সোমাচন্দ্রপাড়া প্রা. বিদ্যালয় পাহাড়ধসের ঝুঁকিতে
রামগড় পৌরসভার তৈচালা এলাকার সোমাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাহাড়ধসের ঝুঁকিতে রয়েছে। প্রায় ৫০ ফুট উঁচু পাহাড়ের পাদদেশে অবস্থিত বিদ্যালয়টি বর্ষায় বিধ্বস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সরেজমিন পরিদর্শনে গেলে প্রধান শিক্ষক রতন কান্তি মজুমদার উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বর্ষায় পাহাড় ধসে বিদ্যালয় ভবনটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এখানে অত্যন্ত বিপজ্জনক পরিবেশে শ্রেণীকার্যক্রম চলছে।’জানা যায়, এক একর ৪০ শতাংশ জমির ওপর ১৯৬৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রধান শিক্ষকসহ চার শিক্ষক কর্মরত আছেন। শিক্ষার্থী আছে ১৫২ জন। গত বছর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় চারজন এখান থেকে বৃত্তি পেয়েছে। এক ছাত্রের অভিভাবক মো. ফজলু মিয়া, রবিউল হক, মো. ইব্রাহিম, মো. শাহিন ও আলী আজম এ প্রতিনিধিকে বলেন, বর্ষা মৌসুমে এসব এলাকায় কম-বেশি ধস নামে। প্রচুর ক্ষতি হয়। ২০০২ সালের ১৬ জুন পাহাড়ধসে পুরো বিদ্যালয় ভবনটি বিধ্বস্ত হয়েছিল। তবে ওই সময় প্রাণহানি ঘটেনি। পরে এর পাশেই বর্তমান বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়। সম্প্রতি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রতিরোধক-প্রাচীর ছাড়াই একটি খাড়া পাহাড়ঘেঁষে বিদ্যালয় ভবনটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যে পূর্ব দিকের শ্রেণীকক্ষের মেঝেতে এক-দেড় ফুট উঁচু মাটির আস্তরণ পড়েছে। সামান্য বৃষ্টিতেই শ্রেণীকক্ষ পানি ও কাদামাটিতে সয়লাব হয়ে যায়। আবার পেছনের অংশ দিয়েও ভবন চুইয়ে ভেতরে পানি ঢুকছে। এতে ভবনের পূর্ব ও উত্তর দিকের প্রাচীর বরাবর প্রায় তিন ফুট মাটি জমেছে। অতিবৃষ্টিতে ধস নেমে পুরো বিদ্যালয় ভবনই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। বিদ্যালয় মাঠের বিভিন্ন অংশ দেবে গেছে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আবদুর রহিম, মো. হাসান, জান্নাতুল ফেরদৌস, শিউলি আকতার, নাজমুল হাসান, আসমা আকতার জানায়, বৃষ্টি নামলে শ্রেণীকক্ষে পানি ঢুকে একাকার হয়ে যায়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রামগড় কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোস্তফা আজিজুর ফারুক বলেন, প্রায় ৫০ ফুট উঁচু খাড়া পাহাড়ের গাঘেঁষে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় বিদ্যালয় ভবনটি ঝুঁকির মধ্যে রয়েছে। প্রাকৃতিক কারণে পাহাড়ধস হলে আরসিসি স্তম্ভের ধারক প্রাচীরেও এটি রক্ষা করা সম্ভব হবে না। পাহাড়টি খাড়া হওয়ায় আপাতত কাদাপানি নিষ্কাশনের জন্য ক্রস নালা কিংবা এল নালা করা যেতে পারে। উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন পাটোয়ারী ও সহকারী শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে।’ তাঁরা আরও বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কাওছারকে লিখিতভাবে জানানো হয়েছে।