সোমালিয়া: নতুন নেতার কাছে প্রত্যাশা
আন্তর্জাতিকভাবে অপরিচিত তো বটেই, দেশের রাজনীতিতেও নতুন মুখ হাসান শেখ মোহাম্মদ। পেশায় ছিলেন শিক্ষাবিদ। এহেন একজন মানুষ হলেন সোমালিয়ার মতো প্রায় ‘শাসন অযোগ্য’ দেশের প্রেসিডেন্ট। সংগত কারণেই অনেকেই বিস্মিত। তেমনি অনেকে আবার খুশিও। মনে করা হচ্ছে, সংঘাতপীড়িত সোমালিয়ায় হাসান শেখ মোহাম্মদ আসছেন ‘তাজা হাওয়া’ হিসেবে। ১০ সেপ্টেম্বর সোমালিয়ার পার্লামেন্ট হাসান শেখ মোহাম্মদকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করেছে।অনেকের ধারণা, সহিংসতাকবলিত সোমালিয়ার পুনর্গঠন ও পরিচালনা করতে গিয়ে যেসব চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা মোকাবিলা করা কঠিন হবে নতুন প্রেসিডেন্টের জন্য। বিশেষ করে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল-শাবাব জঙ্গিগোষ্ঠীকে মোকাবিলা করা তাঁর মতো রাজনীতিতে অনভিজ্ঞ মানুষের জন্য মোটেই সহজ হবে না। এ ছাড়া নির্বাচনে যাঁরা প্রতিদ্বন্দ্বী ছিলেন, সেসব প্রভাবশালী রাজনীতিককে মোকাবিলা করাও হবে কঠিন কাজ। এঁদের মধ্যে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট শেখ শরিফ শেখ আহমেদ ও সাবেক স্পিকার শরিফ হাসান শেখ।সারা জীবন শিক্ষার প্রসারে কাজ করেছেন হাসান শেখ মোহাম্মদ। রাজনীতির ঘোরপ্যাঁচ খুব একটা বোঝেন না। মাত্র গত বছরই তিনি তাঁর রাজনৈতিক দল ‘পিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ প্রতিষ্ঠা করেন। তবে এরই মধ্যে সোমালি কেতার সহিংসতার আঁচ অনুভব করেছেন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার দুই দিন পরই রাজধানী মোগাদিসুতে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর দুই সদস্য আত্মঘাতী বোমা হামলা চালায়। খোদ প্রেসিডেন্ট যে হোটেলে অবস্থান করছিলেন, সেই হোটেলের ফটকেই এ হামলা হয়। তবে প্রেসিডেন্টের কোনো ক্ষতি হয়নি। আটজন নিহত হয় ওই ঘটনায়। রাজনীতিতে অনভিজ্ঞ হলেও হাসান শেখ মোহাম্মদ এরই মধ্যে জনগণের বেশ ভালো সমর্থন পেয়েছেন। অনেকেই মনে করছেন, নতুন মুখ মোহাম্মদই পারবেন সহিংসতা ও দুর্নীতি দূর করে দেশকে সঠিক পথে পরিচালনা করতে। সফল হবেন শান্তি প্রতিষ্ঠা করতেও। এ আস্থার পেছনের বড় কারণ হয়তো শিক্ষাবিদ ও সুশীল সমাজের একজন কেউকেটা হিসেবে তাঁর পরিচয়। মোগাদিসুতে অবস্থিত সোমালি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপমেন্টের (এসআইএমএডি) সহ-প্রতিষ্ঠাতা তিনি। পরে এটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলে শেখ মোহাম্মদ ২০১০ সাল পর্যন্ত এর ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেওয়া ভাষণে হাসান শেখ মোহাম্মদ দেশের পুনর্গঠনে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। প্রেসিডেন্ট বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দেশের অর্থনীতির পুনর্গঠনকে অগ্রাধিকার দেবেন তিনি। তবে শেখ মোহাম্মদ এমন একটা সময়ে ক্ষমতায় এসেছেন যখন সোমালিয়ার পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো। বিশেষ করে রাজধানী মোগাদিসুর পরিস্থিতি গত বছরের তুলনায় অনেক শান্ত। গত বছর সোমালিয়ার সরকারি বাহিনী আফ্রিকান ইউনিয়নের সেনাদের সহায়তায় মোগাদিসু থেকে আল-শাবাব জঙ্গিদের তাড়াতে গেলে ব্যাপক সংঘাত হয়।গত পাঁচ বছর ধরে বিশ্বের ব্যর্থ রাষ্ট্রগুলোর তালিকার শীর্ষে আছে সোমালিয়ার নাম। দেশটি এখন নানা ভাগে বিভক্ত। এর কিছু অংশ নিয়ন্ত্রণ করছে আফ্রিকান ইউনিয়নের সেনারা। কিছু কিছু অংশের নিয়ন্ত্রণ কয়েকটি মিলিশিয়া গোষ্ঠী, আঞ্চলিক প্রশাসন, জলদস্যুদের কয়েকটি দল ও কয়েকটি ধর্মীয় গোষ্ঠীর হাতে। আল-শাবাব এখনো সোমালিয়ার দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল দখলে রেখেছে। জঙ্গিগোষ্ঠীটি ১৯৯১ সালে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দখল করে স্বাধীনতা ঘোষণা করেছিল।কয়েকটি বিদেশি শক্তির খবরদারিও রয়েছে সোমালিয়ায়। খরা, দুর্ভিক্ষ, জলদস্যুতা, সহিংসতা, দুর্নীতি, ইসলামি চরমপন্থাসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ২০ বছরেরও বেশি সময় ধরে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, পারস্য উপসাগরীয় দেশগুলোসহ অনেকে কাজ করছে। তারা অর্থ, সময় ও জনশক্তি বিনিয়োগ করেছে এখানে। বাইরের অনেক শক্তিই সোমালিয়ার রাজনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণ করার চেষ্টা করে আসছে। মোহাম্মদও হয়তো এসব দেশ থেকে নানা নির্দেশনা পাবেন তাঁর করণীয় নিয়ে। এতে তাঁর পক্ষে স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যাবে। সত্যিই শেষ পর্যন্ত মোহাম্মদ কীভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেন, এখন তা-ই দেখার অপেক্ষা। রোকেয়া রহমানসূত্র: বিবিসি