীর সঙ্গে পরিচয় হয় তাঁর। ১৯৬৮ সালে রাজীবকে বিয়ে করে ভারতে আসেন তিনি। ১৯৮০ সালে নয়াদিল্লিতে বিমান দুর্ঘটনায় ভাই সঞ্জয় গান্ধী নিহত হলে রাজনীতিতে যোগ দেন রাজীব গান্ধী। ওই সময় পাইলটের পেশা ছেড়ে রাজীবের রাজনীতিতে যোগ দেওয়ার পক্ষে ছিলেন না সোনিয়া। ১৯৮৪ সালে শিখ দেহরক্ষীর গুলিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন। রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার পক্ষেও সায় ছিল না সোনিয়ার। বরাবরই রাজনীতিবিমুখ সোনিয়া স্বামী নিহত হওয়ার সাত বছর পর রাজনীতিতে আসেন। আসেন দলের চাপে পড়েই। আর ঘটনাপ্রবাহে তিনিই হয়ে উঠলেন ভারতের আধুনিক রাজনীতির প্রতীক। বংশানুক্রমিক রাজনীতি অব্যাহত রাখার জন্য বিরোধীদের সমালোচনার ধার কমেনি ঠিকই কিন্তু কংগ্রেস বা সোনিয়া নিজেও এ মুহূর্তে তা নিয়ে ভাবিত নন।