সোয়া তিন লাখ ভোটার দেড় বছরেও পরিচয়পত্র পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দেড় বছর পরও জাতীয় পরিচয়পত্র পাননি চট্টগ্রামের সোয়া তিন লাখ নতুন ভোটার। পরিচয়পত্রের জন্য থানা নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে কেবল আশ্বাসই পাচ্ছেন ভোটাররা।
এদিকে অনেক নাগরিকের অভিযোগ, সামাজিক সুরক্ষা ও নানা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সেবা পাওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা না হলেও কিছু কিছু ক্ষেত্রে তাঁরা হয়রানির শিকার হচ্ছেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে ভোটার তালিকা হালনাগাদের পর চট্টগ্রামে ভোটার বেড়েছে তিন লাখ ২৫ হাজার। বর্তমানে চট্টগ্রাম নগর ও জেলার ভোটার সংখ্যা ৫০ লাখ ২২ হাজার ৬৫২ জন। সারা দেশে নতুন ভোটারের সংখ্যা ৭০ লাখের বেশি। এই ভোটাররা দেড় বছরেও তাঁদের পরিচয়পত্র পাননি। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটি এতদিন আটকে ছিল। তবে সম্প্রতি পরিচয়পত্র ছাপার কাজ শুরু হয়েছে। তাও নির্বাচনের আগে নতুন ভোটাররা পরিচয়পত্র পাবেন কি না সংশয় রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচয়পত্র বিভাগের পরিচালক (অপারেশন) মো. মহসিন আলী বলেন, ‘আমরা এতদিন পরিচয়পত্র দিতে পারিনি। আশা করি আগামী কয়েক মাসের মধ্যে এটা দেওয়া শুরু করতে পারব। এখন ছাপা প্রক্রিয়াধীন রয়েছে।’
সরেজমিনে থানা নির্বাচন কমিশন কার্যালয়গুলোতে গিয়ে দেখা গেছে পরিচয়পত্রের খোঁজে আসা ভোটারদের ভিড়। কোতোয়ালি থানা নির্বাচন কমিশন কার্যালয়ে আসা অর্ণব মজুমদার জানান, পরিচয়পত্রের জন্য তিনি পাসপোর্ট করাতে পারছেন না। ২০১২ সালের প্রথম দিকে তিনি ফরম পূরণ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন।
ভুক্তভোগীদের অভিযোগ, জাতীয় পরিচয়পত্র না থাকলে কিছু কিছু দপ্তরে হয়রানি করা হয়। এ ছাড়া ভারতসহ কয়েকটি দেশে ভিসার ক্ষেত্রেও জাতীয় পরিচয়পত্র দেখাতে হয়।
তবে নির্বাচন কমিশন কর্মকর্তারা বলছেন পরিচয়পত্র বাধ্যতামূলক নয়। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপযুক্ত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্র প্রদর্শন কিংবা অনুলিপি দাখিল করার জন্য কোনো নাগরিককে বাধ্য করা যাবে না। এবং জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে কোনো নাগরিককে নাগরিক সুবিধা বা সেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
কোতোয়ালি থানা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ‘আমাদের এখানে লোকজন প্রতিদিনই পরিচয়পত্রের খোঁজ নিতে আসে। আমরা তাদের কয়েক মাস পর আসতে বলি। কিন্তু কবে নাগাদ পরিচয়পত্র পাওয়া যাবে সেটা আমরা এখনো জানি না।’
জরুরি প্রয়োজনে যে কেউ ঢাকা নির্বাচন কমিশন কার্যালয় থেকে পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন বলে এই কর্মকর্তা জানান। তবে তাতে ঝামেলা কম নয়।