
অনেক সিনেমায় অভিনয় করেছেন, বেশ কিছুর কাজ চলছেও। তবে সিনেমা নয়, সোফিয়া ভারগারা এগিয়ে আছেন টিভিতে অভিনয় করে। বর্তমানে টিভিতে অভিনয় করে সবচেয়ে বেশি অর্থ আয় করা অভিনয়শিল্পী সোফিয়া ভারগারা। সম্প্রতি বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এ প্রকাশিত তালিকা য়তাঁর নাম দেখা গেছে সবার ওপরে।
সোফিয়া যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলের জনপ্রিয় কমেডি শো ‘মডার্ন ফ্যামিলি’র উপস্থাপক। বর্তমানে তাঁর আয়ের পরিমাণ তিন কোটি ডলার।
সোফিয়ার জন্ম ১৯৭১ সালে কলম্বিয়ায়। পুরো নাম সোফিয়া মারগারেটা ভারগারা ভারগারা। একাধারে তিনি অভিনেত্রী, কমেডিয়ান, টেলিভিশনের উপস্থাপক ও মডেল। সোফিয়ার মা গৃহিণী এবং বাবা একটি রেস্তোরাঁয় কাজ করেন। ১৯৯৫ সালে প্রথম টেলিভিশনে এবং ২০০২ সালে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। ‘মডার্ন ফ্যামিলি’ কমেডি শো করে দারুণ জনপ্রিয়তা পান তিনি।
ব্যক্তিগত জীবনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসেন সোফিয়া। কিছুদিন পরই বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এরপর শুধু নিজের পেশার দিকে নজর দেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার। এর মধ্যে রয়েছে সেরা টিভি অভিনেত্রী হিসেবে ইমাজিন অ্যাওয়ার্ড, গ্লামারাস অ্যাওয়ার্ড, এনএএসিপি ইমেজ অ্যাওয়ার্ড ইত্যাদি। তবে শুধু কমেডি শোতে অনবদ্য উপস্থাপনার জন্য একাধিকবার পেয়েছেন স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড। ২০০০ সালে ক্যানসারে আক্রান্ত হয়েও প্রাথমিক পর্যায়েই চিকিৎসার মাধ্যমে সেরে ওঠা সোফিয়া আরও সেরা সব কাজ করে যেতে চান।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: ফোর্বস, উইকিপিডিয়া, নিউইয়র্ক ডেইলি নিউজ