সোহাগ গাজী ২২ গজের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে লাজুক হাসি, সতীর্থদের তালিতে একটু যেন বিব্রতও। টিভি ক্যামেরা বাড়িয়ে দিল অস্বস্তি। সাকলায়েন মুশতাকের মতো এক কিংবদন্তির কাছ থেকে টেস্ট ক্যাপ পেয়ে আবার চওড়া হলো হাসি। নার্ভাস হয়েই কিনা, ক্যাপটা ঠিকমতো পরতে পারছিলেন না। সাকলায়েন আবার তা মাথায় ঠিকঠাকমতো বসিয়ে জড়িয়ে ধরলেন তাঁকে। সতীর্থদের পিঠ চাপড়ানোর জবাব দিচ্ছিলেন ফ্যাকাশে হাসিতে। টুকরা টুকরা ছবিগুলো সোহাগ গাজীর অভিষেকের মুহূর্তের। এই তো, গত ১৩ নভেম্বর।হাসিটা এখনো অটুট। তবে তাতে আর নেই অস্বস্তি, বরং মিশে থাকে প্রচণ্ড আত্মবিশ্বাস। সোহাগ গাজীর বিচরণ এখন বাস্তবে। সেই বাস্তবতা ছিল বড্ড কঠিন। দলে ঢুকেই বইতে হয়েছে স্পিন আক্রমণের সেনাপতির ভার। আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স মোটে ছয় মাস, এখনই সোহাগকে ছাড়া ভাবা যায় না বাংলাদেশ দল। অধিনায়কের তিনি সবচেয়ে বড় ভরসা। একজন অফস্পিনারের জন্য বাংলাদেশের ক্রিকেটে হাহাকার ছিল দীর্ঘদিন। সোহাগকে পেয়ে ঘুচেছে সেই আক্ষেপ। দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া অফস্পিনার এসেই হইচই ফেলে দিয়েছেন। এরই মধ্যে সঙ্গী একগাদা রেকর্ড। টেস্ট অভিষেকে ৬ উইকেট পেয়েছেন ইনিংসে, দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট—দুটোই বাংলাদেশের রেকর্ড। ওয়ানডে অভিষেকে বাংলাদেশের রেকর্ড গড়েছেন দ্বিতীয় বলেই উইকেট পেয়ে, এখানেও গড়েছেন অভিষেকে বাংলাদেশের সেরা বোলিংয়ের কীর্তি। তবে আন্তর্জাতিক আঙিনায় সবচেয়ে বেশি আলোড়ন তুলেছেন ‘গেইলের যম’ হিসেবে। সময়ের ভয়ংকরতম ব্যাটসম্যানকে বানিয়ে ফেলেছেন প্রিয় শিকার। উন্মত্ত দানবকে বারবার করেছেন বোতলবন্দী। বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটরসে খেলতে এসে প্রবল পরাক্রমশালী ক্রিস গেইল তাই অধিনায়ক মাশরাফিকে জিজ্ঞেস করেন, ‘প্রতিপক্ষ দলে গাজী আছে নাকি!’গেইলের সঙ্গে সোহাগের দ্বৈরথের শুরুটাও স্থায়ী জায়গা পেয়ে গেছে ক্রিকেটের রোমাঞ্চকর লড়াইগুলোর আখ্যানে। অভিষিক্ত এক আনকোরা তরুণকে গেইল-দৈত্যের সামনে প্রথম ওভারেই বোলিংয়ে আনলেন অধিনায়ক মুশফিকুর রহিম। নির্দয় ব্যাট তাঁকে স্বাগত জানাল ছক্কায়, টেস্ট ক্রিকেটের ১৩৫ বছরের ইতিহাসে ম্যাচের প্রথম বলে ছয় সেটাই প্রথম এবং এখনো একমাত্র। আরেকটি ছক্কাসহ প্রথম ওভারেই ১৮। এই আঘাতে দুমড়েমুচড়ে যেতে পারতেন তরুণ স্পিনার। কিন্তু হলো উল্টো। দৈত্য বধ করেই শিকারের খাতা খুললেন সোহাগ। সেই শুরু, পরে সোহাগই হয়ে উঠলেন গেইলের জন্য আতঙ্কের আরেক নাম!