সোমালিয়ার সামনে আরও খারাপ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জঙ্গিগোষ্ঠীগুলোর তৎপরতা সংঘাতে জর্জরিত সোমালিয়াকে আরও খারাপ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এই গোষ্ঠীগুলোর মধ্যে আল-শাবাব সম্প্রতি বেশ সক্রিয় হয়ে উঠেছে। উগান্ডার রাজধানী কাম্পালায় ১১ জুলাইয়ের সন্ত্রাসবাদী হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব।উগান্ডাকে লক্ষ্যবস্তু করার কারণ, আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর অধীনে সোমালিয়ায় উগান্ডারও সেনা নিয়োজিত রয়েছে। বিষয়টি মেনে নিতে পারছে না আল-শাবাব।কিন্তু আল-শাবাবের পছন্দ-অপছন্দের বিশেষ পরোয়া যে তারা করছে না তার প্রমাণ দিতে সোমালিয়ায় উল্টো আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন উগান্ডার প্রেসিডেন্ট ইউরি মুসেভেনি।পূর্ব আফ্রিকার ছয়-জাতি উন্নয়ন জোট আইজিএডি সম্প্রতি সোমালিয়ায় মোতায়েন আফ্রিকান ইউনিয়ন মিশনে বাড়তি দুই হাজার শান্তিরক্ষী পাঠাতে অঙ্গীকার করে।মুসেভেনি দাবি করেছেন, আল-শাবাবের বিরুদ্ধে অভিযান চালানোর অনুমতি দিতে হবে তাঁদের সেনাদের।‘আল-শাবাব’ কথাটার অর্থ হলো ‘তরুণ’। গত ২০ বছরে সোমালিয়ায় অনেক ইসলামি জঙ্গিগোষ্ঠীর জন্ম হয়েছে। এমনই একটি গোষ্ঠী আল-শাবাব। সংগঠনটির দাবি, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে। আল-শাবাব সোমালিয়ায় শরিয়া আইন চালু করতে চায়। নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় শরিয়া আইন কার্যকরও করেছে তারা। এই মুহূর্তে তারা সোমালিয়ার দক্ষিণ ও মধ্যাঞ্চলের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে। সম্প্রতি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর অভিযানে সোমালিয়ায় ২০ জন নিহত ও ৫০ জন আহত হয়। হতাহত ব্যক্তিরা বেসামরিক নাগরিক। এই অভিযানের পর আল-শাবাবের কমান্ডার আলী মোহাম্মদ হুসেন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এর প্রতিশোধ নিতে উগান্ডা ও বুরুন্ডিতে হামলা চালানো হবে। তারা আমাদের কাঁদিয়েছে। ’শান্তিরক্ষী বাহিনীর পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, বেসামরিক জনগণের হতাহতের ঘটনায় জঙ্গিরাই দায়ী। সোমালিয়ায় ২০ বছর ধরে কার্যকর কোনো জাতীয় সরকার নেই। এই পুরো সময় ধরে সেখানে যুদ্ধাবস্থা চলছে। এই সুযোগে আল-কায়েদা সোমালিয়াভিত্তিক বিভিন্ন ইসলামি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ তৈরি করতে সক্ষম হয়েছে। বিভিন্ন সময় জাতিসংঘ ও মার্কিন বাহিনী মোতায়েন ছিল সোমালিয়ায়। যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার দেশটিতে জঙ্গি নির্মূলে বিমান হামলাও চালিয়েছে। বিভিন্ন সূত্রের প্রতিবেদন থেকে জানা যায়, সোমালিয়ায় জঙ্গিদের প্রশিক্ষণ শিবির রয়েছে। বিভিন্ন দেশ থেকে কথিত ‘জিহাদের’ জন্য জঙ্গিরা সোমালিয়ায় প্রবেশ করে। যুক্তরাষ্ট্রও কৌশলগত কারণে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনা তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মকর্তাদের কাম্পালায় পাঠানো হয়েছিল। সব মিলিয়ে জঙ্গিবাদ, গোষ্ঠীদ্বন্দ্ব আর ক্ষুধা ও দারিদ্র্র্যে জর্জরিত আফ্রিকার এই দেশটি হয়তো আরও কঠিন পরিস্থিতির দিকেই যাচ্ছে।