সোমালিয়ার দুর্ধর্ষ জলদস্যুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনোভাবেই যেন ঠেকানো যাচ্ছে না সোমালি জলদস্যুদের। ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে তারা। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকেও তারা বিশেষ পরোয়া করে না, তার প্রমাণ মার্কিন জাহাজ আটক এবং অতিসম্প্রতি নৌবিহাররত কয়েকজন মার্কিন পর্যটককে জিম্মি ও হত্যার ঘটনা।আফ্রিকার চরম অরাজক দেশটির এই দুর্বৃত্তদের শায়েস্তা করতে কয়েকটি দেশ কমান্ডো বাহিনী পর্যন্ত মাঠে নামিয়েছে। ভারত মহাসাগরে দস্যুতা তুলনামূলকভাবে বেশি সহিংস। গত জানুয়ারিতে আরব সাগরে দক্ষিণ কোরিয়ার কমান্ডোরা জলদস্যুদের ছিনতাই করা একটি জাহাজে ঝটিকা আক্রমণ চালায়। দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে গুলিবিনিময় চলে। কমান্ডোদের গুলিতে আট দস্যু নিহত হয়। দক্ষিণ কোরিয়ার কমান্ডোদের এই সাফল্যে সোমালি দস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর (নাভফোর) ওপর চাপ বাড়ছে। নাভফোর ওই অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তবে নাভফোর মুখপাত্র উইং কমান্ডার প্যাডি ও কেনেডি বলেন, ‘জাহাজে ঝটিকা আক্রমণ চালানো হলে জিম্মি ও নাবিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। আমাদের নীতি হলো, প্রথমত জিম্মিদের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করা।’কিন্তু সার্বিকভাবে সোমালি জলদস্যুদের দমনে আদৌ কোনো অগ্রগতি হচ্ছে কি? পরিসংখ্যান দেখে কিন্তু আশাবাদী হওয়া যায় না। নাভফোর মুখপাত্র ও কেনেডি বলেন, ‘আমরা জিম্মিদের উদ্ধারে ছিনতাই হওয়া জাহাজের কাছে গেলে দস্যুরা জিম্মিদের মাথায় বন্দুক ধরে। তখন আমরা অভিযান বন্ধ রেখে ফিরে আসতে বাধ্য হই। স্বীকার করছি, আমরা দস্যুতা বন্ধ করতে ব্যর্থ হচ্ছি।’সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায়, ছিনতাই হওয়া অন্তত ৩০টি জাহাজ এখনো দস্যুদের দখলে রয়েছে। জিম্মি হয়ে আছেন সাত শরও বেশি মানুষ। গভীর সমুদ্রে থাকা জাহাজে রাখা হয় জিম্মিদের। দস্যুদের মূল আশ্রয় (মাদার শিপ) হিসেবে ব্যবহূত আটটি জাহাজও সেখানেই থাকে।লন্ডনভিত্তিক সমুদ্র নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ইডারাটের অ্যান্ড্রু পালমার বলেন, দস্যুতায় জড়িত প্রত্যেক ব্যক্তি বিশেষ বিশেষ ক্ষেত্রে পারদর্শী হয়। এদের কেউ নৌ চালনায় প্রশিক্ষিত, কেউ যন্ত্রপাতির বিষয়ে বিশেষজ্ঞ, কেউ বা অস্ত্র চালনায় পারদর্শী।জলদস্যুদের দৌরাত্ম্য জাহাজ চলাচল ও নৌবাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, যার মাত্রা ক্রমেই বাড়তে পারে। এর মধ্যেই কোনো কোনো ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ রুটে চলাচলকারী জাহাজের বিমা বেড়ে গেছে। সিফেয়ারারস ইউনিয়ন নটিলাসের মাইক ডিকিনসন ক্ষোভের সঙ্গে বলেন, ‘খুব শিগগির হয়তো এমন সময় আসবে, যখন আমাদের ওই বিশেষ এলাকায় জাহাজ চালানো থেকে বিরত থাকার আহ্বান জানাতে হবে জাহাজিদের। কিন্তু এর পরিণাম কী হবে? বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। বিভিন্ন স্থানে তেলের ঘাটতি দেখা দেবে। জাহাজশিল্পে সৃষ্টি হবে নাজুক পরিস্থিতি।  ইন্টারনেট অবলম্বনে মাহফুজার রহমান