সোহাগের সবচেয়ে বড় শক্তি তাঁর মানসিক জোর, প্রচণ্ড জেদ আর হার না মানার মানসিকতা। বয়সভিত্তিক দলগুলোতে প্রতিভার আলো ছড়ানো তরুণেরাই দ্রুত চলে আসে জাতীয় দলে। কিন্তু সোহাগকে আসতে হয়েছে কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে, ঘরোয়া ক্রিকেটের সব ধাপ দক্ষতার সঙ্গে পেরিয়ে। বাড়ি পটুয়াখালীতে, তবে বাবার চাকরির সুবাদে সোহাগের জন্ম ও বেড়ে ওঠা খুলনায়। শৈশবে ক্রিকেট শুরুর সময় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বাবা-মা। অনূর্ধ্ব-১৩ জাতীয় পর্যায়ে ডাক পাওয়ার পর সেই পরিবারই হয়ে গেল সবচেয়ে বড় অনুপ্রেরণা। তবে অনূর্ধ্ব-১৪, ১৬, ১৮, ১৯—পাঁচ বছর ধরে বিভিন্ন বয়সভিত্তিক দলে শুধু স্ট্যান্ডবাই হয়েই থেকেছেন। একপর্যায়ে ভেবেছিলেন ক্রিকেটই ছেড়ে দেবেন।কিন্তু ওই যে জেদ! পণ করলেন, এর শেষ দেখে ছাড়বেন। ধারাবাহিক পারফরম্যান্স সুযোগ করে দিল বাংলাদেশ ‘এ’ দলে। সেখানেও আছে মজার এক কাহিনি। ফিটনেস তাঁর মোটেও ভালো ছিল না। ‘এ’ দলের ট্রায়ালে ফিটনেস টেস্টে ২৪ জনের মধ্যে ছিলেন ২৩ নম্বরে! একজন অফস্পিনারের জন্য তৃষ্ণার্ত নির্বাচকেরা তবু দলে নিলেন তাঁকে। আস্থার জবাব দিলেন সোহাগ একাডেমি দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ও ‘এ’ দলের হয়ে ভারত সফরে। এরপর গত জাতীয় লিগে গড়লেন অনন্য এক কীর্তি। একই ম্যাচে করলেন হ্যাটট্রিক ও সেঞ্চুরি, প্রথম শ্রেণীর ক্রিকেটের আড়াই শ বছরের ইতিহাসে যে কীর্তি তার আগে ছিল মাত্র ১২ জনের! এর পরই খুলে গেল স্বপ্নের দরজা, জাতীয় দল! ‘বয়সভিত্তিক পর্যায়ে বারবার বাদ পড়ায় জেদ চাপত। সাকিব ভাই, তামিম ভাইরা তো আমার মতোই মানুষ। ওরা পারলে আমি কেন পারব না।’শুধু পারফরম্যান্সের কারণেই নয়, আপাদমস্তক এক ‘টিমম্যান’ তিনি। টেস্টে টানা বোলিং করে যান ক্লান্তিহীন, ওয়ানডেতে হাতে নেন নতুন বল, বোলিং করেন ব্যাটিং পাওয়ার প্লে ও স্লগ ওভারে। কোনো অভিযোগ নেই, কখনো ‘না’ নেই। যখন মাঠে নামেন, টগবগ করে ফুটতে থাকেন। তাঁর নিজের ভাষায়, ‘বাংলাদেশের জার্সিটা গায়ে চাপালেই মনে হয় সত্যিকারের টাইগার হয়ে গেছি।’সবচেয়ে আশার কথা, শুরুর সাফল্যে তাঁর মাথা ঘুরে যায়নি। ক্যারিয়ারের এমন উড়ন্ত সূচনায় অনেকেই ‘উড়ে’ যান। সোহাগের পা মাটিতেই।